বাংলা ভাষান্তর : নিখিলেশ ঘোষ
(একটি হান লোককথা। মূল চিনা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন : জন মিনফোর্ড)
অনেক অনেক বছর আগের কথা। এক ছোট্ট, নিরিবিলি গ্রামে সান নামের এক বুড়ো দাদু থাকতেন। সারাজীবন তিনি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে হাড়ভাঙা খাটুনি খেটেছেন। সেই কঠিন পরিশ্রমের ছাপ তাঁর কুঁচকে যাওয়া চুলে আর খসখসে হাতে স্পষ্ট দেখা যেত। খুব কষ্ট করে তিনি তাঁর সংসার চালাতেন।বুড়ো সানের ছিল দুটি ছেলে—বড় ছেলের নাম জেনশেং আর ছোটটার নাম তিয়ানমিং। নামের যেমন মানে, দুই ভাইয়ের স্বভাবও ছিল ঠিক তেমনই আকাশ আর পাতাল তফাত! বড় ছেলে জেনশেং ছিল একদম মাটির মানুষ। ঠিক তার বাবার মতোই শান্ত, সরল আর ভীষণ পরিশ্রমী। সকাল থেকে সন্ধে সে বাবার সাথে মাঠের কাজে লেগে থাকত।আর ছোট ছেলে তিয়ানমিং? সে ছিল আস্ত এক অলস আর দুষ্টুর ধাড়ি! সারাদিন টো টো করে ঘুরে বেড়ানো, জুয়া খেলা আর আড্ডা দেওয়াই ছিল তার কাজ। কাজের কথা কানে গেলেই সে এমন দৌড় দিত যে তার আর পাত্তাই পাওয়া যেত না!
একদিন সকালবেলা বুড়ো সান তাঁর দুই ছেলেকে নিজের কাছে ডাকলেন। গম্ভীর গলায় তিনি বললেন, "তোমরা দুজনেই একটা করে কাস্তে হাতে তুলে নাও। এখনই আমার সাথে তোমাদের এক জায়গায় যেতে হবে।"বাবার কথা শোনামাত্র ভালো ছেলে জেনশেং ঘর থেকে একটা ধারালো কাস্তে নিয়ে ঝটপট তৈরি হয়ে গেল। কিন্তু তিয়ানমিংয়ের তো মুখটা অমনি হাঁড়ির মতো কালো হয়ে গেল! সে বাবার কথা তো মানলই না, উলটে রাগে গজগজ করতে করতে বিড়বিড় করে বলল, "উফ! আবার সেই কাজ! এই কড়া রোদের মধ্যে আমি অন্তত কোথাও যাচ্ছি না।" ছোট ছেলের এমন অলসতা আর অবাধ্যতা দেখে বুড়ো সান এবার আর নিজের রাগ চেপে রাখতে পারলেন না। তিনি ভীষণ রেগে গিয়ে তিয়ানমিংকে কড়া ভাষায় বকাঝকা করলেন। বাবার এমন রুদ্রমূর্তি দেখে তিয়ানমিং আর টুঁ শব্দ করার সাহস পেল না। অগত্যা মন খারাপ করে একটা কাস্তে হাতে নিয়ে সে-ও তাদের সাথে রওনা দিল।তারপর শুরু হলো এক মস্ত বড় আর ক্লান্তিকর পথ চলা। বুড়ো সান আগে আগে হাঁটছেন, আর তাঁর পিছু পিছু চলেছে দুই ভাই।
হাঁটতে হাঁটতে দুই ভাইয়ের পা যেন আর চলতে চায় না—পথ আর ফুরোতেই চায় না! একে একে তারা পঞ্চান্নটা উঁচু পাহাড়ের চূড়া পার হলো। তারপর হেঁটে চলল একটা শুকনো, খটখটে নদীর বুক দিয়ে। সেই নদীপথ আবার যেমন তেমন নয়, পদে পদে নিরানব্বইটা বিপজ্জনক বাঁক! কড়া রোদে গরমে আর ক্লান্তিতে তিয়ানমিংয়ের অবস্থা তো শোচনীয়! সে মনে মনে তার বাবাকে সমানে বকাঝকা করছিল।
কিন্তু জেনশেং? সে একদম শান্ত মুখে বাবার পায়ের ছাপ গুনে গুনে তাঁর পিছু পিছু এগিয়ে চলল। অবশেষে, মস্ত বড় পথ পেরিয়ে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছাল, যেখানে চারপাশের সাঁ সাঁ বাতাসের কোনো দাপট নেই—চারদিকটা বেশ শান্ত। ক্লান্ত তিয়ানমিং আর দাঁড়িয়ে থাকতে পারল না, "বাপ রে!" বলে ধপাস করে মাটিতে বসে পড়ল।