জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /বনশ্রী রায় চক্রবর্ত্তী

গুচ্ছ কবিতা 
বনশ্রী রায় চক্রবর্ত্তী

জীবন
  

​জীবনটা আসলে একটা অসমাপ্ত চিঠির মতো ; 
কিছু কথা লেখা হয়, কিছু কথা থেকে যায় নীরবতার খামে।
চলার পথে কেউ বা হয় পথের সাথী,
কেউ বা শুধুই একটি অধ্যায় হয়ে থেকে যায়।
কেউ শেখায় ভালোবাসতে, কেউ বা দেয় শিক্ষা।
সময় বড়ই অদ্ভুত জিনিস, হাতের মুঠোয় ধরা যায় না ; 
তবুও তারই হাতে রেখে আসি আমরা
আমাদের শৈশব, কৈশোর, রেখে আসি আমাদের যৌবন।
জীবন কখনও আমাদের প্রশ্ন করে,
আবার কখনও প্রশ্নের উত্তরও দেয় ; 
শুধু আমরা বুঝতে পারি না।
তাই আজ আর হিসেব কষি না : কী পেলাম, কী হারালাম।
যতটুকু পেয়েছি, হয়তো ততটুকুই আমার প্রাপ্য ; 
যতটুকু ভালোবাসা পেয়েছি ততটুকুই আমার সম্পদ।
একদিন এই পথ চলাও থেমে যাবে ; 
নিভে যাবে সকল আলো, চুপ হয়ে যাবে কণ্ঠস্বর।  
তবু হয়তো কোথাও থেকে যাবে আমার ছোঁয়া কোনো মানুষ ; 
আমার দেওয়া কোনো কথা,আমার দেওয়া সামান্য একটু ভালোবাসা।
জীবন দীর্ঘ হওয়াটাই বড় কথা নয়,
কারোর জীবনে একটুখানি অর্থ হয়ে বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা।।


সুখ
 
​সুখ কি আছে গগনচুম্বী কোনো রাজপ্রাসাদে?
নাকি সোনায় মোড়া রূপকথারই রাজ্যে?
সুখ তো আছে ভোরের শিশির ভেজা ঘাসে,
আছে মায়ের মমতা মাখা মুখে,
ক্লান্ত দিনের শেষে আপনজনের ডাকে। 
সুখ মানে তো মেঘলা দিনে হঠাৎ কোন স্মৃতির পাতায় ফিরে পাওয়া শৈশব।
সুখ তো আসে তারায় ভরা আকাশ পানে চেয়ে,
বিকেলবেলায় নরম রোদে একলা পাখির গানে।
সুখ তো আসে প্রথম ফোটা হাসনুহানার ঘ্রাণে,
আধো আধো কথা বলা মিষ্টি মুখের পানে।
সুখ মানে তো আপনমনে বেজায় খুশি থাকা,
কাঠবিড়ালি'র ভঙ্গি দেখে নিজের মনে হাসা।
আকাশ পানে চেয়ে চেয়ে গুনগুনিয়ে গান,
মনখানাতে কেমন যেন ডাকছে সুখের বান।
সুখ মানে তো সব পাওয়া নয়, অল্প পেয়েই খুশি ; 
যা আছে তাই ভালোবেসে হও না বেশি সুখী।।
🍂

অস্তায়মান সূর্য

​বিকেলের অস্তায়মান সূর্য কি ফিরে পায় সকালের মিষ্টি স্নিগ্ধ আলো? 
কিংবা মধ্যাহ্নের সেই তেজ? 
পিছন ফিরে দেখে তার সময় শেষ,
কারণ সে এখন পশ্চিম গগনে ঢলে পড়েছে।
হয়তো ভাবে অনেক কাজ রয়ে গেছে অসমাপ্ত,
অনেক কথা হয়নি বলা প্রকৃতির সাথে, 
মেঘেদের সাথে লুকোচুরি খেলতে খেলতে হয়তো ভ্রমরদের গুঞ্জন হয়নি শোনা, 
ভোরের পাখিদের কূজন হয়তো তেমনভাবে করা হয়নি উপভোগ।
গাছকে দিয়েছে আলো, 
কিন্তু ফুলের সাথে হয়নি মিতালী পাতানো।
রামধনুকে দিয়েছে সাতটি রঙের ছটা, 
কিন্তু মনভরে তার সৌন্দর্য করা হয়নি আস্বাদন।
তবুও তাকে হারিয়ে যেতে হয় রাতের তিমির অন্ধকারে। 
সময় যখন শেষ হয়ে যায়, তখন হতে হয় নিরুপায়।
কারণ চলমান সময়ের স্রোতে আমরা সবাই অসহায়।।

Post a Comment

0 Comments