বিড়াল তপস্বী
প্যালেস্টাইন,( দ.প. এশিয়া)
চিন্ময় দাশ
এক শহরে একটা হুলো বিড়াল থাকত। অনেক দিন ধরেই আছে সে। খেতে খেতে শহরের প্রায় সব ইঁদুর সাবাড় করে ফেলেছে। শিকার এখন আর তেমন চোখেই পড়ে না।
কিন্তু পেট বড় বালাই। কিছু না কিছু তো দিতেই হয়। অগিত্যা শিকারের জন্য বাইরে বেরোতে হয় তাকে। বাধ্য হয়ে তাকে মাঠে গিয়ে পাখি, ইঁদুর, টিকটিকি-- এসব শিকার করতে হলো।
এতে পেট ভরে বটে, তবে অনেক ঝক্কি। সব দিন শিকার জুটবে তারও কোন ঠিক নাই। বিড়াল তখন একটা ফন্দি আঁটল।
সে কয়েক সপ্তাহ তার পুরোনো ডেরা থেকে দূরে রইল। মনে ভাবনা, ইঁদুররা নিশ্চয় ভাববে, হয় বিড়ালটা মরে গেছে। নত অন্য কোথাও চলে গেছে।
এইভাবে বেশ কিছুদিন বাইরে কাটান হয়ে গেল। এবার একদিন নিজের পুরাণো ডেরায় ফির এল বিড়াল। গলায় একটা মালা ঝোলান। খুঁজে খুঁজে এক ইঁদুরের গর্তের সামনে গিয়ে শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করে, জোরে জোরে ঘরঘর করতে লাগল।
বেশি ক্ষণ অপেক্ষা করতে হোল না। একটু বাদেই একটা ইঁদুর ভেতর থেকে বেরোতে গিয়ে, বেদম অবাক। সামনেই সাক্ষাৎ যম। সুড়ুৎ করে আবার ভেতরে সেঁধিয়ে গেল ইঁদুরটা।
বিড়াল তো পিটপিটিয়ে সবই দেখছে। গলা নরম করে বলল, "আরে, পালাচ্ছ কেন? কত দিনের পুরোনো প্রতিবেশী আমি। হজ করতে গিএছিলাম। হজ করে এই তো আজই ফিরেছি। দেখে তো তোমার খুশি হওয়ার কথা। তা না হয়ে, আমাকে দেখেই পালাচ্ছ? আরে, এসো এসো। আমার কাছে এসো। ভয় নেই।"
ইঁদুর তো শুনে অবাক। গুটি গুটি পায়ে আবার গর্তের মুখে এসে, বলল, "আমি তোমার কাছে কী করে যাব? তুমি তো আমাদের জাত শত্রু। তোমার ডাকে গেলে, রেহাই আছে আমার? আমার বাবা-মাকে যেমন খেয়েছ, আমাকেও তেমনি খেয়ে ফেলবে।"
লম্বা করে একটা দীর্ঘশ্বাস ফেলে, বিড়াল বলল, "হায়, আমার কপালটাই এমন! তুমি ঠিকই বলেছ। আমি অনেক পাপ করেছি। কিন্তু বিশ্বাস কর, এখন আমি সত্যিই অনুতপ্ত। দেখো, আমার গলায় মালা। আমি এখন সারাদিন প্রার্থনা করি। ধর্মগ্রন্থ পাঠ করি, সব মুখস্থ করে ফেলেছি।“
এসব শুনে, ইঁদুর একটু ভড়কে গিয়েছে। চুপ করে আছে। কী করবে বুঝে উঠতে পারছে না। বিড়াল ভাবল, কাজ হচ্ছে। সে আবার বলল, “তুমি যখন উঁকি দিলে, আমি তখনই পাঠ শুরু করেছিলাম। তাই কিছু বলতে পারিনি। তাছাড়া, আমি পবিত্র তীর্থস্থান ঘুরে এসেছি। এখন আমি হাজী এবং হাফেজ।
ইঁদুর আরও অবাক। বিড়াল বল, “যাও বন্ধু,\। তোমার পাড়ার বাকি সবাইর কাছে যাও। আমার এই পরিবর্তনের কথা জানাও সবাইকে। ডেকে ডেকে বলো, আমি এখন সন্ন্যাসী হয়ে গেছি। রাগ, হিংসাসব আমি আল্লার পায়ে ঢেলে দিয়ে এসেছি। কিছুই আর নাই আমার মধ্যে। আমাকে আর ভয় পাওয়ার কিছু নাই তোমাদের। এড়িয়ে চলারও দরকার নেই আর। এখন তুমি যাও। আমি আমার পাঠ চালিয়ে যাই। ঘরর... ঘরর... ঘরর..."
