মহঃ মহসিন হাবিব
কাল বেলা
দিনের আলো দিয়ে ভরানো পৃথিবী
একবারও ভাবেনা রাত আসুক
তবুও গনগনে দুপুর আর হলুদ বিকেল পার করে
আঁচলের কোলে মুখ লুকায় একটু বিশ্রামের প্রয়োজনে
আবার নতুন পতাকার সন্ধানে...
বিম্বিসার অশোকের ধূসর রঙ
কালো হয়ে থেকে যায়।
বেলার শক্তি শক্ত হোক
কাল বেলা পৌঁছে যাক তেজপাতার বনে
অবিক্রিত পণ্যবোঝাই জাহাজ চিনুক বন্দর।
গরম ভাত
বাষ্পছায়া যেন অভিমান রাত
ছেঁড়াঘুম শুকনো পাথরে
উচ্ছেদের ঘাম ঝরে আকাশের গা বেয়ে
টকশো টক। বাসি ফুল বাতাসে উড়ে।
লাশের মিছিল বইঘরে
ছায়াহাত দুপুর গড়িয়ে বিকেল।
পিঁপড়েরা উপবাস করে কোটরে কোটরে
রোদদাহ মাটির রাস্তায় চলে।
গরম ভাতে রোদ থাকলেও
খিদেরেখা আলপথ মানে না।
অভিলাষ
পথিক চলে গেলেই রাস্তা ফাঁকা
ছড়ানো ছিটানো পাথরগুলো মুখবন্ধ খামে আটকে রাখতে সময় লাগে
আটকানো যে যায় না
তা ঠিক নয়!
কৌশলরপ্ত অভিজ্ঞতা সবার নেই
শাদা কালো সময়ের আলো-প্রতিফলনে বিচ্ছুরিত
খরস্রোত নদীঢেউ
প্রসব বেদনায় সমুদ্রের কোলে রাখে মাথা
বারোটার তেজ
গোধূলির আমন্ত্রণে রাতকাল
0 Comments