জ্বলদর্চি

ভাইফোঁটা সিরিজের কবিতা/অয়ন মুখোপাধ্যায


ভাইফোঁটা সিরিজের কবিতা

অয়ন মুখোপাধ্যায়

একটা লুচির সময়

দুপুরবেলা শহর জুড়ে
লোকের খাবার পৌঁছে বেড়াই।
দিদি ফোনে বলে, ‘কখন?’
বলি, ‘এই তো, দুটো বাড়ি।’

দিদির বাড়ির সামনে এসে
বাইক থামিয়ে সিঁড়ি ভাঙি।
হেলমেটটা খুলতে খুলতে
বলি, ‘দিদি, দেরি হবে।’

দিদির আঙুল কপাল ছুঁতেই
খদ্দেরের ফোন বেজে ওঠে।
‘ম্যাপে দেখি, থেমে আছেন।
আর কতক্ষণ লাগবে, বলুন?’

দিদি বলে, ‘একটা লুচির
সময় দিন।’ ফোনটা নামায়।
গরম লুচি পাতে পড়ে
একটা, দুটো, তিনটে, চারটে।


সইটা করে দে

ফোঁটা দিতে বসেছি যেই
ভাই খুলে দেয় দলিলখানা।
বলে, ‘দিদি, সই করে দে।
জমি কেনার লোক এসেছে।’

বাবার জমির ভাগটা আমি
ছেড়ে দেব, সেটাই লেখা।
ভাই বলে, ‘তুই বোনই থাকবি।
এ তো শুধু কাগজ, দিদি।’

চন্দন নিই কড়ে আঙুলে,
ভাইয়ের মুখটা কাছে টানি।
ভাই তখনও কাগজ দেখে,
ফোঁটাটা তাই বেঁকে যায়।

ফোঁটা দিয়ে কাগজ ফেরাই।
ভাই হাত পেতে কলম চায়।
বলি, ‘আবার দলিল লেখ।
বাবার মেয়েটাও বেঁচে আছে।’


কাচের এপাশে

জেলের গেটে নাম লিখিয়ে
কাচের কাছে দিদি বসে।
হাতের পাতায় চন্দনটুকু
একটু একটু শুকিয়ে যায়।

ওপার থেকে ফোনটা তুলে
ভাইটা বলে, ‘মাকে বলিস,
আমি ভাতটা খেয়েছি রে।
তোর হাতে ও চন্দন নাকি?’

দিদি বলে, ‘কাছে আয় তো।’
ভাই কপালটা কাচে ঠেকায়।
কাচের গায়ে সেই জায়গায়
দিদি এঁকে দেয় ফোঁটাটা।

সময় হল। ভাই উঠে যায়।
ওপাশে ফের নতুন মুখ।
নতুন ছেলে ফোনটা তোলে।
তার কপালেও সেই ফোঁটা।


ছিটকিনি

ভাইয়ের গলার শেষ মেসেজ
আজকে আমার ছেলে শোনে।
দম নিতে নিতে ভাই বলে,
‘দিদি, দরজাটা খুলে দে।’

ছেলে বলে, ‘এই গলাতেই
মামা আবার কথা বলবে।
তুমি শুধু লিখে দাও, মা,
কোন কথাটা শুনতে চাও।’

লিখি, ‘দিদি, ফোঁটাটা দে।’
ছেলে ফোনে বাজিয়ে দেয়।
‘দিদি’ বলেই একটু থামে,
মাঝখানে সে দমও নেয়।

ছেলে বলে, ‘আর কিছু, মা?’
বলি, ‘ওকে থামিয়ে দে।’
তবু আমার হাতটা গিয়ে
ছিটকিনিতে আটকে যায়।

🍂

Post a Comment

2 Comments

  1. ভাইফোঁটা সিরিজের কবিতাগুচ্ছ ভালো লাগল।

    ReplyDelete
  2. ধন্যবাদ

    ReplyDelete