দিলীপ মহান্তী
গান
হাজার বাতি জ্বলে উঠলো আকাশে
তারায় তারায় আজ গান!
মুঠো মুঠো রোদ্দুর ছড়িয়ে পড়েছে উঠোনে
নতুন ধানের গন্ধে পাড়া জুড়ে উৎসব!
সমস্ত সকাল জুড়ে রং বেরং আলপনা
আর নদী তীরে বাতাসে
চাদর মুড়ে রোদ বিছানো পথ
লক্ষ্মীর পদচিহ্ন এঁকে চলেছে...
হাজার বাতি জ্বলে উঠলো আকাশে
তারায় তারায় তাই আজ গান!
মুঠো মুঠো রোদ্দুরে উঠোন আলো!
নতুন ধানের গন্ধে ঘরময় উৎসব!
গান গড়িয়ে পড়ছে সমস্ত সংসারে...
🍂
ডাকঘর
যে পাখি উড়েছে রোদে
আমি তার ডানার গন্ধের দিকে চেয়ে থাকি
ভেজা আলো ছুঁয়ে থাকে পালকের শীত!
যে পাখি বর্ষায় হারায়
আমি তার বাসার ডালের দিকে হাত বাড়াই
এক টুকরো রোদ যেন ছুঁয়ে দিতে পারি!
যে পাখি আকাশ নীলে
মহাকাশ ডেকে আনে মাঠে
আমি তার বিস্তার দেখি অনন্ত সমুদ্রে!
যে পাখি ঘরের কোণে অশ্রু লুকোয়
আমি তার জন্য সমস্ত ডাকঘর ইজারা নিয়েছি
0 Comments