অন্তরা সরকার
অসমাপ্ত সংলাপ
সেই যে কবে লেখা ছেড়েছি
আজ আর মনে পড়ে না
খেরোর খাতার পাতায়
গাদা গুচ্ছের হিসেব নিকেষ
আগুন পোড়া সংগ্রামের মানচিত্র।
আজ মনে হয়
কদম ফুল নিয়ে লিখি নি কখনো
লেখা হয়নি বনফুলের গন্ধ।
নীল পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্না।
ডানায় ঢেউ তোলা রঙিন প্রজাপতি ,
লেখা হয়নি।
দোপাট্টার গায়ে লেপ্টে থাকা
রেশমি কালো চাদর উড়িয়ে
নেশাতুর মন ফিরতে চায়
ব্যলকনির দখিনা হাওয়ায়,
ভেজা বারান্দায়।
একলা দুপুরে
হলদে বিকেলে
আর
ফিরে দেখা
অসমাপ্ত কবিতায়।
অগত্যা।
মায়া
সেই ছোট্ট প্রশ্নটা কয়েক শ ফুট উঁচুতে
ঘুরপাক খেতে খেতে
পাখির ডানায় বেঁধে উড়ে গেল—
তুমি মৃদু হাসলে,
কোনো উত্তর দিলে না।
তীব্র অ্যালার্জির মতো
শরীরজুড়ে ছড়িয়ে পড়ল এক অদৃশ্য জ্বালা।
নীরবতার কবলে পড়ে
অদৃশ্যে নির্মিত হলো সম্পর্কের সমাধি—
প্রশ্নেরা ঘুমিয়ে গেলে,
উত্তরগুলো চিরনির্বাসিত।
এখন সময় ঋতু বদলের।
স্নিগ্ধ, শোভন হাওয়ার দোলায়
দূরে পিউ-কাঁহা।
কোনো অচেনা মন্দিরের প্রাঙ্গণে
ধূপের পবিত্র ধোঁয়া,
গহীন অন্ধকারের বুক চিরে
নিঃশব্দে জ্বলে প্রদীপ মালা।
যেন হারানো নৌকার অপেক্ষায়
ঘাটে পা রেখে
আবারও জানলায় চোখ রাখে জীবন।
চাবি
কিছু হারিয়েছে—
যে চাবিতে আলমারি খুলে
পাট পাট করে শখ সাজাতাম
হারিয়েছে অজান্তেই।
কোথাও আর সানাই নেই,
রঙিন সুতো ছিঁড়ে পড়ে আছে—
যে আলোর আশায়
ভোর নামত ঢালপথ বেয়ে,
কবেই হারিয়েছে আকাশভাঙা অভিমানে।
বৃষ্টির জলে ভেসেছে হলদে পাতার স্বরলিপি।
তবু,এত না-পাওয়ার ভিতরেও
মাথা তুলেছে
নরম সবুজ শিকড়।
অন্ধকারের গভীরে
এখনও নিঃশব্দে জল খোঁজে সে—
0 Comments