জ্বলদর্চি

দুটি কবিতা /পুলককান্তি কর

দুটি কবিতা 
পুলককান্তি কর



অকাল বোধন

আকাশে আজ ভীষণ কোলাহল 
সারাদিন মেঘেদের সাথে মেঘের বনিবনাই হল না। 
গাছপালা সব চুপচাপ, 
সকাল, আলো, রোদ্দুর -এই নিয়ে মাথা ঘামালো না কেউই। 
শুধু তুমিই হলে অস্থির। 
তাই জলধারা নেমে এলে পল্লবিত হয়ে 
তোমার গভীরে আজ অকাল বোধনে।

🍂

একদিন সারাদিন 

সারাদিন রঙ তুলি দিয়ে অনেক ছবি এঁকেছি, 
বর্ষা এঁকেছি, জল এঁকেছি, মানুষ এঁকেছি অনেক
গাছপালায় দিয়েছি ধূসর রঙ মনের মতো করে 
অথচ প্যাস্টেল-ওয়াটার-অয়েল 
কোনও রঙেই আঁকতে পারেনি তোর অসুখ 
তোর মন খারাপ, তোর নির্জনতা… 
তোকে ভাবতে বসলেই শুধু আমার কাছ থেকে তোর পালিয়ে যাওয়া দেখি 
কখনোই তুই আমার কাছে সুস্থির হলি না দু'দণ্ড 
বসলি না কখনো আমার এলোপাথাড়ি মনে 
অন্তত এমন অসময়ে…
এমন বর্ষায়, এমন নির্জনতায় 
 তোর কি এমনি করে পালিয়ে যেতে আছে?

Post a Comment

1 Comments

  1. কমলিকাFebruary 06, 2026

    ভালো লাগলো কবিতা দুটি।

    ReplyDelete