জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /অনিন্দিতা মন্ডল

গুচ্ছ কবিতা 
অনিন্দিতা মন্ডল

বিস্ময়

আলোর তলায় ঘুরপাক খায় 
এক ঝাঁক পোকা,
নিভু নিভু 
চাঁদের আলোয়
অনন্তকাল
তারা গুনগুন করে।
মনে হয় আস্ত শীতকালের
গায়ে জন্ম নিচ্ছে ঝাঁক ঝাঁক দেবদ্যুতি। 


সুযোগ সন্ধানী

রাতে মাছিরা উড়ে এসে বসে
আলোয়, হাঁ করে চেয়ে থাকে 
নির্লজ্জ টিকটিকি।

ছক কষে—
ক্ষিদে ডিঙিয়ে যেতে যেতে 
হামলে পড়তে হয় নিভৃতে।


 আয়না

সদ্য রোয়া জমির আলে
নিশ্চুপ বক ছলনায় এক পেট
গিলে নেওয়ার আগে দেখে
নিয়েছে 
সাহসী নতমুখ,

সাদা হিংস্র ঠোঁট।

🍂


নথ

পালকের মতো সাঁতরাচ্ছে নিঃশ্বাস
বিনা বাক্যে ছুঁয়েছে ওষ্ট— মধুর ক্ষত।
ঝরে পড়ে ভনিতা। বলিহারি লজ্জা
 
সালঙ্কারা মেয়ে
এই তবে ভালোবাসা! 

সম্ভাবনা

ভিড় ঠেলে বহুদূর পৌঁছান যায়, 
আঘাতে আঘাতে দাগিয়ে দিতে 
হয় স্বভাব, অন্ধ  বালিকার হাতে
তুলে দিতে হয় ভোর
উৎসব সচেতন পথে পাশ কাটিয়ে 
যাওয়া বাধ্যতামূলক হয়ে ওঠে
অভিযোগে হেসে ওঠে অন্তরের 
আনন্দ— মাধবীলতার নিবিড় ছায়া।


প্রেমের বর্গমূল 

আস্ত একটা শরীর ডুবে
যাচ্ছে জলে, আছাড় খেতে
খেতে কবুল করেছে দোষ,
উপুর হয়ে উচ্চাঙ্গ সুরে 
হা-পিত্যেশ করতে গিয়ে 
বেরিয়ে এসেছে থই থই
বিরহ রেওয়াজ


টাইম ফুল 

ও বেলার চিকচিকে রোদে মুখ
তুলে তাকিয়েছে দুধে আলতা
রঙ নিয়ে, ভেসে আসছে সলিল
কন্ঠ। এ বেলায়, প্রজাপতিরা ঝাঁকে
ঝাঁকে শুনে নিচ্ছে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে
ঝরে পড়া নষ্ট ভ্রূণের বিলাপ।


সহজ

গাছ থেকে খসল কচি পাতাটি
এত সহজ হতে পারেনি কেউ 
যেদিন যেভাবে এসেছে 
মৃত্যু
যত্নে লালিত জীবনের কাছে।

Post a Comment

0 Comments