জ্বলদর্চি

সেগুন-শালের অরণ্যগাথা/পর্ব ৪/ মৈত্রেয়ী চট্টোপাধ্যায়

সেগুন-শালের অরণ্যগাথা
পর্ব ৪: 
মৈত্রেয়ী চট্টোপাধ্যায় 

ছবি - অভিজ্ঞান ঘোষ 

সেগুনের সাম্রাজ্য ও  পাথুরে, রুক্ষ পাহাড়

“Taking to the road– by which I mean letting the road take you– changed who I thought I was. The road is messy in the way that real life is messy”. গ্লোরিয়া স্টাইনমের এই উক্তি যেন আমারই মনের অভিব্যক্তি। পথের অনিশ্চয়তা, চড়াই-উতরাই পেরিয়ে, অহং এর খোলস ভেঙে বেরিয়ে আসে এক নতুন “আমি”। পথ তাই চিরকালের আপন।

কলকাতা থেকে সচরাচর গাড়ি নিয়েই রওনা হই মধ‍্যভারতের জঙ্গলের টানে। অভ্যাস না থাকলে এ পথ দীর্ঘ মনে হতে পারে। পথসাথি কর্ম সূত্রে নয়, তবে শখের তাগিদে অত‍্যন্ত দরদী ও মরমী  ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং কুশলী চালক। তাই  পথের দৈর্ঘ্য ভাবায়নি সেভাবে। সেই সূত্রে এই অরণ‍্যভূমির সাথে আমার দীর্ঘকালীন সম্পর্ক। বেশ কিছু বছর আগেও, মধ‍্যভারতের এইসব জঙ্গলে কোনোরকম বুকিং বা সংরক্ষণ ছাড়াই তৎকাল টিকিট কেটে প্রবেশ করা যেত। তাই উঠল বাই তো জঙ্গল যাই- এই ছিল জীবনের মন্ত্র। কিন্তু সময়ের সাথে বনদপ্তরের নিয়মাবলী সুদৃঢ় হয়েছে। অসাধু কার্যকলাপ মাথায় রেখেই এই পদক্ষেপ এবং তা সাধুবাদ যোগ্য। তাই সাফারি করার জন‍্য এখন পূর্ব সংরক্ষণ অত‍্যন্ত জরুরি এবং অনলাইনে তা সম্ভব। 

পেন্চের রমণীয় মহাজাগতিক নভোমণ্ডলকে পেছনে ফেলে আমাদের গাড়ি যখন পরেরদিন চন্দ্রপুরের দিকে ছুটছিল, জানলার বাইরে ভৌগোলিক মানচিত্রটা ক্রমশ বদলে যাচ্ছিল। বাতাসে আর্দ্রতার লেশমাত্র নেই, শুষ্ক বাতাস। রিসোর্টে পৌঁছে রাতে বিশ্রাম। পরেরদিন সকালে সাফারি। 

আমরা প্রবেশ করলাম মহারাষ্ট্রের প্রাচীনতম এবং সবচেয়ে চর্চিত ব্যাঘ্র-সাম্রাজ্যে— তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভ। পেন্চের জঙ্গল যদি হয় কিপলিং-এর গল্পের  মায়াবী রূপকথা, তবে তাডোবা হলো রুক্ষ বনভূমি। মাটির রঙ লালচে-বাদামী। চারপাশটা ঘিরে রেখেছে মাইলের পর মাইল বিস্তৃত শুষ্ক পাতাঝরা সেগুনের বন। ঘন পাতার আস্তরণ সরিয়ে সূর্যের নরম আলোর ঝলকানি ধুয়ে দিল বনভূমি। কি অপূর্ব তার শোভা! ধুলো উড়িয়ে ছুটে চলেছে হুড খোলা জিপসি। এলোমেলো হাওয়ায় চুলগুলো উড়ে মুখে এসে পড়ছে। যেখানে সেখানে কাব‍্য করাটা আমার স্বভাব। মনে মনে আওড়াচ্ছিলাম - “রঙিন নিমেষ ধুলার দুলাল/পরানে ছড়ায় আবীর গুলাল/ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য/ হঠাৎ-আলোর ঝল্‌কানি লেগে ঝলমল করে চিত্ত”।

