মোঃ আব্দুল রহমান
ছেঁড়া বোতামের উপপাদ্য
জামার বোতাম ছিঁড়ে গেলে
বুকের গভীরে সুলভ দৃষ্টি আকর্ষণ করে
জেনে কিংবা অজান্তেই
মেলগেজিং পিপাসিত লজ্জা লাল হয়ে ওঠে
মাঝের উপত্যকা ক্ষয়িষ্ণু হতে হতে মরুভূমি
অথচ ধূসর বালির চরে সাজমহল
আজও কলুষিত চাঁদ জোছনা বিছায়
নগ্ন শরীরে তবুও অপূর্ব জ্যোতি
কী প্রয়োজন আগুনের
যদি তা জ্বালাতে না পারে অশুভ দৃষ্টি?
হোক খোলা শরীর
শালীনতা তো মনের...পোশাকের দোষ কোথায়?
লাল শাড়ির স্পর্শ
দুই ঠোঁটেই জড়ানো লাল শাড়ি
গিঁট খুলতেই বিচ্ছুরিত রক্তের ফিনকি
স্পর্শ করে প্রেমিকের অনুভূতির মানচিত্র
ক্ষতে শুধু বিবর্ণ মুহূর্তের ভাঙা স্রোত
যত রাঙা হৃদয়
সবটাই পুড়ে ছারখার
নোনা কথার সাগরে হাবুডুবু প্রেমিক
লাল শাড়ির পাড়ে
ভালবাসার ধস!
সাদা চিঠি
পৃথিবীর খেলাঘরে পৌঁছলে
সুখ-দুঃখের সাথি
কখনো ধূসর ডোরা কাটা অনুভূতি
কখনো নির্জন নীরবছায়া
হলুদ মুখবন্ধে মোড়া
সূক্ষ্ম সূক্ষ্ম রক্তিম পিনকাঁটা
শেষ চিঠিটা একেবারে রংহীন
সাদা শব্দে সুলভ ডাক
0 Comments