জ্বলদর্চি

তিনটি কবিতা/ প্রতাপ সিংহ

তিনটি কবিতা 
প্রতাপ সিংহ 

তোমার সঙ্গে দেখা না হলে

তোমার সঙ্গে দেখা না হলে 
আমি তো জানতেই পারতাম না
আমার একটা বাড়ি আছে, 
রাস্তা আছে অঢেল, 
আকাশ আছে তারায় তারায় মোড়া,
 নদী আছে, সমুদ্র আছে, 
সমুদ্রের অন্তহীন ঢেউ আছে – 
তোমার সঙ্গে দেখা না হলে 
আমি তো জানতেই পারতাম না 
আমার চেনা-অচেনা অরণ্য আছে, 
কত নাম-না জানা গাছগাছালি আছে, 
পাহাড় ঝরনায় মুখরিত একটা ভূস্বর্গ আছে,  তোমার সঙ্গে দেখা না হলে 
আমি তো জানতেই পারতাম না
আমারও একটা আলো ছড়ানো 
আশ্বাসের বিশ্বাসের তুমি আছে।


রাবণের মাথা 

দৃশ্যত একটা মাথা, কিন্তু আসলে 
ওর দশটা মাথা, 
হ্যাঁ,হ্যাঁ,  ঠিক ধরেছ, রাবণের মাথা 
দশটা মাথাই কুবুদ্ধিতে ঠাসা, 
একটা মাথায় প্যাঁচ, 
পরের মাথায় চালিয়াতি, 
তার পরের মাথায় অভিসন্ধি, 
তার পরেরটা ক্ষুদ্র হলে কী হবে, সেটাও 
শয়তানিতে ভর্তি! 

এই দশটা মাথা নিয়েই লোকটা 
আমাদের ওঠাচ্ছে আর বসাচ্ছে।


মৈত্রীর সাঁকো 

মৈত্রীর সাঁকো পেরনো সহজ নয়,
 সাঁকোর নীচে খালের জল– 
পতন হলে রক্ষা নেই। 
সাঁকোর দুপাশে কোনো রেলিং নেই, 
সেও একটা ভয়ের ব্যাপার। 
তবে মৈত্রীর সাঁকো খুব মজবুত, 
সহসা পড়ে যাওয়ার ভয় নেই, 
গড়িয়ে পড়া কিংবা ভেসে যাওয়ারও 
কোনো আশঙ্কা নেই। 
পেরোবার নিয়মকানুন জানলে
মৈত্রীর শান্ত, সুন্দর, নয়নাভিরাম 
সাঁকো পেরনো কঠিন নয়।

🍂

Post a Comment

0 Comments