জ্বলদর্চি

নারী/কমলিকা ভট্টাচার্য

নারী

কমলিকা ভট্টাচার্য

কে সেই নারী?

নারী আকাশ নয়—
তবু আকাশের নীলে যে অসীম বিস্তৃতি,
যা হঠাৎ তাকিয়ে থাকলে
আমাদের মনে এক অদ্ভুত মুগ্ধতা আনে—
নারী সেই বিস্তৃতির নীরব ব্যঞ্জনা।

নারী জঙ্গল নয়—
তবু ঘন জঙ্গলের অচেনা পথে
হারিয়ে যাওয়ার যে রোমাঞ্চ,
পাতার ফাঁকে ফাঁকে আলো–ছায়ার
অজানা আহ্বান—
নারী সেই অরণ্যের গোপন ডাক।

নারী কোনো বৃক্ষ নয়—
তবু দুপুরবেলার ক্লান্ত পথিকের জন্য
যে সবুজের শীতল ছায়া,
যে ছায়ায় বসে হঠাৎ মনে হয়
পৃথিবীটা এখনও কোমল—
নারী সেই আশ্রয়ের মৃদু স্বস্তি।

নারী কোনো পাহাড় নয়—
তবু মাটির সঙ্গে গভীর বন্ধনে জড়িয়ে
দৃঢ়তার ভিতরে দাঁড়িয়ে থাকা
মাথা উঁচু করে বেঁচে থাকার সংকল্প—
নারী সেই অটল উচ্চতা।

নারী কোনো আলো নয়—
তবু আলোর ভেতরে যে দীপ্তি
অন্ধকার ভেদ করে উঠে আসে—
নারী সেই উজ্জ্বলতার অন্তর্লীন উৎস।

নারী মাটি নয়—
তবু মাটির গভীরে যে গোপন শক্তি,
যেখান থেকে জন্ম নেয় অঙ্কুর,
শস্য, জীবন আর ভবিষ্যৎ—
নারী সেই সম্ভাবনার নীরব গর্ভ।

নারী জল নয়—
তবু জলের নিরাকার স্রোতে
যে তৃষ্ণা মেটে,
যে স্নিগ্ধতা ছুঁয়ে যায়
শুকনো হৃদয়ের ধূলি—
নারী সেই প্রবাহের অদৃশ্য আরাম।

নারী কোনো মরুভূমি নয়—
তবু অন্তহীন শুষ্কতার ভিতরে
দূরের মরুদ্যানের মতো
যে হঠাৎ সবুজ আশার আভাস জাগে—
নারী সেই বেঁচে থাকার প্রতিশ্রুতি।

নারী সমুদ্র নয়—
তবু জোয়ারের উচ্ছ্বাসে
যে অদম্য টান,
যে গর্জনে লুকিয়ে থাকে
অন্তহীন গভীরতা—
নারী সেই সাগরস্পন্দন।

নারী ফুল নয়—
তবু ফুল ফোটার মুহূর্তে
যে মৃদু বিস্ময় জেগে ওঠে,
যে সৌন্দর্য নীরবে ছড়িয়ে পড়ে
একটি সকাল জুড়ে—
নারী সেই অনির্বচনীয় সৌরভ।

নারী প্রজাপতি নয়—
তবু তার ডানার রঙের মতো
জীবনের বহুবর্ণ বিস্ময়—
কখনো নীল, কখনো হলুদ,
কখনো অকারণ আনন্দে ভেসে ওঠা।

নারী পাখি নয়—
তবু উড়ে যাওয়ার স্বপ্ন
যে ডানা মেলে আকাশের দিকে—
নারী সেই মুক্তির আকাঙ্ক্ষা।

নারী শুধু মা, কন্যা, ভগিনী নয়—
সে সম্পর্কের গভীর বিশ্বাস,
মানুষে মানুষে জুড়ে থাকা
অদৃশ্য স্নেহের মিষ্টতা।

নারী কেবল শরীর স্তনযুগল নয়—
সে শুধু দুগ্ধের পুষ্টি,
এক নবজীবনের প্রথম আশ্রয়।

নারী শুধু যোনি নয়—
সৃষ্টির উৎস দ্বার,
যেখান থেকে জন্ম নেয়
মানুষ, ইতিহাস, ভবিষ্যৎ।

নারী আসলে
আমাদের প্রতিটি ভালোলাগার ভেতর
নীরবে বেঁচে থাকা এক অনুভব।
তাই নারীকে স্পর্শে নয়
খালি অনুভবে পাওয়া যায়।

Post a Comment

7 Comments

  1. নারীও মানুষ। নারী শ্রমজীবি। শোষিত অত‍্যাচারিত। নারীর প্রতি অবিচারের নামই সুবিচার। অবিচারের বিরুদ্ধে যুদ্ধে যেদিন নারী যোগ দেবে সেদিন পৃথিবী পাল্টে যাবে। সেই দিনের অপেক্ষায়।

    ReplyDelete
    Replies
    1. কমলিকাMarch 08, 2026

      মন্তব্য ও আপনার মতামত মূল্যবান তবে কবিতার ভাবটা ধরতে পারলে ভালো লাগতো।🙏

      Delete
  2. Amazing tomer bhab r bhavna.bhasay prokas kora jay na.bhalo theke

    ReplyDelete
    Replies
    1. কমলিকাMarch 08, 2026

      Ami hate noy bhalobasa chhorate chai ar bhalobase bhalo thaki.

      Delete
  3. নারী দিবসের হার্দিক শুভেচ্ছা!! সুন্দর কবিতা।

    ReplyDelete
    Replies
    1. কমলিকাMarch 08, 2026

      অনেক ধন্যবাদ

      Delete
  4. শেষের লাইন দুটোই সবচেয়ে তাৎপর্যপূর্ণ!! নারী অনুভবে সব চেয়ে সুন্দর!!

    ReplyDelete