জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ চিত্রা ভট্টাচার্য্য

গুচ্ছ কবিতা 
চিত্রা ভট্টাচার্য্য

তোমায় মনে পড়ে

 বিশ্বজুড়ে স্মরণের মহাসভায় মাতৃদিবসের 
 বিশেষ ক্ষণে চলেছে উৎসব যাপনের কলরোল।  
 জন্মের প্রথম শুভলগ্নে চেতনার আলোয়  
  চিরশাশ্বত তুমি ছিলে বিরাজিত অনুক্ষণ।
  স্মৃতির ফুলে নৈবিদ্যের অদৃশ্য মালাগাঁথার 
 আয়োজনে মাতৃবন্দনায় প্লাবিত দশদিশি ।
  মর্মরিত বাতাসে সুপ্ত প্রয়াস অঞ্জলি নিবেদনের। 
 সহস্র যোজন দূরের নিভৃত আকাশের মানস মন্দিরে      
অজস্র নীলনক্ষত্র রাজির মাঝে দেখেছি তোমাকে। 
 পাবার আশায় বাড়ায়েছি হাত সুদূরের সীমানায়।     
 স্বর্গলোকের অচিনপুরের পথে মোর মুক্তবাতায়নে  
 তুমিএলে চন্দ্রালোকে দক্ষিণ সমীরণে শিউলি তলে 
 তব শ্বেত শুভ্র আঁচলখানি বিছিয়ে দিয়ে
 তৃষিত হৃদয়ে মায়ার পরশে মধুর ছোঁয়া দিলে।   
 পারিজাতের রেণুর সাথে 
 তোমায় সাজাবো অসীম আনন্দে।


পৃথিবীর অসুখ 
  
 সভ্যতার নিত্যনতুন বিলাসের বিষবাষ্পে

অজগরের হিমশীতল নাগপাশে শ্বাসরুদ্ধ ধরিত্রীর। 
জ্যোৎস্নাভেজা রাতের মায়াবী স্বপ্ন দিশেহারা ।  
কলঙ্কিত চাঁদ বন্দিনী মেঘের দৃঢ় আলিঙ্গনে  
সুঁড়িপথে পড়ে না রুপালি রেখা রিক্ত দালানে।  
 সূর্যের কাঁচা হলুদ বরণ কবে দেখেছিল—
জানে না ফ্যাকাশে আকাশ। 
শীতল পাঁজরে বোবা কান্নার চোরা স্রোতের  
 গোলোক ধাঁধায় বিস্মৃত সে বহুকাল। 
বিষাক্ত মলিন ধোঁয়ার কঠিন আবরণে 
পৃথিবীর ফুসফুসে জমেছে লোহিত রক্তরাগ ।  
রণক্লান্ত সে মূক স্থবিরের মত স্খলিত পদে 
অনিশ্চিত ভাবীকালের নির্দেশিত বাণী  
আন্দোলিত মরণের নির্মম ইশারায়।
🍂

শাওন সাঁঝে 
                             
প্রলয়মুখর শাওনের সাঁঝে দেখেছিলেম তাকে   
গভীর ছলনাতে নিত্য আসা যাওয়ার পালায়  
কালোবরণ ছদ্ম আবরণে অভিসারে  
আভরণ হীনা বিরহিণী বধুর কুণ্ঠিত সাজে।   
বর্ষাবিধুর অভিমানী আকাশে বিদ্যুৎলতা সম 
যক্ষপুরীর রুদ্ধ দুয়ারে হানবে আঘাত,                            ভাঙবে রুদ্ধ কারাগারের নিয়মের নাগপাশ। 
স্তব্ধতায় গুরুগম্ভীর মেঘের মিনার  
অপলকে তাকিয়ে আকাশের ধূসরিমায় 
 জলভারে নেমে আসে ধরণীর ঊষর প্রান্তরে । 
সবুজ আঁধারে বকুলবনে লাগে শিহরণ    
অবিরত জলধারা পাখির পাখালিতে 
মনে পড়ে রূপকথা চাঁদহারা জোছনাতে।    
পৃথিবী সিক্ত আজ ঘন ঘোর বরিষণে  
রাত বুঝি ভোর হবে জলধারা বুকে বয়ে।

Post a Comment

0 Comments