জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /প্রহ্লাদ ভৌমিক



গুচ্ছ কবিতা 
প্রহ্লাদ ভৌমিক

চোখের আলো 

"শিশুরা স্বপ্ন দেখুক"...
এই অপরূপ বোঝাপড়া দেখে ও শুনে
বদলে ফেলি নিজস্ব সংলাপ... 

ফুটনোটে লিখে রাখি সাময়িক নীরবতা
ও অনাগত কিছু বিশ্বাস অনিবার্য সম্ভাবনার
আর অবিশ্বাস্য রূপকথার।

জমিয়ে রাখি দীর্ঘ যাপনের  বিস্ময়-বিহ্বল স্মৃতি
আর ক্ষতবিক্ষত করা জীবনের গল্প ও গান ।

অন্তরালে ছড়িয়ে রাখি ঘোরানো সিঁড়ির পাকে পাকে 
পলকহীন দু'চোখের অমোঘ আলো ...।


নৈঃশব্দ্য  

কেন যে অজানা আশংকায় রোজ,
উঁকি দেয় অসম্ভব কৌতুহল ও কটাক্ষ! 

স্মৃতির বন্ধ দরজা খুলি, 
অনন্ত অপেক্ষার ভেতর
বিধিবদ্ধ সতর্কীকরণের মতো
অভিমানী আগুন পাখি উড়ে যায়;

ডেকে ডেকে যায় তার নিজস্ব ভাষায় 
আর একটা আশ্চর্য-মুখর স্তব্ধতা ছড়ায় তখন চারপাশে,
 বিস্ময়ে বোবা হয়ে যাই বেমালুম ;

কথা আরও গভীর হয়, কবিতা হয়ে ওঠে নৈঃশব্দ্য ।


সংকেত 

অবিশ্বাস্য এক স্বপ্ন ও সংকেতের সূত্র ধরে
পেরিয়ে যাচ্ছি অসাফল্যের -য-ফলার বধ্যভূমি ,
 ক্রুদ্ধ উল্লাসের ধ্বনি ও প্রতিধ্বনি
আর মেতে ওঠা নিরীহের আক্রোশ... 

যাদের চোখে নেই ঘুম, নেই কোনও স্বপ্ন, 
তাদের আত্ম-দ্বন্দ্ব-সংঘাত জমে জমে 
এখন জীবনের ভাস্কর্য ও  খোদিত হাহাকার ;

যা জীবনের অনালোকিত দিকের প্রলুব্ধ উচ্চারণ... 

গ্লানি ও ঘৃণার সুসমাচারে  ঘুরে দাঁড়াই ,
ভেসে আসে নতুন এক আশ্চর্য সময় সংকেত ।
🍂



Post a Comment

0 Comments