জ্বলদর্চি

ছড়রা /বাসুদেব গুপ্ত

ছড়রা 

বাসুদেব গুপ্ত

১)
ছড়া ছড়া ছড়ানি,
দুষ্টু হাসি ভরানি, 
ছড়া লেখা কলা পাতা-
হাওয়ায় ওড়ে অংকখাতা। 

২)
ছড়ার মাসী ছড়ার পিসি 
লুকিয়ে রাখে দাঁতের মিশি? 
ছড়া কাকার খাড়া নাকে 
নীল মাছিটা সত‍্যি থাকে?

৩)
চলল ছড়া দিল্লী মেল 
খুঁজতে গেলো রেল ফিমেল? 
টিকিটটা খুব সামলে রেখো- 
উঠতে পারে দারা শিকো। 

৪)
ইলিশ মাছ,ইলিশ মাছ রুপোয় পালিশ গা- 
পড়লে পাতে গরম ভাতে কোন নালিশ না- 
মাথায় বালিশ কোলে বালিশ দুপুর জুড়ে ঘুম, 
দুষ্টু ছেলের বালিশ গালে আস্তে মায়ের চুম। 

৫)
ডাক দিয়েছেন সার-
তাই ফেলে সংসার 
ছুটছে সবাই খুঁজছে সবাই 
বললে হবে? প্রমাণ তো চাই।
তোমায় বাবা বললে হবে?
একশো টাকায় কাগজ দেবে। 

৬)
জল মানে যে জলই 
বলে শুধু খলই। 
জল যে সাদা ধোঁয়া 
জল যে শীতল বরফ। 
লেখোনি তাই কাঠগড়াতে 
দাঁড়িয়ে করো হলফ। 

৭)
বোকারাম খোকাদের ভয় নেই আর-
যতই না টাস্ক দিক অংকের সার, 
আছে চ‍্যট জিপিটির নলেজ অপার, 
বললেই লিখে দেবে সব আনসার. 
পড়া শেষ খোকা যায় রীল বানাতে 
সারের পোষ‍্য সুখী থাকে  দুধে ভাতে।

৮)
হাইওয়েতে ঢুকলো নাকি ভোট?
পালা সবাই সামলে কাপড় ছোট-
 ভোট কি দেবে কামড়ে,
তুই কি ডান না বাম র্‌
ভোটার দেখে  বাবু বলেন ফোট-
তুই বেঁচে নেই সার দিয়েছেন নোট।


৯)
মেসি নাকি এসেছিল শুনেছ?
কেউ তার গোল করা দেখেছ?
দেখছি কাকু দেখছি মাসী-
ঠোঁট ফুলিয়ে সেলফি হাসি-
উড়ছে মাঠে ঝান্ডাউঁচা আর ওড়ে বোতল 
মেসি পালায় জান বাঁচিয়ে 
শেষে ছাড়বে কি  ফুটবল? 

১০)
সার্কাস বন্ধ শীতকাল অন্ধ
শহরে ডিসেম্বর নেই কোন ছন্দ,
লেখকের কত ভাড়া
লিখে দেবে তাড়াতাড়া- 
প্রদূষণ যানজট গভীর প্রবন্ধ!
বাঘ নেই নাকে আসে টাকা টাকা গন্ধ। 

১১)
ও বন্ধুরা ও ভাই বোন শুনলে নাকি কিছু? 
এ আই জিনের বাপ এসেছে কোয়ান্টামের পিছু?
দেশটা ভালো চলছে আবার দেশের বুরা  হাল
কোয়ান্টামের বুড়োর ছোঁয়ায় দেশটাই বামাল। 

১২)
দেশ চলে বোলচালে দেশ চলে স্পীচে 
গলাগুলো সাধা চাই ঠিক হাই সিতে, 
কার গলা বেশি উঁচু সেই বড় নেতা 
তবু দেখো জিরাফের হয়নাকো জেত্‌ 
গলা যত উঁচু হোক ফোটেনি তো ভাষা- 
যেমন কান্না তার তেমনিই হাসা। 

১৩)
চোখ খুলতে  এ আই।  ঘুম আনতে এ আই। 
   প্রেম জানাতে এ আই। 
   ছবি বানাতে এ আই। 
   কথা বলতে এ আই। প্রেম ভাঙতে এ আই। 
আমার মৃত‍্যুর জন‍্য  দায়ী নয়
   এ আই। 
শেষ চিঠি লিখল
   এআই। 


১৪)
দুষ্টু ছেলে আয় না
করতো আবার বায়না, 
ভোট চাইতে দুয়ারে বাঘ
সন্গে দশেক হায়না।
বানিয়ে দেবো গোবিন্দপুর- 
চকরমকর চায় না।
দুষ্টু ছেলের কানটি ধরে 
ঘুষ যেন কেউ খায় না
বলো খোকা দুষ্টু তোমার
ভোট চাওয়া মানায় না। 
🍂

১৫)
নতুন কথা এ কিউ আই 
বাড়ছে যত হাঁসফাঁসাই 
বিন পয়সায় ফ্রি ধূমপান 
এমনি হাওয়ায় লাগাও টান 
মৌজ এমন কে দেয় ভাই 
রব উঠেছে এ কিঁউ আয়ী। 


১৬)
শীত এসেছে শীত এসেছে লাল টমেটোর গাল 
শীত এসেছে পাখার সুইচ অন হয়নি কাল 
শীত এসেছে সর্ষে ফুলে মাঠভরা ফুলকপি 
শীত এসেছে আঁকছে ঝিলে কুয়াশা জলছবি 
শীত এসেছে ঝুকঝুকিয়ে ছুটছে ছুটির  রেল 
শীত এসেছে বইমেলাতে ফুচকা দেদার সেল 
শীত এসেছে ফুটপাথে তাই উঠল  জ্বলে  টায়ার--
শীত এসেছে ভোটহারারা জানল সবাই লায়ার। 


১৭)
যদি নেতা কাছাকাছি আসে, 
বিশেষত ফাল্গুন মাসে 
সামলিয়ে রেখো সম্মান 
ভারী মজাদার নেতা- 
ছুঁয়ে দিতে পারে যেথা সেথা, 
ইজ্জতে দিতে পারে টান। 

১৮)
ঐ ছুটেছে ভুলো ভোটার 
করছে তাড়া বি এল ও 
কখন যে সার নোটিশ পাঠায় 
সেই ভেবে লোক ডিগবাজি খায় 
এই বুঝি দুই মানুষ ধরা লোক‍ এলো। 


১৯)
দেশ কাকে বলে কেউ জানে না 
জন্মালে দেশ তাকে মানে না। 
যারা মাটি আঁকড়ে
তাদের এক থাবড়ে 
ছুঁড়ে দাও আছে ঐ জংগল --
টাকা ভরে পকেটে 
যারা  ছিলো সুখেতে
ভিসাহীন বিদেশে নিঃসন্বল।

বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇

Post a Comment

2 Comments

  1. চ্যাটজিপিটি! চ্যাটজিপিটি!
    ছড়রা কিন্তু বেশ জমাটি।
    একটি ছিল কম
    দেখিয়ে দিলাম দম
    এখন হলো বিশ
    আর করো না মিস।

    ReplyDelete