জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /নারায়ণ প্রসাদ জানা

গুচ্ছ কবিতা 
নারায়ণ প্রসাদ জানা

আনন্দ লহরী 


যদি একটা বৃষ্টি তোমায় ভেজাতে না পারে 
তবে অপেক্ষায় থেকো ঘন ঘোর বর্ষার ...

একটা ঢেউ চিরকালের জন্য 
তোমায় হারিয়ে দিতে পারে। 
যদি তুমি হারতে না চাও
কেউ  হারাতে পারে না  তোমায়।
তুমি হারতে পার  সহজে যদি 
জেতার ইচ্ছেটা হারিয়ে ফেল।

যেখানে সংঘাত নেই সেখানে স্বার্থ নেই 
কোনো অভিমান অভিযোগ নেই।
নিত্য আনন্দ গান  প্রাণের তন্ত্রী মাঝে 
আলোর লহরী অবিরাম  ঢেউ তোলে।


 কথা রাখা হলো না আর 

অনেক কথা দেওয়া ছিল কোন কথা রাখা হল না,
অনেকগুলো  শপথ কখন যে হারিয়ে গেল 
ভীড়ের উচ্ছ্বাসের ভেতর, কেউ টের পেল না।

নীরবে ঘুমিয়ে পড়ি , এক একটি দিন 
এক একটি স্বপ্ন  হারিয়ে যায় রাত্রির ভেতর।

ফুলের মত নীরবে শুকিয়ে যায় সব আকাঙ্ক্ষা 
নদীর বাঁকের মত পথ ঘুরে 
পেরিয়ে যাই একটা জীবন একটা দীর্ঘশ্বাস 
তবুও তোমার সঙ্গে সাক্ষাৎ হয়না কোনো জীবনে।

অনেক শপথ ছিল অনেক কথা দেওয়া ছিল,
কোন কথা রাখা হলোনা আর।


বট গাছ 

চলে যেতে চাই অনেক দূর 
মেঘ নক্ষত্র -নীহারিকার মতো ,
যেখান থেকে আর কেউ ফিরতে পারে না।
অনেক দূরের রামধনুকে
কখনো কখনো কাছের বন্ধু মনে হয়, 
সেও হঠাৎ করে  হারিয়ে যায় চোখের থেকে।
সবাই হারাতে চায়  নিজের নিজের মত 
একঘেয়েমির জায়গা ছেড়ে অন্য কোথাও। 
অনেক চেষ্টা করি শেকড় উপড়ে মহাশূন্যে
ধূমকেতুর মতো অলক্ষ্যে হারিয়ে যেতে ।
শিকড় আটকে গভীরে সংসার গন্ডীর ভেতর 
যে শিকড় আলগা করতে চাইলেও পারিনা , 
বট গাছের অগনিত শাখা ঝুরির মত 
মাটির টানে বাঁধা পড়ে থাকে।
🍂

Post a Comment

0 Comments