সে চোখ গোল গোল করে চারদিকে তাকাল। কিন্তু সেদিকে তাকিয়ে তো তার মনটাই খারাপ হয়ে গেল! যেদিকেই চোখ যায়, কেবল মাইলের পর মাইল লম্বা লম্বা আগাছা আর পুরোনো দিনের ভাঙা বাড়িঘরের ধ্বংসস্তূপ ছাড়া আর কিচ্ছুটি নেই! তিয়ানমিং ভীষণ হতাশ হয়ে ভাবল, এত কষ্ট করে বাবা তাদের এই ভুতুড়ে মরুভূমিতে কেন নিয়ে এলেন? সে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, "কী এক বিচ্ছিরি জায়গা! এখানে মানুষ তো দূর, একটা ভূতও থাকতে চাইবে না!" কিন্তু তার কথায় কান না দিয়ে বুড়ো সান দুই ছেলেকে ডেকে বললেন, "শোনো ছেলেরা, এখন থেকে আমরা এইখানেই থাকব। আমরা নিজেদের হাতে একটা ছোট খড়ের কুঁড়েঘর তৈরি করব। এই পাথুরে জমি চাষ করে ফসল ফলাব আর নিজেদের জন্য একটা সুন্দর, সুখী জীবন গড়ে তুলব।"
🍂
বাবার মুখে এই কথা শুনে জেনশেং মনে মনে বলল, "ও আচ্ছা! তাহলে বাবার মনে এই মতলব ছিল!" যখন সে বাবার পিছু পিছু এত দূর আসছিল, তখন সে বিন্দুমাত্র জানত না যে তারা এখানে কী করতে এসেছে। কিন্তু এখন পুরো ব্যাপারটা বুঝতে পেরে তার মনটা খুশিতে ভরে উঠল। সে আর এক মুহূর্তও দেরি না করে নিজে থেকেই কাজে নেমে পড়ল। বাবা তাকে যখন যা করতে বললেন, সে লক্ষ্মী ছেলের মতো ঠিক তাই তাই করতে লাগল। জেনশেং ভাবল, "যাক বাবা, এখানে অন্তত আমাদের ভয় দেখানোর বা বিরক্ত করার মতো কোনো পাজি মানুষ নেই!" চারপাশের এই মস্ত বড় খোলা আকাশ আর শান্ত পরিবেশটা জেনশেংয়ের ভারি পছন্দ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সে এই সুন্দর জায়গাটার প্রেমে পড়ে গেল।
অন্যদিকে, তিয়ানমিংয়ের এই ভুতুড়ে জায়গাটি মোটেও পছন্দ হলো না। সে সারাক্ষণ মুখটা হাঁড়ির মতো কালো করে রাখল এবং "উফ! ভালো লাগে না!" বলে অনবরত ঘ্যানঘ্যান করতে লাগল। কিন্তু ভাগ্য খারাপ, সেখানে পৌঁছানোর কিছুদিন পরেই বুড়ো সান ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তাঁর বাঁচার আর কোনো আশাই রইল না। মৃত্যুর ঠিক আগে বুড়ো সান তাঁর কাছে থাকা একটা পুরোনো কাপড়ের ব্যাগ বের করলেন। জেনশেং আর তিয়ানমিংকে কাছে ডেকে তিনি বললেন, "শোনো বাছারা, এই ব্যাগে এক ছটাক তিসির বীজ আছে। তোমাদের উত্তরাধিকার হিসেবে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই, এই একটুকরো পুঁজিই অবশিষ্ট রইল। আমি সারাজীবন এতটাই গরিব ছিলাম যে তোমাদের বিয়ে থা দেওয়ার ব্যবস্থাও করে যেতে পারলাম না! এখন থেকে এই বীজগুলোর সাহায্যেই তোমাদের বেঁচে থাকার পথ খুঁজে নিতে হবে।" বুড়ো সান দুই ভাইয়ের হাত ধরে শেষে একটি দামী কথা বললেন, "একটা কথা সবসময় মনে রেখো—এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষ আর বীজ। যদি তোমাদের কাছে এই দুটি থাকে, তবে তোমরা একদিন দুনিয়ার সবকিছুই পেয়ে যাবে।" এই শেষ কথা কটি বলেই বুড়ো সান চিরদিনের মতো চোখ বুজলেন।
দুষ্টু তিয়ানমিংয়ের কাণ্ড দেখে তো আকাশ থেকে পড়ার অবস্থা! বাবার মৃতদেহটা তখনও ভালো করে ঠান্ডা হয়নি, অথচ তার মনে একটুও দুঃখ নেই। সে উলটে জেনশেংয়ের জামার হাতা ধরে টানতে টানতে বলল, "শোনো ভাই! এখন কেঁদে ভাসিয়ে আর লাভ নেই। চলো, বাবার রেখে যাওয়া সম্পত্তিটা ঝটপট আধাআধি ভাগ করে নেওয়া যাক। এই এক ব্যাগ তিসির বীজই তো আমাদের সম্বল! আমাকে আমার অংশটা দিয়ে দাও, আমি আমার নিজের পথ দেখি!"
