জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /মনিকা চট্টোপাধ্যায়

গুচ্ছ কবিতা 
মনিকা চট্টোপাধ্যায়

ফিরে আসুক সেই বিকেল


জানালার পাশে বসে আজ হঠাৎ মনে হয়,
কোথায় হারাল সেই বিকেল, সেই নির্ভেজাল সময়।
ধানের গন্ধ মাখা হাওয়া, দূরের বাঁশির সুর,
মেঠোপথে ছুটে চলা—ছিল না কোনো দূর।
বৃষ্টির জলে ভিজতাম আমরা, ছাতা থাকত না হাতে,
কাদামাটির রাজ্য গড়তাম দুপুর পেরোনোর সাথে।
লাটাই হাতে ছাদের কোণে আকাশ ধরার নেশা,
হারলে শুধু হাসতাম সবাই—ছিল না কোনো ক্লেশ।
সন্ধ্যা হলে মসজিদের আজান, মন্দিরের ঘণ্টাধ্বনি,
চেনা পাড়ার আলো জ্বলে ফিরত আপনজনই।
মায়ের কণ্ঠে “ঘরে আয়”—আজও কানে বাজে,
সেই ডাক যেন হারিয়ে গেছে আধুনিকতার মাঝে।
এখন কত আলো জ্বলে, তবু মনটা অন্ধকার,
পুরোনো সেই দিনগুলোর মতো নেই কোনো আর।
সময় যদি একদিন ফিরিয়ে দিত সেই ক্ষণ,
আবার ছুটতাম মেঠোপথে—ভরে যেত শৈশবমন।
 

আমি জানি না

আমি জানি না, কোন বিকেলে হারিয়ে গেল সেই দিন,
কখন যে শৈশব হলো স্মৃতির পাতায় রঙিন।
আমি জানি না, কেন আজও বৃষ্টিতে ভিজলে,
মায়ের আঁচল মনে পড়ে অকারণে, নিঃশব্দে।
আমি জানি না, কোথায় গেল পুকুরপাড়ের হাসি,
কোথায় হারাল বন্ধুরা, সেই দুষ্টুমির বাঁশি।
মাটির ঘরে কেরোসিনের হলুদ আলো জ্বলে,
দিদার গল্প ভেসে আসে ঘুমপাড়ানি ছলে।
আমি জানি না, কেন আজও সন্ধ্যা নামার আগে,
মনটা যেন ছুটে যেতে চায় সেই পুরোনো ভাগে।
কাঁচা রাস্তায় খালি পায়ে দৌড়ানোর সে নেশা,
ছোট্ট সুখে ভরে থাকত জীবনের সব আশা।
আজ শহরজুড়ে আলো, তবু কোথায় যেন শূন্য,
হারানো সেই দিনগুলোর স্মৃতিই শুধু পূর্ণ।
আমি জানি না, সময় কেন এত দূরে যায়,
তবু আমার শৈশবটা আজও আমায় ডাকতে চায়।

🍂


পোড়ামাটি

পোড়ামাটির গন্ধ মেখে ফিরি পুরোনো গ্রামে,
শৈশব যেন লুকিয়ে আছে সেই মেঠোপথের নামে।
ভাঙা ঘাটে শ্যাওলা জমে, নদী হয়েছে ক্ষীণ,
তবু জলের ঢেউয়ে দেখি হারানো কত দিন।
কাদামাটির উঠোনজুড়ে পায়ের ছাপের মেলা,
সন্ধ্যা নামলেই ডাকত সবাই—“শেষ করো এবার খেলা।”
খড়ের চালে বৃষ্টির শব্দ, কুয়াশাভেজা ভোর,
মায়ের হাতে ধোঁয়া ওঠা ভাতের গন্ধ ভাসে ঘোর।
আমগাছতলায় বসত আড্ডা, হাসত পাড়ার সবাই,
আজ সেই গাছটি একলা দাঁড়ায়—তার ছায়াতে কেউ নাই।
পোড়ামাটির দেওয়ালজুড়ে ফাটল ধরেছে কত,
তবু তারই বুকের মাঝে স্মৃতিগুলো অমলিন যত।
শহরের এই কোলাহলে খুঁজি সেই নিরালা,
যেখানে অল্পতেই ছিল সুখ, অল্পতেই ছিল ভালোবাসা।
ফিরে যাব কি কোনোদিন সেই চেনা ঠিকানায়?
পোড়ামাটির গন্ধ তখনও কি শৈশব ফিরিয়ে আনে?

Post a Comment

0 Comments