জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ মলয় জানা

গুচ্ছ কবিতা 
মলয় জানা 

আজও কান্দে ওদনের তরে

অশান্ত আকাশ জুড়ে ক্ষুধার্ত শকুনি, 
রাষ্ট্রযন্ত্র ধৃতরাষ্ট্র আজ।
সঞ্জয় বিদূর দ্রোণ সভাকবি পদে,
বিশল্যকরণীর খোঁজ মেলেনি এখনো,
লঙকায় বন্দী তাই শ্রীরাম লক্ষ্মণ, 
অনন্ত অজ্ঞাতবাসে পঞ্চপাণ্ডব, 
বৃন্দাবনে রাধারাণী নিত্য কেলি করে,
"শিশু কান্দে ওদনের তরে"।

রাষ্টপুঞ্জে আলোচনা, শুভ্র সভাগৃহ  
অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য,  সবার সবার,
সুখাদ্য খাদ্যের স্তূপ নিঃশব্দে উধাও,
অবাধ্য 'শিশু  কান্দে ওদনের তরে'।

হে কবিকঙ্কণ কবি কোন মধ্যযুগে,
রূপরায় বিত্ত নিলে দেখেছিলে নিজে,
'শিশু কান্দে ওদনের তরে'।
রূপরায় রক্তবীজ। সুদান ইয়েমেনে,
আফ্রিকার প্রান্তদেশে অন্ধকার চিরে
তীব্র তীক্ষ্ণ আর্তনাদ চমকিত করে,
'শিশু কান্দে ওদনের তরে'।


তুমি তাহলে ভোলনি!

তোমাকে ভুলেই ছিলাম,
বসন্তে বর্ষার মতো।
তবুও হেমন্ত এলো
দুর্বাসা হয়ে। 
একটি হলুদ পাতা
ছুঁয়ে গেল আলগোছে।
পাতায় তোমার নাম?
পাতাটাই তুমি। 
শিরা উপশিরা এখনো সবুজ।

সেই  কবে ফেলে আসা,
এখনো বুকে রাখা!!



তিনটি কথা

শুনতে পাচ্ছ, আমার কথা?
যখনি বলি প্রেমের কথা,
এড়িয়ে গিয়ে প্রশ্ন তোল,
"যা পেয়েছ, তাতেই থাক
কেন যে এতো চাওয়া পাওয়া?"

শুনতে পাচ্ছি তোমার কথা।
"আমার এখন ভরা জোয়ার,
কত্ত নৌকো ডুবিয়ে দিয়ে,
হাবুডুবু মানুষ দেখে,
আপন সুখে খেলতে চাওয়া।
কেন যে এতো বাঁধতে চাওয়া?
কেন যে এতো বাঁচতে চাওয়া?"

শোন তবে আসল কথা।
তোমার গল্প কামিনী কথা।
রাত পেরোলে উঁকি দিও,
সবুজ পাতায় রিক্ত ব্যথা।
🍂

Post a Comment

0 Comments