বাবার মৃত্যুর ঠিক পরপরই ভাইয়ের মুখে এমন নিষ্ঠুর কথা শুনে জেনশেং তো অবাক! সে চোখ বড় বড় করে বলল, "আরে ভাই, ছি! এটা কোনো কথা হলো? বাবা এই মাত্র মারা গেলেন, আর তুমি এখনই সম্পত্তি ভাগের জন্য পাগল হয়ে উঠলে? তোমার মাথাটা কি একবারে গেছে?"
কিন্তু তিয়ানমিং কি আর অত কথা শোনার পাত্র? সে বড় ভাইয়ের কোনো বারণই কানে তুলল না। জেনশেংকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সে চট করে বাবার সেই পুরোনো কাপড়ের ব্যাগটি ছিনিয়ে নিল। তারপর মেঝের ওপর হড়হড় করে অর্ধেকটা তিসির বীজ জেনশেংয়ের জন্য ঢেলে দিল, আর বাকি অর্ধেকটা নিজের পকেটে পুরে নিল। এক মুহূর্তও পেছনে ফিরে না তাকিয়ে সে গটগট করে সেই ভুতুড়ে জায়গা থেকে চম্পট দিল। ব্যস, সেই দিন থেকেই দুই ভাইয়ের পথ চিরদিনের মতো আলাদা হয়ে গেল। এক ভাই পড়ে রইল বাবার স্বপ্নের জমিতে, আর অন্য ভাই চলল নিজের ভাগ্যের খোঁজে!
প্রথম দিনেই সে একটা সরাইখানায় গিয়ে হাজির হলো। সরাইখানার মালিককে সে জিজ্ঞেস করল, "আচ্ছা মশাই, আপনার এখানে ইঁদুর আছে?" মালিক মাথা চুলকিয়ে বললেন, "হ্যাঁ, দু-চারটে আছে।" তিয়ানমিং বলল, "আমার কাছে এক ব্যাগ তিসির বীজ আছে। ওগুলো কোথায় রাখি বলুন তো?" মালিক হেসে বললেন, "আপনার যেখানে খুশি রাখুন।"
'সত্যি?' তিয়ানমিং আবার নিশ্চিত হতে চাইল।মালিক বললেন, "হ্যাঁ হ্যাঁ, অবশ্যই!"
সে রাতে তিয়ানমিং লুকিয়ে বিছানা থেকে উঠল। তারপর তিসির বীজের ব্যাগটা একটা ইঁদুরের গর্তের ঠিক পাশে রেখে দিল। ফল যা হওয়ার তাই হলো—ইঁদুরগুলো গন্ধ পেয়ে সব বীজ খেয়ে সাবাড় করে দিল। আসলে তিয়ানমিং মনে মনে এটাই চাইছিল।
পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিয়ানমিং হাত-পা ছুড়ে চিৎকার জুড়ে দিল, "হায়! হায়! সর্বনাশ হয়ে গেল! আমার তিসির বীজগুলো সব চুরি হয়ে গেছে গো!" সরাইখানার উঠোনে বসে সে একদম বাচ্চাদের মতো কেঁদে ভাসিয়ে দিল। কাঁদতে কাঁদতেই বলল, "ওগুলো তো যেমন-তেমন বীজ ছিল না! ও ছিল এক অদ্ভুত জাদুকরী তিসির বীজ, যা দুনিয়ার আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কত কষ্ট করে এক সাধুর কাছ থেকে জোগাড় করেছিলাম। এখন আমি কী করব? কোথায় পাব আমার অমন সোনার বীজ?" সরাইখানার মালিক তো দেখেই মহা বিপদে পড়লেন! তিনি কাঁচুমাচু হয়ে বললেন, "আরে মশাই, আমি অমন বিরল বীজ এখন কোথা থেকে এনে দেব? ওটার দাম চোকানোর সাধ্য কি আমার আছে?"শুনেই তিয়ানমিং চোখ রাঙিয়ে বলল, "তা আমি জানি না! যদি বীজ দিতে না পারো, তবে এখনই তোমার এই আস্ত বাড়িটা ভেঙে ফেলো! বাড়ির সব ইঁদুরগুলোকে খুঁজে বের করো। আমি ওদের পেট কেটে আমার তিসির বীজ উদ্ধার করব!"
