নরেন হালদার
লড়াই
লড়াইটা লেগেছিল অনেকদিন আগেই,
অনেকদিন আগেই তারা বলেছিল, একটু খেয়াল রাখো
তোমাদের ওই জন্মদাত্রী পালন কর্ত্রীকে।
সবুজে বাঁধা পাতায় যবে থেকে রঙ ধরেছিল
কালচে কালো এক রাত্রির অন্ধকারে,
কেউ ঘুরে দেখেনি সম্মুখ বিপন্নতা।
‘তোমাদের পালন করেছি অনেকদিন ধরে,
বয়স তোমার থেকে আমার বেশি; গাঢ়
করে রেখেছি যত, ততবার দিয়েছো ভেঙে
জমাটবদ্ধ সুন্দরাভা’ – এভাবেই বলেছে সে।
এভাবেই দিয়েছিল নারা সাঁকো ধরে,
তখনও পরে যাইনি আমরা। লড়ব বলে
বাগিয়ে নিয়েছি আস্তিন। সেখানে রাখা
আরো এক পৃথিবীর বীজানুভরা জীবাণু।
দিনগুলি
দিনগুলি যায় মিতালিতে
করুণ বাষ্পের ভূপতিতা
খোলে না পথ জীবনেতে
এক পেয়ালায় জীবন বিলাসিতা।
জীবন ছিল বলে বিলাসিতা
শুঁয়োপোকার গুটি গুটি দুটি পায়ে
ফুল খেলে শূন্য দেবতা
নিদ্রাহীন প্রজাপতি উড়িয়ে।
বাউল মন
বাউলের একতারা বাজে শহরের গলিতে,
ভেতরে দরজা আটা, হল বলরাম
সামান্য একটা খিল এসে জীবন আর মৃত্যুকে
আলাদা করে রাখে, পেপারের অনেকগুলো কলাম
এইভাবে লেখা হয়। যেভাবে দেখেছে তাকে
আমার পূর্বপুরুষ। আমরাও দেখেছিলাম,
অট্টালিকা কেমন গ্রাস করে নিয়েছে জংলি জলাকে।
বেঁচে আছি বলে বাঁচতে চাই পৃথিবীতে
আকাশের নীল খিলানে, নিস্তব্ধ আঁখি
ডুমুরের ফুল হয়ে ফোটে গত শত বর্ষ হতে,
গেরুয়া গেলাস ভরা, গন্ধ বনে সবুজ পাখি
আভা তার ছড়িয়েছে। দীপ্ত কুটির পরে
বাসাহীন শূন্য সংসার হতে শূন্যেতে ডাকি,
প্রিয়া মোর রাত জাগে, মটকাতে চাঁদ উপবাসী
আমার সংসার কাঁদে – চাঁদে আর বৃষ্টিতে একসাথে ঘর বাঁধি।
🍂
0 Comments