জ্বলদর্চি

তিনটি কবিতা /শর্মিষ্ঠা বসু তরফদার


তিনটি কবিতা 
শর্মিষ্ঠা বসু তরফদার

তোমার জন্য 

তোমার জন্য জেগেছি রাত কতো,
একলা মনের মিথ্যে খোঁজা খুঁজি ।
তোমার জন্য চিঠির ভাঁজে যতো-
করেছি জমা স্মৃতির ছেঁড়া পুঁজি।

তোমার জন্য বয়েছি বুকে ব্যথা, 
 কান্না হয়ে অবুঝ চোখের জল। 
 তোমার জন্য না বলা সব কথা 
 পেয়েছে বুঝি লুকিয়ে থাকার ছল। 

তোমার জন্য ভুলেছি কথা রাখা,
স্বার্থপরের মুখোশ এঁটে মুখে।
তোমার জন্য আমার একলা থাকা ,
শূন্যতাকে জড়িয়ে ধরে বুকে।

এসব প্রলাপ এলোমেলো মিথ্যে অভিমানে -
তোমারই জন্য তৃষ্ণার জল জমায় মরুদ্যানে।।


স্বপ্ন 

স্বপ্ন নেবে স্বপ্ন? 
লাল ,নীল, হলুদ, সবুজ স্বপ্ন? 
আমার ছোট্টবেলার স্বপ্ন ছিল সবুজ, 
খোলা মাঠের মতোই অবুঝ ।
ওই যে নীল রঙের স্বপ্নটা- ওটা কিশোরী বেলার, 
আকাশের মতো উদার নীল।
 টকটকে লাল রঙের স্বপ্নটা নাও না -
আমার যৌবনের ভালোবাসার রং ।
মাঝ বয়সের স্বপ্নের রং কি জানো ?
হলুদ- ঠিক দুপুরবেলার রোদ যেন।
আর শেষ বয়সের স্বপ্নের রং 
সাদা- ধবধবে শূন্য পাতা, 
যেখানে কোনো আঁচড় নেই।।


নতুন বছর 

নতুন বছর তপ্ত দিনে তৃষ্ণা ঠোঁটে ,
চাতক চোখে স্বপ্ন দেখে বৃষ্টি নামার। 
নতুন বীজের নতুন ফসল যতটা জোটে,
চাষীর ঘরে উপচে পড়ুক শস্য খামার। 

 দুপুরের রোদে সারঙের সুর মনের ঘরে,
এলোমেলো করে শুকিয়ে যাওয়া মাটির ক্ষত।
ক্লান্ত মাঝি নৌকো নিয়ে নোঙর করে ,
ঝড়ের ভয়ে আগলে রাখে পণ্য যতো।

শহুরে পথেও এক চিলতে সবুজের খোঁজ ,
আমের গন্ধে পথিক মনে স্বস্তি আনে ।
আল্পনা দেয় আকাশ জুড়ে তারারা রোজ,
মুগ্ধতার একটু পরশ ছোঁয়ায় প্রাণে।

নতুন পাঁজি -ক্যালেন্ডার এর পাতায় উড়ে,
বোশেখ মানেই রবীন্দ্রনাথ বছর ঘুরে।।

🍂

Post a Comment

0 Comments