সরাইখানার মালিক ছিলেন ভীষণ সোজা-সরল আর সৎ মানুষ। তিনি বুঝলেন, এই ধূর্ত ঠগের সাথে কথায় জেতা যাবে না। বাধ্য হয়ে তিনি ইঁদুর খোঁজার জন্য নিজের সাধের বাড়িটাই ভাঙতে শুরু করলেন। ভাঙতে ভাঙতে মাটির প্রায় তিন ফুট গভীর পর্যন্ত খুঁড়ে ফেললেন! কিন্তু হায় রে কপাল, শেষে কিনা একটি মরা ইঁদুর! শেষে আর কোনো উপায় না দেখে, মালিক কেঁদে কেটে তিয়ানমিংকে ওই ইঁদুর আর পঞ্চাশ তয়েল চকচকে রুপো দিয়ে দিলেন। সামান্য কটা তিসির বীজের বদলে এত বড় একথলি রুপো পেয়ে তিয়ানমিংয়ের মন খুশিতে একদম আটখানা হয়ে গেল! সে মনে মনে হাসতে হাসতে সরাইখানা থেকে বিদায় নিল।
এবার তিয়ানমিং অন্য একটি খেলা খেলল।একদিন তিয়ানমিং নতুন একটা সরাইখানায় গিয়ে উঠল। সেখানে ঢুকেই সে গম্ভীর গলায় ডাক দিল, "ওহে সরাইওয়ালা ভাই! তোমাদের এখানে কি কোনো বিড়াল-টিড়াল আছে? আমার কাছে কিন্তু একটা ভারি চমৎকার 'স্বর্ণচক্ষু ইঁদুর' আছে। ওটাকে ভালো দেখে কোথায় রাখি বলো তো?" সরাইখানার মালিক হেসে বললেন, "আরে বাবু, আপনার যেখানে খুশি রেখে দিন না!" তিয়ানমিং চোখ গোল গোল করে বলল, "তাই? আমি কি সত্যিই আমার যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারি?"
"হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারেন! কোনো চিন্তা করবেন না," মালিক তাকে অভয় দিলেন। ব্যস, এই সুযোগেরই অপেক্ষায় ছিল দুষ্টু তিয়ানমিং! সেদিন রাতে সে ইচ্ছে করে একটা বিড়ালের ঠিক সামনে ইঁদুরটিকে ঝুলিয়ে দিল। বিড়ালছানাটি ভাবল বুঝি কোনো শিকার! সে টপ করে এক কামড়ে ইঁদুরটিকে গিলে ফেলল।
পরদিন ভোর হতেই সরাইখানায় হইচই আর কান্নাকাটি জুড়ে দিল তিয়ানমিং। সে চিৎকার করে বলতে লাগল, "সরাইওয়ালার কথায় বিশ্বাস করেই আমার অমন সোনার ইঁদুরটা হারালাম!" সে ক্ষতিপূরণ হিসেবে সরাইখানার মালিকের কাছে ওই বিড়ালটি আর সেই সাথে পঞ্চাশ তায়েল রুপো দাবি করে বসল। বিপদে পড়ে গেলেন সরাইওয়ালা। নিজের মুখের কথার খাঁচায় নিজেই আটকে গেলেন তিনি। অগত্যা তিয়ানমিংয়ের সেই অদ্ভুত দাবি মেনে নেওয়া ছাড়া তাঁর আর কোনো উপায় রইল না।
দুষ্টু তিয়ানমিং মনে মনে ভাবল, "বাহ্! এ তো চমৎকার বুদ্ধি! এই ফন্দি খাটিয়ে তো বেশ সহজে অনেক অনেক টাকা কামানো যাচ্ছে!" নিজের বুদ্ধিতে নিজেই করে হেসে উঠল সে। এরপর অন্য একদিন, সে ঘুরতে ঘুরতে গিয়ে উঠল তিন নম্বর এক সরাইখানায়। সরাইখানার সদর দরজা দিয়ে পা রাখতেই সে চিল-চিৎকার জুড়ে দিল, "ওহে সরাইওয়ালা ভাই! তোমাদের এই বাড়িতে কি কোনো কুকুর-টুকুর আছে নাকি?"
সরাইখানার মালিক হেসে বিনয়ের সাথে বললেন, "হ্যাঁ বাবু, একটা কুকুর তো আছে। তবে ও বড় ভালো, ভয়ের কিচ্ছু নেই!" তিয়ানমিং এবার কপালে হাত ঠেকিয়ে বানিয়ে বানিয়ে বলল, "বললেই হলো? আমার কাছে কিন্তু একটা মহা মূল্যবান 'সোনালী মাথার বিড়াল' আছে! তোমার কুকুর আমার এই সোনার বিড়ালের কোনো ক্ষতি করবে না তো?" মালিক তাকে আশ্বস্ত করে বললেন, "আরে মশাই, আপনি একদম চিন্তা করবেন না! মন শান্ত রাখুন, কিচ্ছু হবে না।" তিয়ানমিং চোখ দুটো পিটপিট করে বলল, "তুমি সত্যিই বলছ তো?"
