বাংলার ঘাস পাতা ফুল ফল, পর্ব -- ১৩০
আঁশফল
ভাস্করব্রত পতি
লিচুর বিকল্প হিসেবে বাজারে চলে আঁশফল। কাঠলিচু বা দেশি লিচু এবং লঙ্গান নামেও পরিচিত আঁশফল। ইংরেজিতে বলে Cat's Eye। এই গরমে অন্যান্য ফলের সাথে আঁশফলও বিক্রি হচ্ছে ইদানিং। তবে তেমনভাবে ক্রেতাদের গ্রহণযোগ্যতা কিংবা ভালোবাসা অর্জন করার সৌভাগ্য হয়ে ওঠেনি এর। এটি ভারত ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার চিন, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়াতে জন্মায়। সাধারণত মে জুন নাগাদ এই ফল পাকলে বাজারে আমদানি হতে দেখা যায়।
ফল দোকানে আঁশফলের রাশি
লিচু পরিবারের অন্তর্গত ফলটি বেশ রসালো, সুমিষ্ট এবং সুস্বাদু। তবে আকারে লিচুর চেয়ে ছোট। অনেকটা ঠিক মার্বেলের মতো। পাঁউশে বাদামি হলুদ রঙের খোসা ছাড়ালে ভেতরে চকচকে কালো রঙের বীজ মেলে। তবে খোসার ভেতরে থাকা নরম শাঁসটি অবশ্য লিচুর শাঁসের মতোই সাদা। এর মধ্যে প্রায় ৭২ শতাংশ জল থাকে। এই ফলের কোনো আঁশ নেই বা আঁশটে গন্ধও ছাড়ে না। তবুও এর নাম আঁশফল।
ছাড়ানো আঁশফল
চিরসবুজ এই গাছটি উচ্চতায় ৪০ মিটার পর্যন্ত হয়। এদের ৮ টি পুংপুষ্পক থাকে। উভয়লিঙ্গ। আঙুরের মতো গুচ্ছাকারে ঝুলে থাকে ফলগুলি। লিচুর মতো এটিও Sapindaceae পরিবারের অন্তর্গত। এই আঁশফলের বিজ্ঞানসম্মত নাম --
Dimocarpus longan
Dimocarpus undulatus
Euphoria cinerea
Dimocarpus leichhardtii
Euphoria glabra
Euphoria gracilis
Euphoria leichhardtii
Euphoria longan
Euphoria longana
Euphoria malaiensis
Euphoria microcarpa
Euphoria nephelioides
Euphoria verruculosa
Nephelium longan
হলদিয়ার চৈতন্যপুর বাজারে এক দোকানদার বিক্রি করছেন আঁশফল
আঁশফলের মধ্যেকার ফাইবার এবং কার্বোহাইড্রেট হজমশক্তি বাড়ায়। যে পরিমাণ ভিটামিন সি, ক্যালসিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট এর মধ্যে থাকে, তা আসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া পাকস্থলীর প্রদাহ নিবারণে এবং নিদ্রাহীনতা রোধে কার্যকরী। পাতলা পায়খানা, বমি ও প্রস্রাবের সমস্যার সমাধানেও খুব কার্যকরী।
🍂
0 Comments