জ্বলদর্চি

রম্য কবিতা-৩৫ / শুভশ্রী রায়

রম্য কবিতা-৩৫ / শুভশ্রী রায়

অনায়াস

একটু আধটু লিখে থাকি ছড়াটড়া,
"পড়ুন না", বলে মোটে নয় পায়ে ধরা,
আগ্রহ হলে সুহৃদ ঠিক নেবেন পড়ে;
মন্দ বোধ হ'লে ছোঁবেন না দয়া করে!

তবে ছড়াই লিখি , কিচ্ছুটি না কাটি,
চার দিকে এত জল হাওয়া আর মাটি,
তাদেরই প্রভাবে পুঁতে দিই সহজ সুখ;
ছড়া-ফুলেই দেখি ধরার টুকটুকে মুখ!

ছড়া টলটলে, ছড়া নরম, বড়ই সোজা,
আর সহজকেই বরাবর আমার খোঁজা,
চাই যে অনায়াস একটু আনন্দ বিনিময়;
কঠোর-কঠিন কিছু তো ছড়ার জন্য নয়!


ছড়ার টানে

টুক করে কেউ ছড়া লেখে আর তাকেই নিয়ে,
কত না মন্দ বাক্যি, পারলে দেখে এসো গিয়ে!
তবে মন্দ না শুনে বরং একটি ছড়া পড়ে নাও,
পুরো দিন ছাড়ো, মুহূর্তটা ভালো কাটবে তাও!
আনন্দস্রোতে মিশতে চেয়ে কেউ লিখলে ছড়া,
ঠিক কোন্ দৃষ্টি ও ভঙ্গীতে দোষটোষ হয় ধরা?

সারা দিনই তো, মানুষ টেনে নামাচ্ছে এ ওকে,
এ ওর গায়ে কালি ছিটিয়ে সুখ পাচ্ছে লোকে!
নিত্য কূটকচালি থেকে কেউ যদি না পায় সুখ,
ছড়ার বাক্সে রেখে দিতে চায় দুনিয়ার খুশি-মুখ;
তাতে অপরাধ হয় নাকি, হয় বুঝি কারো ক্ষতি?
কী করণীয় সব্বার যদি না হয় কূট-পন্থাই গতি?
🍂
উল্টোডাঙায় ছড়া

থোড় বড়ি খাড়া ফুরোতেই খাড়া বড়ি থোড়,
নিশ্চয় বরাবর এভাবেই আরম্ভ থেকে শেষ
মেহনত-ক্লান্তি, বন্ধু ও শত্রু সমেত বাঁধা গত-
পানসে, বিরক্তিকর এবং একঘেয়ে জব্বর!

তার চেয়ে জেনেশুনে বড়িকেই থোড় ডাকি,
হয়তো বা ছিটেফোঁটা স্বস্তি, একটুই অনেক,
সব তাড়াহুড়োকে খেয়ালে উল্টো খাড়া করি;
নয় শাস্তি, বাস্তব মজা যে দিয়ে গেছে ফাঁকি!


হাল্কাপল্কা ছড়ার ডিঙি

যখন আমার হাল্কা ছড়ার পল্কা ডিঙি মাঝনদীতে উল্টে যায়,
কত কিছুই ঘটতে থাকে যত ছড়াকে জল-জাদুতে পায়,
খুশ-রুপালি হুঁশ মাছের ঝাঁক ছড়ার পাশেই দেয় সাঁতার
আমি দেখতে থাকি অবাক হয়ে রুপো রুপো জলবাহার,
আবার কখনো এক মৎস্যকন্যা ছড়ার পাতা নেয় টেনে,
হয়তো বা পড়েও ফেলে, তার কেমন লাগে কে জানে!

জলের টানে ছড়ার কানে নতুন কথা দিব্যি আসে ভেসে,
নতুন রকম গল্পকথা শুনে আমার ছড়াও খিলখিলিয়ে হাসে,
জ্যোৎস্নাময় স্রোত তাকে দেয় নিজের সহজ আনন্দের ভাগ,
শেষ অবধি ছড়ার অবয়বে লেগে থাকে জলের সুখী দাগ।
এমন সবই হয় তা নয়, বোধহয় আরো অনেক কিছু ঘটে;
খানিক তার বুঝি আর অনেকখানি অধরা অনুভূতির পটে!                                        -*-

Post a Comment

1 Comments