"হ্যাঁ হ্যাঁ, অবশ্যই!" মালিক বুক ফুলিয়ে বললেন। ব্যস, বাঘের ঘরে ঘোগের বাসা! সেদিন রাতে সবাই যখন ঘুমে কাদা, তিয়ানমিং তখন চুপিচুপি তার বিড়ালটিকে নিয়ে সোজা সেই কুকুরটার নাকের সামনে এনে বসিয়ে দিল। কুকুরটাও চোখের সামনে বিড়াল দেখে এক কামড়ে ওটাকে সাবাড় করে দিল। পরদিন ভোর হতেই তিয়ানমিং সরাইখানা মাথায় তুলল। সে পাড়া কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার শুরু করল, "হায় রে! সরাইওয়ালার পাজি কুকুরটা আমার সাধের সোনার বিড়ালটাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলল গো!" সে সরাইখানার মালিকের কলার চেপে ধরে বলল, "হয় আমার বিড়াল ফেরত দাও, নয়তো ক্ষতিপূরণ হিসেবে তোমার ওই কুকুর আর সেই সাথে পঞ্চাশ তয়েল চকচকে রুপো আমাকে দিতেই হবে!" তিন নম্বর সরাইখানার মালিকও তিয়ানমিংয়ের এই চরম চালাকির কাছে হেরে গেলেন। নিজের মুখের কথার জালে আটকে গিয়ে, মুখ বুজে তিয়ানমিংয়ের সব দাবি মেনে নেওয়া ছাড়া বেচারা মালিকের আর কোনো উপায়ই রইল না!
দুষ্টু তিয়ানমিংয়ের লোভ আর চালাকি দিন দিন বেড়েই চলল! এক এক করে সে ইঁদুরের বদলে বিড়াল, বিড়ালের বদলে কুকুর আর কুকুরের বদলে রুপো হাতিয়ে নিল। কিন্তু তার মন তো কিছুতেই ভরে না।এর কিছুদিন পর, সে অন্য একটা মস্ত বড় সরাইখানায় গিয়ে উঠল। সেই সরাইখানার পাশে আবার ঘোড়া রাখার একটা মস্ত আস্তাবল ছিল। সরাইখানার চৌকাঠ পার হতে না হতেই তিয়ানমিং জোর গলায় হাঁক পাড়ল, "ওহে সরাইওয়ালা ভাই! আমার কাছে কিন্তু 'ট্রেজার' নামের এক মহামূল্যবান শিকারি কুকুর আছে। ওটাকে আমি আস্তাবলের ঠিক কোথায় বাঁধব বলো তো?" সরাইখানার মালিক ব্যস্ত ছিলেন, তাই না দেখেই বললেন, "আরে মশাই, আপনার যেখানে খুশি বেঁধে রাখুন না!"ব্যস, তিয়ানমিং তো ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল! সেদিন মাঝরাতে সবাই যখন ঘুমে কাদা, সে চুপিচুপি তার কুকুরটাকে নিয়ে গিয়ে আস্তাবলের সবচেয়ে বড় আর রাগী ঘোড়াটার লেজের সাথে শক্ত করে বেঁধে দিল। সারা রাত ধরে সেই কুকুরটা ভয়ে আর রাগে ঘেউ ঘেউ করতে লাগল আর ঘোড়াটার পায়ে কামড় বসাতে চাইল। আর ঘোড়াটাও রেগে গিয়ে সমানে পিছন দিকে লাথি মারতে শুরু করল। শেষমেশ ঘোড়ার খুরের প্রচণ্ড লাথিতে বেচারা কুকুরটা পিষে মরে গেল! পরদিন সকালে আস্তাবলে গিয়ে দেখা গেল, কুকুরের আর কিচ্ছু অবশিষ্ট নেই—কেবল এক দলা মাংস আর হাড় পড়ে আছে! তিয়ানমিং তখন কান্নাকাটি জুড়ে দিয়ে সরাইওয়ালাকে শাসাতে লাগল। শেষে নিজের কুকুরের বদলে সে সরাইওয়ালার সেই মস্ত দামি ঘোড়াটা তো নিলই, সাথে একটা সুন্দর জিনের আসন আর একটা চমৎকার ঘণ্টার মালাও আদায় করে ছাড়ল!ঘোড়া পেয়ে তিয়ানমিংয়ের অহংকার এবার আকাশে গিয়ে ঠেকল।
একদিন সে সেই ঘোড়াটাকে খুব জোরে ছুটিয়ে একটা অচেনা গ্রামে ঢুকল। উদ্দেশ্য আর কিছুই নয়, গ্রামের সাধারণ মানুষকে নিজের দাপট দেখানো! ঠিক তখনই সেই রাস্তা দিয়ে কাঁধে কফিন নিয়ে একটা শেষকৃত্যের মিছিল যাচ্ছিল। মৃত মানুষকে বিদায় জানাতে আসা শোকাতুর মানুষগুলো যখন হঠাৎ শুনতে পেল খটখট করে একটা ঘোড়া তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসছে, তারা ভীষণ ভয় পেয়ে গেল! তারা ভাবল, বুঝি কোনো ডাকাত বা বিদ্রোহী দল তাদের আক্রমণ করতে আসছে! ভয়ে তারা কফিনটা রাস্তার মাঝখানেই ফেলে রেখে যে যেদিকে পারল দিল দৌড়! তিয়ানমিং একটুও সময় নষ্ট করল না। সে ঘোড়া থেকে নেমে কফিনটা খুলল। তারপর মৃতদেহটি টেনে বের করে নিজের ঘোড়ার পিঠে, জিনের ওপর বসিয়ে দিল! তারপর মৃতদেহটাকে সাথে নিয়েই আবার নিজের পথে এগিয়ে চলল। কী ভয়ানক বুদ্ধি, ভাবো একবার!
