জ্বলদর্চি

তিনটি কবিতা /তাপসী লাহা

তিনটি কবিতা
 
তাপসী লাহা 

পরাজিত 

প্রবল তর্কের মাঝে মাঝেই রুহশরীরটি খুলতে থাকে।ভাজকোরক ও সহাস্য দ্যুতির মত হিসাবের বেহুশ লেখা শিংদানা জলে,কারা চড়ে বেড়ায় অসময়ের ট্রামঘরে,বিলোপ স্মৃতির নিঃশর্ত উত্তর খুঁজছি পথের বাঁকে বাঁকে।সময় ফুরিয়ে আসে। অন্ধকার ঢুকে যায় অসতর্ক মাথার ভেতর। মাথা খুলে পড়ে, অল্প আলোয় রাস্তাটি মলিন লাগে, মানুষগুলো উহ্য। তর্কের রেশ কাটেনি এখনও।স্থানিক হতে যতটা শক্তি লাগে, পাথুরে খোদাইয়ে ফুটে আছে শব্দহীনের পদক্ষেপ, নবাগতা অক্ষরেখা টহল দেয় পাখিদের ঝাঁক হাওয়ায়,মাথাসমেত উড়ে যায় বিরহ দ্বীপের মিথ্যারা, বিচ্ছিন্ন হচ্ছে বিরহশোকটি।একটি শান্ত সন্ধ্যার সমাগত সেজে তিরতির কাঁপছে মাত্রাতিরিক্ত কল্পনারা, জিততে পারেনি কোনদিন বিদেহী আত্মার জনসমাগমে।


ভর

সতর্কে ঝাঁপ দেয় কথাবহুল অবসর।যেমন তোমার মুখ আয়নাজলে ভেসে ওঠে প্রেত শিহরণ ছড়িয়ে, ভালোবাসার এত ভৌতিক জীর্ণতা,এত আচমন কায়ে থরে থরে ভয় ছড়িয়ে মুক্তোমালা ছিঁড়ে দাও, হাঁপিয়ে উঠে পারাপারের অন্তর্লীন নদীটি, সমীক্ষায় ধরা পড়ে পিতা নামের ত্রুটি,মোহগ্রস্ত জমজদ্বয় যুদ্ধক্লান্ত সূর্যাস্তের কড়ির খোঁড়ে, পাপিষ্ঠ, তাই চিরকাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখি দৃষ্টি থেকে ছড়িয়ে দেওয়া বিবর্ণ উপদ্রবের,শরসন্ধানে আমার মৃত্যু, প্রপিতামহের কান্না গিলে যায় ধৈর্য্য ধরে, কথাগুলো জেগে ওঠে আদিম ভাষার শিসে,বিগ্রহসুলভ সেসব করাল রাতছায়ায় প্রেয়সীর ভর সংগ্রহে লিপ্ত হয় ক্রমশঃ।
🍂


নির্গুণা

সময় বদলাবে শুনতে  শুনতে কান পচে গেল,চুলেও হালকা পাঁক। তোমার মুখটা মনে পড়ছে ভীষণ, বিড়ালের জুলজুল চোখে নরম ছটফটানি, সমাধান খুঁজছিলে, কাঁদছিলে,রাত জাগছিলে, ঘুম কমে গেল,ভয় পেলে, পেলে, হাঁটতে হাঁটতে আত্মা শুকিয়ে গেল, মুখের ফোলাভাব নিয়ে বয়স্থার মুকুট পড়লে,রানি হলে, চোখগুলো ঢুকে গেছে আনাজপাতির ঘরে, চোয়ালের বাঁকা দাগগুলো স্পষ্ট হল,না পেরে শেষে জিজ্ঞাসা করেই বসলাম,চা খাবে?দুধ না লাল?হলুদ দুধের নাম শুনে মুড ভেস্তে গেল, সিলেবাসে পড়া হয়নি সেসব ভীষণ স্বাস্থ্যকর খবরের কথা শুনলে ঘনঘন বমি করো,পেট খারাপ হয়,বেদানা খাওয়া নিষেধ অথচ ঘুরিয়ে ফিরিয়ে দুদিন অন্তর অন্তর অনারদানাওয়ালা শাড়িটা পড়ছো, ভুলে যাচ্ছো তুমি পেটরোগা, এখনো দুধে আলতা খসেনি মনের পেনড্রাইভ থেকে,আলগা দুপুরে হঠাৎ কামুক হয়ে উঠছো,চোখে ভাসছে তেঁতুল গোলা ফুচকাবাড়ি,চুরমুরের পার্টি।সময় বদলাচ্ছে,বেড়ালরা দানাদার চোখ টিপে অবজ্ঞা ছুড়ে দিচ্ছে  তোমার নিয়ত আহত শরীরে,এসব প্রেম উভকামী নয়, নির্গুণা।

Post a Comment

0 Comments