তিনটি কবিতা
মলয় জানা
শ্বাস ভেসে যায়
বিরহের আট মাস পর,
হঠাৎ শুনলেন কবি,
পুষ্কর মেঘের কাছে
তোমার মিনতি।
বিরহের আট মাস,
শুধুই পুড়েছ?
মনে মনে উড়েছ
শিপ্রা বেত্রবতী তীরে।
উজ্জয়িনীপুরে
নিশীথ অভিসারে
নিজেকে খুঁজেছ।
লুপ্ত ক্ষমতার শোকে
অক্ষম রোষে
মরমে পুড়েছ।
পুষ্কর আবর্ত নয়
অলকা অভিমুখে
একটি দীর্ঘশ্বাস।
যখন বন্ধু পেয়েছিল
নিবিড় প্রেমের দিন ছিল।
পাগলটা শুধু দেখছিল।
রোমশ বুকে নরম হাত
আপন মনে খেলছিল,
পাগল শুধু দেখছিল।
পাগল শুধু দেখছিল,
মিষ্টি স্বর্ণলতার বাহু
তরুণ তমাল শরীর বেয়ে
সুকৌশলে উঠছিল,
পাগল শুধু ভাবছিল।
ঘোলাটে স্মৃতি খুঁজছিল।
আপন মনে হাসছিল।
তখন সন্ধ্যে নামছিল,
অন্ধকারে ও হাসছিল।
এসো মেপে ভালোবাসি
ভালোবাসা মাপি কীসে?
উচ্চতা গভীরতা, মিটারে?
পরিমাণ, লিটারে?
সময়টা, মিনিটে?
একক সে যাই হোক,
মাপামাপি জরুরী।
মাপে যদি না ভজে
ঢোলা প্যান্টের মতো
পুক করে খুলে যাবে।
হাউ হাউ কাঁদবে।
কেন কাঁদে? কেন কাঁদে?
কাঁদলেই বুঝবে।
বাসাবাসি পরে হবে,
আগে মাপ দেখে নাও।
জেগে থাকা রাত আর
ভেজা ভেজা চোখ???
শকুনের খাদ্য।
0 Comments