সেদিন বিকেলের দিকে সে অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছাল। সেখানে গিয়ে সে দেখল, দুজন মিষ্টি মেয়ে নদী থেকে কলসি ভরে জল নিয়ে বাড়ি ফিরছে। তিয়ানমিং চট করে ঘোড়া থেকে নামল। তারপর খুব ভালো মানুষের মতো ভদ্রতার মুখোশ পরে তাদের নম্রভাবে নমস্কার জানিয়ে বলল, " ওহে বোনেরা! আমার বৃদ্ধ বাবা সারাদিন এক ফোঁটা জল পাননি, তৃষ্ণায় ছটফট করছেন। দয়া করে আমার বাবাকে একটু জল দেবে?" তাদের মধ্যে ছোট বোনটি ছিল ভীষণ দয়ালু। সে তখনই দৌড়ে বাড়ি গেল এবং বাটি ভরে এক বাটি গরম গরম সবুজ শিমের স্যুপ এনে তিয়ানমিংয়ের হাতে দিল। তিয়ানমিং মেয়ে দুটোর দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়াল, যাতে তারা কিছু দেখতে না পায়। তারপর সে ঘোড়ার পিঠ থেকে সেই মৃতদেহটাকে সোজা করে বসাল এবং বাটির সবটুকু স্যুপ মৃত লোকটার মুখের ভেতর ঢেলে দিল! এরপর মেয়ে দুটির দিকে বাটিটা ফেরত দিয়ে সে মিষ্টি করে ধন্যবাদ জানাল। কিন্তু যেইমাত্র মেয়ে দুটি তার দিকে তাকাল, অমনি তিয়ানমিং এক মস্ত নাটক শুরু করে দিল! সে চিৎকার করে কেঁদে উঠে বলল, "ওগো বাবাগো! আমার জ্যান্ত বাবাটা হঠাৎ মারা গেল গো!" কথাটা শুনে মেয়ে দুটির তো হাত-পা ঠাণ্ডা হয়ে গেল! তারা আকাশ থেকে পড়ল। তাদের মধ্যে একজন কাঁদো কাঁদো গলায় বলল, "এ কী বলছেন মশাই! এই স্যুপ তো আমরা নিজেদের খাওয়ার জন্য বানিয়েছিলাম। এতে কোনো বিষ ছিল না! এটা খেয়ে আপনার বাবা কীভাবে মারা যাবেন?" তিয়ানমিং তখন চোখ রাঙিয়ে তাদের হুমকি দিয়ে বলল, "তোমরা হিংসা করে ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে বিষ খাইয়ে মেরেছ! আমি তোমাদের একটাকেও ছাড়ব না। তোমাদের আদালতে নিয়ে যাব!"
তিয়ানমিংয়ের দামি ঘোড়া আর চালচলন দেখে মেয়ে দুটো ভাবল, সে নিশ্চয়ই মস্ত বড় লোক। তাই তার সাথে তর্কে জেতা যাবে না বুঝে মেয়ে দুটি ভয়ে হাতজোড় করে ক্ষমা চাইল। দুষ্টু তিয়ানমিং তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল! সে মেয়ে দুটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বলল, "ঠিক আছে, তোমরা যদি বাঁচতে চাও, তো তোমাদের একজনকে আমার সাথে আসতে হবে।" দুই বোনের মধ্যে ছোট বোনটি ছিল পরীর মতো সুন্দরী। তিয়ানমিং তার দিকে আঙুল দেখিয়ে বলল, "হ্যাঁ, তুমি চলো, আমার সাথে ঘোড়ায় উঠে বসো!" তিয়ানমিং লোভের চোটে সব নিয়মকানুন ভুলে গেল। সে সেই রাজকন্যে-মার্কা তরুণীকে জোর করে নিজের ঘোড়ায় তুলে নিল। তারপর সেই মৃতদেহের গা থেকে দামি পোশাকগুলো খুলে নিয়ে কফিনশুদ্ধ ওটাকে ওখানেই ফেলে দিল। এরপর মেয়েটিকে সাথে নিয়ে সে তার বড় ভাই জেনশেংয়ের খোঁজে রওনা দিল।
রাস্তার ধারের লোকজন যখন দেখল এক সুদর্শন যুবক একটা দামি ঘোড়া ছুটিয়ে যাচ্ছে আর তার পেছনে এক রূপবতী মেয়ে বসে আছে, তখন তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলাবলি করতে লাগল, "আরে দেখো দেখো! ও নিশ্চয়ই কোনো রাজদরবারের মস্ত বড় কর্মচারী হবে!"
"কী চমৎকার সুন্দরী বউ পেয়েছে ও!"
