দুটি কবিতা

মলয় জানা

বরুণা বনলতা

বরুণা বলেছিল। 
বলেই ছিল শুধু,
রাখে নি কোন কথা।
সেই থেকে যত মেয়ে,
মেয়ে ছেলে মিলে
কথা দেয় শুধু, 
দিতে হয় তাই।

তার ও আগে বনলতা,
কথা রেখেছিল।
হাজার বছর ধরে,
আসবেই জেনে
অধীর অপেক্ষায়, 
সময়ের সাথে
লুকোচুরি খেলে,
ইতিহাস ভূগোলের 
পথে হেঁটে আসা
মানুষের সাথে 
দন্ড দুয়েক শুধু!
তবুও অপেক্ষায় 
হাজার বছর।
হাজার বছর বুকে
একটিই কথা,
মন্ত্রের মতো জপ, 
মন্ত্রের মতো,
" এতদিন কোথায় ছিলেন?"

আমাদের একদিনে
হাজার প্রতিশ্রুতি, 
" আলো এনে দেব,
হাসি মেখে দেব,
অ-সুখ উড়িয়ে দিয়ে
শান্তি এনে দেব"।
আবার নতুন দিনে
আবার হাজার কথা।
হাজার জনের কাছে
হাজার হাজার কথা।

হাজার বছর ধরে
একটিই কথা।
হাজার হাজার দিনে
হাজার হাজার কথা।


অসহ্য পান্ডুলিপি

হারিয়ে যাওয়া এতই সহজ?
কিংবা ধরো  হারিয়ে ফেলা?
সকাল হতেই ফুটল যে ফুল,
ঝরেই গেল শেষ বিকেলে,
সত্যি কি সে হারিয়ে গেল?
বাতাসে তার গন্ধ ভাসে,
বীজের ভেতর স্বপ্ন বাঁচে।
হয়তো শোকে, নয়তো সুখে,
নয়তো ঢেকে গোপন অ-সুখ,
হারিয়ে যাওয়ার গল্প বুনে
কাটুক না দিন, রাত ও কাটুক!
অন্ধকারের গোপন ছায়ায়,
তোমার মনের গোপন মায়ায়,
গন্ধ ভাসে, বীজ ও বাঁচে।
শাখায় যদি ফুল না ফোটে,
তবুও তোমার মনে হবেই,
' সেই ফুলটি! গন্ধটি বেশ!'
হারিয়ে যাওয়া ফুলের সুবাস,
তোমার মনের আকাশ জুড়ে, 
হারিয়ে যাওয়া এতোই সহজ?
কিংবা ধর, হারিয়ে ফেলা!!

অন্ধকারে একলা বসে
দু চোখ মেলে দেখ যদি,
পান্ডুলিপি দেখতে পাবে।
সব হারানোর গল্প লেখা,
তোমার মনেই যত্নে রাখা।

🍂