এই সব শুনে, তালগোল পাকিয়ে যাচ্ছে ইঁদুরের মাথায়। পাড়ায় গিয়ে বাকিদের জানাল। প্রথমে কেউ বিশ্বাস করল না। কিন্তু কৌতুহল চেপে রাখতে পারল না। এক এক করে সবাই গর্ত থেকে উঁকি দিয়ে দেখল — দাড়িওয়ালা সাধু বিড়াল গলায় মালা নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আর ঘরর ঘরর করছে। যেটাকে তারা ভাবল, পবিত্র গ্রন্থ পাঠ। সবাই ভাবল, কথাটা হয়তো সত্যি।
পাড়ার মোড়ল বলল, “থামো, থামো। ব্যস্ত হয়ে কাজ নাই। ভালো করে তলিয়ে দেখা দরকার, আসলে ব্যাপারটা কী।“
তখন তারা সবাই মিলে ইঁদুর আর ধেড়ে ইঁদুরদের একটা সভা ডাকল। অনেক আলোচনার পর ঠিক হলো, বিড়াল সত্যি সাধু হয়েছে কিনা পরীক্ষা করে দেখা উচিত। তবে খুব সাবধানে। হুঁশিয়ার না থাকলে, বিপদ হতে পারে।
পাড়ার এক ধেড়ে ইঁদুরকে পাঠানো হলো। সে ছিল খুব চালাক। সে বিড়ালের নাগালের বাইরে রইল, দূর থেকে সালাম জানাল। বিড়াল তাকে অনেকক্ষণ ধরে দেখল। মুখে কিছু বলল না। ভাবল, পেছন পেছন বাকি ইঁদুররাও বেরিয়ে আসবে। তখন একসাথে অনেক শিকার পাওয়া যাবে।
কিন্তু আর কেউ আসছে না। এদিকে আজ সেই সকাল থেকে এখানেই ঠায় বসে আছে বিড়াল। খিদেয় পেট একেবারে চুঁই-চুঁই। আর অপেক্ষা করা যায় না।
ঝাঁপ মারতে যাবে। কিন্তু ধেড়ে ইঁদুরটি সতর্ক ছিল। বিড়ালের পেশির সামান্য নড়াচড়া তার চোখে পড়ে গেছে। সে বুঝে ফেলল, সাধুবাবা এবার ঝাঁপ দেবে। অমনি আর সাথে সাথে এক ছুট। গর্তে ঢুকে গেল ধেড়েটা।
বিড়াল মিউ মিউ করে বলল, "এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আমার ধর্মপাঠ শুনে বিরক্ত লাগছে? না কি আমার পাঠ ভুল মনে হচ্ছে?"
গর্ত থেকে উঁকি দিয়ে, ইঁদুর বলল, "কোনোটাই না। আমি বুঝে গেছি, মুখস্থ হয়তো অনেক কিছু শিখে এসেছ তুমি। কিন্তু আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার অভ্যাসটা, তুমি এখনো ছাড়োনি।"
বিড়াল তো হতাশ। এতো বড় ফন্দীটা কাজে লাগল না! ইঁদূর বলে গেল, যাই, সাধুবাবা! পড়য় গিয়ে খবরটা দিই সবাইকে। সবাইকে বলে দিই—ভেক ধরা সাধুর তিন সীমানাতেও যেন কেউ না যায়!
0 Comments