চারপাশের মানুষের এই প্রশংসা শুনে তিয়ানমিং আগের চেয়েও অনেক বেশি খুশি হলো। সে মনে মনে আনন্দিত হয়ে একটা ছড়া বানিয়ে গাইতে শুরু করল:
"আমি কাটি না কাঠ, চষি না জমি,
তাও সোনা-রুপোয় মোড়া আমি
কাটি না সুতো, বুনি না ধান,
তাও রেশমি পোশাকে জুড়োয় প্রান।
পড়িনি কোনো দামী বই,
তাও সুন্দরী বউ আর তেজী ঘোড়া নিয়ে
সুখে রই।।"
ছড়া কাটা শেষ করে সে মনে মনে ভাবল, "হা হা, আমার সেই হতভাগা বড় ভাই! এতদিনে নিশ্চয়ই ওর হাড়গোড় পচে শেষ হয়ে গেছে! একবার গিয়েই না হয় দেখে আসি !" এই ভেবে সে নদীর সেই শান্ত বাঁকটিতে গিয়ে পৌঁছাল। সেখানে গিয়ে তিয়ানমিং প্রথমে তার বাবার তৈরি পুরনো কুঁড়েঘরটি খুঁজল। ঘরটি সেখানেই ছিল, কিন্তু যত্নের অভাবে এতই ভেঙেচুরে গিয়েছিল যে তা চেনার উপায় ছিল না। চারপাশটা আগাছা আর ধ্বংসস্তূপে ঘেরা। সে খামখেয়ালিভাবে মাটিতে একটা জোরে লাথি মারল। আর ঠিক তখনই তার পায়ের কাছে এসে পড়ল কয়েকটা সাদা হাড়। "ওহ্! তাহলে আমার বড় ভাইয়ের এইটুকুই অবশিষ্ট আছে!" সে বিদ্রূপের সুরে হাসল। এরপর সে যখন ঘোড়া ঘুরিয়ে ফিরে যাবে, ঠিক তখনই হঠাৎ দূর পাহাড় থেকে ভেসে আসা একটি সুন্দর গানের প্রতিধ্বনি শুনতে পেল। সুর লক্ষ্য করে সে পাহাড়ের দিকে এগিয়ে চলল। একটি ঝরনার পাশ দিয়ে পাহাড়ের ভেতরের অনেকগুলো আঁকাবাঁকা পথ পেরিয়ে সে ঘোড়া ছুটিয়ে চলল।
তিয়ানমিং যতই এগোচ্ছিল, চারপাশের দৃশ্য ততই রূপকথার মতো সুন্দর হয়ে উঠছিল। কলকলিয়ে বয়ে চলা জলের শব্দের মাঝে পাহাড়ের চূড়ায় পাখিরা মিষ্টি সুরে কিচিরমিচির করছিল। নদীর তীরে সবুজ ঘাসের গালিচায় ফুটে ছিল সুন্দর লাল রঙের ফুল। জায়গাটি ছিল একেবারে অন্য এক জগত। আরেকটি বাঁক ঘুরতেই সে দেখল, তিনদিকে পাহাড় দিয়ে ঘেরা এক অপূর্ব জায়গায় এসে পৌঁছেছে। পাহাড়ের সব ঢালে তখন তিসি চাষ হচ্ছিল। সে ঘোড়ার পিঠে বসে মনের সুখে কৃষকদের তিসি ভেজানোর দৃশ্য দেখছিল আর ভাবছিল, এটা যেন মর্ত্যের এক স্বর্গ! সে মনে মনে ভাবল: "আমার এত ঘোরাঘুরির জীবনে এত সুন্দর জায়গা আগে কখনও দেখিনি! আমার মনে হয় স্থানীয় তালুকদারও এই লুকিয়ে থাকা উপত্যকার কথা জানেন না। কেন আমি এই জায়গাটা দখল করে নিজেকে এই পাহাড়ের রাজা বানিয়ে ফেলি না?
