সুবিৎ বন্দ্যোপাধ্যায়
ডানা
একটা চিঠি নিয়ে ঘুরছি যাতে প্রাপকের নাম লেখা নেই।
সেই গ্রীষ্মকাল থেকে, বর্ষা, শরৎ এল, বসন্ত কেটে গেল
দরজায় কড়া নেড়ে নেড়ে।
সারা দিন বোঁচকা কাঁধে।
হাঁটি আর ব্যাগের একদম নীচের দিকে চিঠি খচ্ খচ্ করে।
এভাবে বছর ঘুরে গেল।
গ্রীষ্মকাল থেকে, বর্ষা, শরৎ , বসন্ত কেটে গেল
দরজায় দরজায় কড়া নেড়ে।
সারাটা দিন বোঁচকা কাঁধে করে।
হাঁটি আর সারা ব্যাগ জুড়ে খচ্ মচ্, খচ্ মচ্ ।
চিঠি।
কোনটারই প্রাপকের নাম লেখা নেই।
২
সেপ্টেম্বর মাসের সকাল, সাতটা বেজে পনেরো
সিঁড়ির হাফ ল্যান্ডিং এ মেয়ে নেমে দাঁড়াল।
রোদ সোনা সোনা।
ডান পাশের কাঁচের জানলা গলে মেয়ের মুখে এসে পড়ছে।
ওর বিজ্ঞান পরীক্ষা আজ।
মেয়ে ও তার মাকে সিঁড়ির গ্রিল খুলে দিয়ে আবার বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়লাম।
এ সকালটা, এ দিনটা চলে গেল।
রেখে গেল একটা ছবি।
এরপর ও জীবনের যত পরীক্ষা দেবে
আমার মনে পড়বে ,
এমনকি যখন আমি আর দেখতে পাবনা, তখনো...
৩
তুমি গাছ ভালোবাসো
তাই
প্রতিটি বৃষ্টির আগে
আমি
গাছ হয়ে যাই।
0 Comments