জিপসি যখন পাহাড়ের গা বেয়ে সংকীর্ণ ট্রেইল ধরে ওপরে উঠছিল, চারপাশের নিস্তব্ধতা প্রগাঢ় হয়ে উঠল। শুকনো বাঁশের ডালগুলো বাতাসে একে অপরের গায়ে লেগে এক নৈসর্গিক শব্দ তৈরি করেছে, যা এই রুক্ষ পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। ড্রাইভার মাঝে মাঝেই গাড়ি থামিয়ে পাগমার্ক খুঁজছিলেন। বাঘের থাবার দাগ যা থেকে অনুমান করা যায় বাঘের গতিবিধি। তাডোবার বাঘেরা অন্য বাঘেদের মতই স্বভাবে আগ্রাসী এবং নির্ভীক বলেই কুখ্যাতি ও সুখ্যাতি দুই-ই আছে। তারা মানুষের জিপসি গাড়িকে পরোয়া করে না, নিজেদের রাজকীয় মেজাজেই বনের মাঝখান দিয়ে হেঁটে যায়। পাগমার্ক দেখে বোঝা গেল, গত রাতের। বাঘেরা নিঝুম রাতে দীর্ঘ পথ পাড়ি দেয়। দেখা না মেলায় হতাশ হয়ে ফিরে এলাম রিসোর্টে।
🍂
দুপুরের সাফারিতে তাডোবার মূল গেট দিয়ে যখন আমাদের জিপসি ভেতরে ঢুকল, চড়া রোদে চারপাশটা যেন খাঁ খাঁ করছিল। এখানে সবুজ নরম ঘাসের গালিচা নেই; পরিবর্তে আছে পাথুরে পাহাড়, শুকনো বাঁশঝাড় আর সেগুন পাতার ধূসর আস্তরণ। শুকনো পাতা, বুনো মাটির ওপর অদ্ভুত বনজ ঘ্রাণ উদ্রেক করে। গাইড স্বযত্নে ব‍্যখ‍্যা করে চলেছেন এই জঙ্গলের প্রকৃতি। তাঁর মতে তাডোবার প্রকৃত চরিত্র লুকিয়ে আছে এই রুক্ষতার মধ্যেই। এখানকার তাপমাত্রা যখন ৪২-৪৫ ডিগ্রিতে পৌঁছায়, তখন জঙ্গল তপ্ত তামার রঙ নেয়। আর ঠিক তখনই বাঘেদের দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হয়।
আসলে তাডোবা নামের পেছনেও লুকিয়ে আছে এক আদিম লোকগাথা। এই অঞ্চলের গোণ্ড আদিবাসীদের আরাধ্য দেবতা ‘তারু’। কথিত আছে, বহু শতাব্দী আগে এক গ্রামপ্রধান ‘তারু’ বনের এক বাঘের সাথে লড়াই করতে করতে শহীদ হয়েছিলেন। তাঁর নামেই এই অরণ্যের নাম ‘তাডোবা’, আর বনের বুক চিরে বয়ে চলা ‘আন্ধারি’ নদী, এই দুয়ে মিলে তৈরি হয়েছে এই অভয়ারণ্য। আজও বনের ভেতরের এক প্রাচীন মন্দিরে আদিবাসীরা বাঘ-দেবতাকে পুজো করে। অরণ্য আর মানুষের এই আদিম সহাবস্থানের গল্প তাডোবার আকাশে বাতাসে ভেসে বেড়ায়।

পাহাড়ের ঢাল বেয়ে গাড়ি যখন নিচের দিকে নামতে শুরু করেছে, হঠাৎ গাছের ফাঁক দিয়ে দূরে একটা বিশাল জলের ধারা চকচক করে উঠল। গাইড এর থেকে জানা গেল এই সেই বিখ্যাত তেলিয়া হ্রদ। তাডোবার বাঘেদের ইতিহাসের বড় বড় যুদ্ধ নাকি এই হ্রদের দখল নিয়েই! দেখলাম, জলের ঠিক কিনারে একটা বিরাট কালো পাথরের মতো কী যেন নড়ছে!

নতুন এক অজানা উত্তেজনায় শিহরিত হলাম। গাড়ি থমকে দাঁড়াল ধুলো উড়িয়ে... (ক্রমশ...)

কিছু জরুরি তথ্যঃ

সাফারি বুকিং
তাডোবায় দুই ধরণের সাফারি হয়—কোর জোন যা প্রধান জঙ্গল এবং বাফার জোন যা মূল জঙ্গলের সীমান্তবর্তী এলাকা। সাফারির জন্য শুধুমাত্র মহারাষ্ট্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট MyTadoba Forest Department ব্যবহার করে বুকিং করা উচিত। ভ্রমণের ১২০ দিন (৪ মাস) আগে থেকে বুক করা দরকার। কোর জোনের টিকিট খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই আগে থেকেই পরিকল্পনা করা প্রয়োজন। বুকিংয়ের সময় এবং সাফারিতে প্রবেশের সময় সমস্ত পর্যটকের আসল আইডি প্রুফ (আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট) সাথে রাখা বাধ্যতামূলক। অতি অবশ্যই মনে রাখবেন। একটি জিপ সাফারিতে সর্বোচ্চ ৬ জন বসতে পারেন। জাতীয় উদ্যানের কোর জোন প্রতি মঙ্গলবার বন্ধ থাকে এবং বাফার জোন প্রতি বুধবার বন্ধ থাকে। 

প্রধান সাফারি গেট 
তাডোবা জঙ্গলটি বিশাল এবং এর প্রবেশদ্বার বা গেটগুলি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। জনপ্রিয় ৩টি জোন আছে।
মোহরলি জোন তাডোবার সবচেয়ে জনপ্রিয়, প্রাচীন এবং ব্যস্ততম গেট। অন‍্যটি কোলারা জোন যা থেকে নাগপুরের দূরত্ব কম এবং তাই বেশ জনপ্রিয়। এছাড়াও নাভেগাঁও ও কোলসা জোন আছে যা অপেক্ষাকৃত শান্ত এবং জঙ্গল এখানে বেশ ঘন।

যাতায়াত ব্যবস্থা 
সবচেয়ে কাছের বিমানবন্দর নাগপুর। বিমানবন্দর থেকে তাডোবার মোহরলি গেটের দূরত্ব প্রায় ১৪০ কিমি এবং কোলারা গেট ১২০ কিমি। বিমানবন্দর থেকে সরাসরি গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার মধ্যে পৌঁছানো যায়।

Post a Comment

1 Comments

  1. সোমনাথ মুখোপাধ্যায়September 26, 2026

    মৈত্রেয়ী, আপনার লেখার সৃত্রে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে দারুন লাগছে। লেখার ভেতরে বৈচিত্র্যের বিপুল রসদ মজুদ রয়েছে। ঠিকঠাক তাকে উপভোগ করাটাই হলো রসজ্ঞ পাঠকদের মুন্সীয়ানা। গাড়ির চাকা গড়াক আরও বহু ধুলোমাখা পথে। অভিজ্ঞানকেও ধন্যবাদ, অসম্ভব সুন্দর ছবির জন্য।

    ReplyDelete