যখন সে এসব বড় বড় স্বপ্ন দেখছিল, ঠিক তখনই হঠাৎ পাহাড়ের ওপর থেকে এক মস্ত বড় পাথর গড়িয়ে পড়ল। পরক্ষণেই কোত্থেকে এক প্রচণ্ড ঝড়ো হাওয়া ধেয়ে এল! চারদিকের ধুলোবালি আর নুড়ি পাথর উড়ে আকাশ একদম অন্ধকার হয়ে গেল। সেই রাক্ষুসে হাওয়া তিয়ানমিং এবং তার ঘোড়াকে উড়িয়ে একখণ্ড মেঘের ওপর নিয়ে গেল! সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটল। এক ইঁদুর এসে কামড়ে তাকে অন্ধ করে দিল; একটা বিড়াল এসে তার মুখ আঁচড়ে দিল। আর একটা কুকুর তাকে ঘোড়ার পিঠ থেকে টেনে নিচে ফেলে দিল। এরপর এক ভূত তাকে জাপটে ধরে পরলোকে নিয়ে যাওয়ার সময় সে ভয়ে তীব্র চিৎকার করে উঠল। সে সেখানে কোনো সুখে থাকার জন্য নয়, বরং তার সব পাপের শাস্তি পেতে যাচ্ছিল। কিছুক্ষণ পর সেই ভয়ঙ্কর ঝড় থেমে গেল। আকাশে আগুনের মতো একটা লাল টকটকে গোলক দেখা দিল এবং সেটি প্রচণ্ড গতিতে নিচের দিকে নেমে এল। সবশেষে দেখা গেল নদীর ধারের এক সবুজ ঘাসের মাঠ। সেখানে দাঁড়িয়ে ছিল তিয়ানমিং-এর সেই বাদামী ঘোড়াটি, আর তার পিঠে শান্ত হয়ে বসে ছিল সেই সুন্দরী তরুণী। লোভী তিয়ানমিং তার কর্মফল পেয়ে চিরতরে হারিয়ে গেল, আর পৃথিবী আবার শান্ত হয়ে উঠল।
তরুণীটি চারদিকে এমনভাবে তাকাল যেন সে এইমাত্র কোনো জাদুর স্বপ্ন থেকে জেগে উঠেছে। সে অবাক হয়ে বিড়বিড় করে নিজেকেই বলল, "আমি কোথায়? আমার বাড়িই বা কোথায়?" চারপাশটা তার খুব অচেনা লাগল। নিজেকে বড্ড একা আর অসহায় মনে হওয়ায় সে আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। ঠিক সেই সময় ওখান দিয়ে এক বলিষ্ঠ ও দয়ালু মধ্যবয়সী মানুষ যাচ্ছিল। তরুণীটিকে কাঁদতে দেখে সে নরম সুরে জিজ্ঞেস করলেন, "আপনি কোথা থেকে আসছেন, বোন? আর এই নির্জন জায়গায় একলা কী করছেন?"
মেয়েটি তখন কাঁদতে কাঁদতে নিজের সব দুঃখের কথা খুলে বলল। লোভী তিয়ানমিং তার সাথে যে কত বড় ফাঁকি আর প্রতারণা করেছিল, সে সব কথাও সে জানাল। সব শুনে সেই দয়ালু মানুষটি রেগে গিয়ে বলল, "কী অপদার্থ ছেলে রে বাবা! আর ভাবতেও অবাক লাগছে যে আমিই ওর আপন বড় ভাই!" এরপর সে মেয়েটিকে নিজের পরিচয় দিল। সে বলল কীভাবে তিয়ানমিং বাবার সম্পত্তি ভাগ করে নিয়েছিল। তিয়ানমিং সব নিয়ে চলে যাওয়ার পর, সে এই গ্রামে ফিরে আসে এবং একদল গরিব বন্ধুকে সাথে নিয়ে একজোট হয়। তারা সবাই মিলে এই পাহাড়ি পতিত জমি চাষ করতে শুরু কর। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা কুয়ো আর খাল খুঁড়ে জমিতে জল আনল। শুরুতে তাদের কাছে মাত্র এক মুঠো তিসির বীজ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু তারা হার মানেনি। বছরের পর বছর তারা কঠোর পরিশ্রম করে বীজ বুনেছে আর ফসল কেটেছে। এভাবেই একটি বীজ থেকে দশটি, দশটি থেকে একশো আর একশো থেকে হাজার হাজার বীজ তৈরি হলো। তাদের হাতের ছোঁয়ায় সেই শুকনো ও খাঁ খাঁ করা পাহাড় আজ সবুজ গাছপালা আর স্বচ্ছ জলের এক রূপকথার রাজ্য হয়ে উঠেছে!
এই সততা আর পরিশ্রমের গল্প শুনে তরুণীটির মন ছুঁয়ে গেল। সে শ্রদ্ধায় আপ্লুত হয়ে বলল, "আপনি একজন সত্যিকারের ভালো মানুষ!" সে চারদিকের সুন্দর প্রকৃতির দিকে তাকিয়ে আরও বলল, "এই জায়গাটিও কত শান্ত আর সুন্দর! আমি কি আপনার সাথেই এখানে থেকে যেতে পারি? আমি আপনার জন্য রান্না করব, তিসি থেকে তেল বের করব আর সুন্দর লিনেন কাপড় বুনে দেব। আমাকে এখানে থাকতে দেবেন?" কথাটি বড় ভাইয়ের দাগ কাটলো। সে আনন্দে চিৎকার করে উঠল, "আরে! এ তো দারুণ প্রস্তাব! তুমি আমার সাথে চিরদিন থাকবে?" ব্যস, বড় ভাই জেনশেং-এর (Gensheng) সাথে সেই তরুণীর ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তারা সেই সুন্দর উপত্যকায় নিজেদের ঘর বাঁধল। সেই দিন থেকে তারা দুজনে মিলে একসাথে মাঠে কাজ করত, মনের সুখে গান গাইত আর আজীবন সুখে-শান্তিতে দিন কাটাতে লাগল।
0 Comments