জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /হিলারী হিটলার আভী

গুচ্ছ কবিতা 
হিলারী হিটলার আভী 

অর্ধনগ্ন হয়ে হাসছে কানা 


কানা কামিনীফুল দেখে হাসেনি! 
অথচ ডুমুরফুল দেখে -
অর্ধনগ্ন হয়ে হাসছে কানা 
তাও আবার মাতালদের নাচের তালে তালে, তলে তলে, নলে নলে এমনকি বিশ্রী ঢেঁকুরের গলে গলে!

অর্ধনগ্ন হয়ে হাসছে কানা! 
            অর্ধনগ্ন হয়ে হাসছে কানা!! 
                        অর্ধনগ্ন হয়ে হাসছে কানা!!!


আমার অতি আপন একটি মানুষ ছিল 

আমার অতি আপন একটি মানুষ ছিল 
তাকে তুই বলে ডাকতাম!
হঠাৎ সে মারা গেলো -
চাকরির সুবাদে ইদানিং আমি তাকে প্রতিদিনই আপনি বলে ডাকি!

আজ সে আমাকে ক্যান্টিনে বললেন -
তুমি কেমন আছো?
আমি ছলছল চোখে তাকে বললাম -
আপনি মারা যাওয়ার পরে আমি ভালোই আছি 
তবে পুরোপুরি অন্ধ হলে আরও একটু বেশি ভালো থাকতে পারতাম!

🍂

ক্ষুধা আমাকে প্রচণ্ড ভালোবাসে 

আমি বিষ পাচ্ছি না বলেই -
আমি বিষপান করছি না 
একথা মোটেও ঠিক নয়!

ক্ষুধা আমাকে প্রচণ্ড ভালোবাসে 
ক্ষুধার অমোঘ প্রেমের জন্যেই 
আমি আরও কিছুদিন বাঁচতে চাই! 

কেউ আমাকে একদিনও না ভালোবাসলেও 
ক্ষুধা আমাকে প্রতিদিনই ভালোবাসে 
শুধুই ক্ষুধার জন্যে আমি আরও কিছুদিন বাঁচতে চাই!

ক্ষুধা আমাকে প্রচণ্ড না ভালোবাসলে? 
আমি অনেক আগেই বিষের অভাবে বিষপান করে মরতে না পারলেও 
প্রয়োজনবোধে ফাঁস নিয়ে আত্মহত্যা করতাম!

Post a Comment

0 Comments