জ্বলদর্চি

ছয়টি কবিতা/মোহন কুমার জানা

ছয়টি কবিতা 

 মোহন কুমার জানা 

শারদীয়া 

   
আমরা দুঃখ শপিং করে 
ফুটপাতের অতলে ফিরে যাচ্ছি...

শহরের শরীরে আজ ভিড়ের বর্ম 
রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে কুয়াশা 

খিদের জলে ফোটেনি শালুক-জ্যোৎস্না

আমাদের নিজস্ব বলতে–
এক বুক অমাবস্যা!


ছেঁড়া সুখ
      
ঢাকির সুরেলা বৃষ্টিতে 
কত আর্তনাদ ধুয়ে যাচ্ছে...

শিউলি ফুলের রক্তের ভেতরে হাঁটছে 
ডায়াবেটিস-সকাল 

এখানে দুপুরের আত্মহনন গম্ভীর হচ্ছে 

ঈশ্বরী-আলোর সুতোয়
সেলাই হোক সভ্যতার ছেঁড়া সুখ


সাঁওতালি মেঘ

রাতে মানুষ-জঙ্গলের ভেতর ছুটছে 
                                   নেকড়ে রোদ

পৃথিবীর ইন্তেকাল চাঁদের ক্ষততে 
শকুনের ছায়া-পদাবলী 

উলঙ্গ ল্যাম্পপোস্টেরা 
মাখছে অন্ধকারের ছাই

আমাদের পোড়া জমির বুকে জমুক–

সাঁওতালি মেঘ


এডিস সন্ধ্যা 
       
নগরপুরুষের বর্ষাকালীন বুকে উড়ছে 
এডিস-সন্ধ্যার বিষাদনামা

নর্দমার নাভিতে সংক্রমণের দীর্ঘ দাঁত
মশারিহীন রাষ্ট্রীয় বিছানায় 
দেখেছি জ্বরের উন্নয়ন

সারারাত চিকিৎসার গাছে পেঁচাদের ভিজিট
🍂

মিথেন 
   
সারাদিন আকাশের ব্ল্যাক বমি
এই মিথেন জমা চোখে 
পরায়নি কেউ সবুজ চশমা 

তোমার দাবানলে পুড়ছে 
জীবন তিস্তার ঢেউ
অথবা সিগারেট রঙের হার্ট 

রাত‌ের মধ্যাহ্ন জুড়ে হাঁফাচ্ছে 
পৃথিবীর আহত অ্যাড্রিনালিন


ইনজেকশন

গ্ৰীষ্মের লাগেজ ভর্তি শহরের পোড়া মুণ্ডু

মাটির আহুত আত্মার ফাটলে 
সেন্সলেস পাখির পোজ 
মরা ডোবার ডাস্টবিনে ব্যাঙ-ফ্রাই ঘ্রাণ 

পৃথিবীকে শোয়ানো হোক গাছের বেডে
শোষিত চামড়ায় পোঁতা হোক–

সবুজ ইনজেকশন...

Post a Comment

0 Comments