মেদিনীপুরের মানুষ রতন, পর্ব -- ২১৪
মৃত্যুঞ্জয় মাইতি (সাংবাদিক, স্বাধীনতা সংগ্রামী, ভগবানপুর)
ভাস্করব্রত পতি
তিনি ছিলেন একাধারে স্বাধীনতা সংগ্রামী। অন্যদিকে প্রতিষ্ঠিত কাগজের প্রোথিতযশা সাংবাদিক। তিনি মেদিনীপুরের মানুষ রতন মৃত্যুঞ্জয় মাইতি। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের কুঞ্জপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ১৯২১ এর ১৯ শে মে। বাবার নাম গদাধর মাইতি এবং মা ছিলেন সুভদ্রাদেবী। প্রাথমিক পাঠ গ্রহণ করেন বিখ্যাত মুগবেড়িয়া গঙ্গাধর হাইস্কুল থেকে। এরপর ভগবানপুর হাইস্কুলে ভর্তি হন। স্নাতক স্তরের পাঠ নিতে ভর্তি হন কাঁথি প্রভাত কুমার কলেজে।
পড়াশোনা করতে করতেেই স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন মৃত্যুঞ্জয় মাইতি। ভারতছাড়ো আন্দোলনের সাথে অন্যান্যদের সঙ্গে নিজেকে ব্যাপৃত করে ফেলেন। আন্দোলনের পটভূমিতে সামনের সারিতে এসে নেতৃত্ব দিতে থাকেন। ফলে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং এক বছরের জন্য কারাবাসে পাঠায়।
স্বাধীনতার পর সরকারী অফিসে করণিকের পদে কর্মজীবন শুরু করেন। নিজের কর্মদক্ষতার গুণে এক বছর তিনি খাদি ও গ্রামোদ্যোগ বোর্ডের ফিল্ড পাবলিসিটি অফিসার পদে নিযুক্তি পান। তিনি তাঁর কাজের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত দক্ষ। ফলে পরবর্তীতে এরাজ্যের মন্ত্রী চারুচন্দ্র মহান্তির আপ্ত সহায়ক পদে কাজ করেন টানা সাত বছর।
এসব কাজের মধ্যে তিনি তেমন আনন্দিত ছিলেন না। ফলে একসময় প্রবেশ করেন সাংবাদিকতার দুনিয়ায়। সেসময় বহুল প্রচারিত 'যুগান্তর' পত্রিকার সাথে যুক্ত হন। এখানে দীর্ঘ ২৮ বছর সাংবাদিকতা করেন। অবশেষে অবসরগ্রহণ করেন এই পত্রিকার চিফ সাব এডিটার পদে আসীন থেকে। মেদিনীপুরের বুক থেকে উঠে গিয়ে কলকাতার বুকে দীর্ঘদিন সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কৃতিত্ব তিনি দেখিয়েছেন। এছাড়াও প্রমথনাথ পালের 'প্রভাত' পত্রিকায় বেশ কিছুদিন সহসম্পাদক পদে কার্যভার চালিয়েছেন।
শুধু সাংবাদিকতা নয়, সাহিত্য এবং সঙ্গীতকলাতেও তাঁর অনুরাগ ছিল ব্যাপক। তাঁর প্রকাশিত কাব্যগুলি হল আবাদ, গ্রাম নদী বন, দূরের বন্ধু এবং শেষ অপরাহ্ণ।
এছাড়াও মৃত্যুঞ্জয় মাইতি লিখেছেন অসংখ্য উপন্যাস। সেগুলি হল রূপনারায়ণ, যখন বৃষ্টি নামল, শেষ প্রহরের ঘণ্টা, নূতন জনপদ, নদী মাটি মানুষ, নিঃসঙ্গ নায়ক, বীজধান, মুক্তির দিন এবং মাটির রং লাল।
তিনি তাঁর জীবদ্দশায় বিভিন্ন পত্রপত্রিকায় বহু গল্প, কবিতা এবং প্রবন্ধ লিখেছেন। বহু বেতার নাটক তাঁর কলমের কালিতে প্রাণ পেয়েছিল বলা যায়। এরকমই কিছু বেতার নাটক হল করুণাদি, দ্বিতীয় সত্তা, মোনাভানা, নিহত বনস্পতি, জন্মভূমি, শেষ ট্রেন, ঈশ্বরের আলো, ভারততীর্থ, ডাকবাংলো, প্রসন্ন সকাল, সমুদ্রের কাছে ইত্যাদি। আলেকজান্ডার পুস্কিনের রচনার ছায়াবলম্বনে লিখেছেন 'পোষ্ট মাস্টার' এবং ভিক্টর হিউগোর লা মিজারেবল অবলম্বনে লেখেন 'দীনের হতে দীন' বেতার নাটক।
এই শেষ অপরাহ্ন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ Last Afternoon এবং উপন্যাস বীজধানের ইংরেজি অনুবাদ Earth and the Seeds করেন কৌশিক রায়। ২০১৩ এর ২৫ শে নভেম্বর মৃত্যু হয় মেদিনীপুরের এই অখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক মৃত্যুঞ্জয় মাইতির।
🍂
0 Comments