বিশ্ব মানবিক দিবস
দোলনচাঁপা তেওয়ারী দে
আজ উনিশে আগস্ট, বিশ্ব মানবিক দিবস। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়ে জন্মেছি, আমাদের মধ্যে মানবিকতা থাকবে এটাই স্বাভাবিক। আসুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।
মানবতার আলো জ্বালানোর অঙ্গীকার
মানুষের পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতা। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, দেশ কিংবা মতাদর্শের পার্থক্য থাকলেও মানুষের দুঃখ-কষ্ট, ভালোবাসা ও বেঁচে থাকার আকাঙ্ক্ষা একই। পৃথিবীর নানা প্রান্তে যখন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য, ক্ষুধা ও নানা সংকট মানুষের জীবনকে বিপন্ন করে, তখন কিছু মানুষ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ান। তাঁদের সেই মানবিক কাজকে সম্মান জানাতেই প্রতি বছর ১৯শে আগস্ট বিশ্ব মানবিক দিবস পালিত হয়।
বিশ্ব মানবিক দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। ২০০৩ সালের ১৯শে আগস্ট ইরাকের বাগদাদে জাতিসংঘের কার্যালয়ে ভয়াবহ হামলায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সের্গিও ভিয়েরা দে মেলোসহ বহু মানবিক কর্মী নিহত হন। তাঁদের স্মরণে এবং বিশ্বজুড়ে মানবিক কাজে নিয়োজিত মানুষদের সম্মান জানাতে ২০০৮ সালে জাতিসংঘ ১৯শে আগস্টকে বিশ্ব মানবিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
মানবিকতা কোনো বিশেষ শ্রেণির মানুষের সম্পত্তি নয়। একজন চিকিৎসক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আহত মানুষের চিকিৎসা করেন, একজন স্বেচ্ছাসেবক বন্যার্ত মানুষের হাতে খাবার ও জল তুলে দেন, একজন শিক্ষক বিপর্যস্ত শিশুদের পড়াশোনার সুযোগ করে দেন, এই প্রত্যেক ঘটনাগুলি মানবিকতার উদাহরণ, এমনকি বিপদের সময় অপরিচিত একজন মানুষের পাশে দাঁড়ানোও মানবিকতার গুরুত্বপূর্ণ প্রকাশ।
🍂
বর্তমান পৃথিবীতে মানবিক সংকটের সংখ্যা কম নয়। যুদ্ধ ও সংঘাতের কারণে অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছেন। কোথাও বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা খরায় মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর ওপর বিশেষভাবে পড়ছে। এই পরিস্থিতিতে মানবিক কর্মীরা প্রায়ই নিজেদের নিরাপত্তার কথা ভুলে বিপন্ন মানুষের কাছে পৌঁছে যান। তাঁদের কাজ আমাদের শেখায় মানবতার কোনো সীমান্ত নেই। তবে মানবিকতা কেবল বড় কোনো বিপর্যয়ের সময় প্রকাশ করতে হবে, এমন নয়। আমাদের দৈনন্দিন জীবনেও মানবিকতার অসংখ্য সুযোগ রয়েছে। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, অসুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করা, বিপদে পড়া বন্ধুর পাশে দাঁড়ানো, পথশিশুর প্রতি সহানুভূতিশীল হওয়া কিংবা কারও দুঃখকে উপহাস না করা, এসব ছোট, ছোট কাজই সমাজকে আরও সুন্দর করে তুলতে পারে।
বিশ্ব মানবিক দিবস আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সহানুভূতি শুধু অনুভূতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাকে কাজে পরিণত করতে হবে। অন্যের কষ্ট বুঝে তার পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে স্বেচ্ছাসেবার মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি, কারণ আজকের তরুণরাই আগামী দিনের সমাজ ও পৃথিবীর নেতৃত্ব দেবে।
মানবিকতার পথে সবচেয়ে বড় বাঁধা হলো, উদাসীনতা। আমরা অনেক সময় মনে করি, অন্যের সমস্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু একটি সমাজ তখনই শক্তিশালী হয়, যখন মানুষ শুধু নিজের কথা না ভেবে অন্যের কল্যাণের কথাও ভাবে। একজনের সামান্য সহযোগিতা হয়তো অন্য একজনের জীবনে নতুন আশার জন্ম দিতে পারে।
বিশ্ব মানবিক দিবস তাই আমাদের কাছে একটি নৈতিক আহ্বান। এই দিনে শুধু মানবিক কর্মীদের শ্রদ্ধা জানালেই দায়িত্ব শেষ হয় না, বরং নিজেদের জীবনেও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হয়। ঘৃণার পরিবর্তে ভালোবাসা, বিভেদের পরিবর্তে ঐক্য এবং উদাসীনতার পরিবর্তে সহমর্মিতা এই মূল্যবোধগুলোই পারে পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে।
শেষ পর্যন্ত মানুষ তার সম্পদ, ক্ষমতা বা পরিচয়ের জন্য নয়, তার মানবিক কাজের জন্যই মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তাই বিশ্ব মানবিক দিবসের মূল বার্তা হতে পারে, মানুষের বিপদে মানুষই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। পৃথিবীর প্রতিটি মানুষ যদি নিজের সামর্থ্য অনুযায়ী অন্তত একজন মানুষের পাশে দাঁড়ায়, তবে অসংখ্য ছোট, ছোট মানবিক উদ্যোগ মিলেই তৈরি হবে একটি সহমর্মী, শান্তিপূর্ণ ও সুন্দর পৃথিবী।
0 Comments