ভাস্বতী বন্দ্যোপাধ্যায় রায়চৌধুরী
নিরুদ্দেশ
ফিরে তাকানোর সেই অভ্যেস
ভুলে গেছি, ভুলেছি কি?
উদাসীন শীতার্ত হাওয়ায়
যে বেদনার কারুকাজ আঙুলে আঙুলে
জড়িয়েছে, তাই ফিরে তাকাইনি আর
'কোথায়! কোথায়!' বলে চরাচর জুড়ে -
প্রতিধ্বনিত হয় তোমার ডাক , বৃথা মনোরথ
বিমোহিত ওই পথে, ছায়া
পড়ে থাকে উদাসীন
আমার থেকে আলগা হয়ে হয়ে
পড়ে থাকি আমি ছড়ানো ছেটানো।
সাড়া নেই, সাড়া নেই,
মন পূর্ণতম তৃষ্ণায় কোন্ পথে চলে?
কোন্ পথে একলা আলো এত আলোকিত?
🍂
মূক ও বধির
সীমারেখা বরাবর জীবন রাখা আছে
দিন খুঁটে খুঁটে ভয় পেয়ে বসে
শস্যক্ষেতে ক্ষতচিহ্ন জড়ো হলে পরে
হাওয়ার দাপাদাপি,
দুহাতে চেপে ধরে রোধ করি কন্ঠস্বর
সহ্য করি সর্বংসহা হয়ে
মূক-বধিরতা জমা হতে থাকে অন্তরে
দিন খুঁটে খুঁটে ভয় পেয়ে বসে।
ম্যাচে মিসফিট সংখ্যালঘু আমাদের
জীবন সম্মান রাখা থাকে সীমারেখা বরাবর
রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পা রেখে দাঁড়াই
জন্ম সন্ধিক্ষণে,
0 Comments