জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /কৃষ্ণা গায়েন

গুচ্ছ কবিতা 
কৃষ্ণা গায়েন       
           
বন্ধু 

মন খারাপের খাতাগুলো   
সরিয়ে রেখে দেখি
তারই মাঝে আলোর রেখা 
দিচ্ছে উঁকি ঝুঁকি।
মনের মাঝেই লুকিয়ে আছে 
সকল অভিমান, 
সবটুকু তার খামখেয়ালী 
পাগলা হাওয়ার গান।
সেই হাওয়াতেই দুলছে জীবন
খুঁজে না পাই শেষ,
লোনা জলের অসীম সাগর
সেইখানে মোর দেশ।
সাগর পারে সূর্য ওঠে
অরুন কিরণ পড়ে,
বসে থাকি বন্ধু আমার
আসবে কখন ঘরে।


দেখা 

তোমার সাথেই হয়েছিল দেখা 
বসে ছিনু নদী তীরে,
দূর নদী স্রোতে চাঁদ ভেসেছিল 
রাখালিয়া বাঁশী সুরে।
সবুজের মাঝে বিছায়ে বসেছি
আমার আঁচল খানি,
তখনি বন্ধু মনের কথার  
তুফান উঠবে জানি।
আসলে আমরা সকলেই এক 
বাঁধা পড়া ফুল তোড়া
ছিন্ন বৃন্ত তবু মনে মনে
স্বপ্ন লাগাম ছাড়া।
তাইতো বন্ধু মনের কষ্ট 
তোমাকেই বসে বলি
কল্প কথার নৌকায় ভেসে
অজানার পথে চলি।

           
ঝড়

মনের আকাশে অকারণ ঝড় ওঠে
পাখির ডানায় বন্ধের সংকেত।
তবুও মনের অন্ধ কোণের মাঝে 
এখনও বাজে জীবনের উদ্বেগ।
কোনো একখানে ভেঙেছিল তার ঘর,
রক্ত গোলাপ দিয়েছে কাঁটার ক্ষত,
অশ্রু তাহার গোপনে গিয়েছে ঝরে
বেদনায় ভরা দুঃখ প্রহর যত।  
তবু ডানা মেলে ওড়ে সেই পাখি
মনে ভাসে এক রঙ,
পুবের আকাশে তপনের আলো
পশ্চিমে ধানী রঙ্।
সকলের সাথে উড়ে যায় পাখি 
অসীম আকাশ মাঝে,
দিশাহীন, তবু বিরাম বিহীন নিজ পথ খুঁজে মরে।

🍂

Post a Comment

0 Comments