জ্বলদর্চি

মুক্তি /অষ্টম পর্ব/ স্বাতী ভৌমিক


মুক্তি
 
অষ্টম পর্ব 

স্বাতী ভৌমিক

 ভেতরে প্রবেশের সাথে সাথেই একজন বেশ স্মার্ট সুন্দরী কম বয়সী মেয়ে এসে বললেন,Good morning Mam. Welcome to our office. How can i help you? "সুভাষিনী লেখাপড়াতে বরাবর ভালো থাকলেও অনভ্যাসে- বলা ভালো, অপব্যবহারে ধারালো লোহার অস্ত্র যেমন মরচে ধরে, সুভাষিনীও তেমনি দীর্ঘদিন বাইরের দুনিয়ার সংস্পর্শে সেরকমভাবে না থাকায় একটু আমতা আমতা করে বলল, "Yes, good morning. I just want to meet with Manager Sir." মেয়েটি Okay Mam, please come with me. "-বলে সুভাষিনীকে নিয়ে গিয়ে ম্যানেজারের রুমের সামনে হাজির করলেন। আলতো ভেজানো দরজা ঠেলে ম্যানেজারের উদ্দেশ্যে বলল, "May i come in Sir?"ম্যানেজার বললেন,"Yes, come....... in."-এই"in" শব্দটা বলতেই বেশ কিছুটা সময় পেরিয়ে গেল অনির্বাণবাবুর। 

 আর এই স্বল্প দীর্ঘ কথার মাঝেই সুভাষিনী- অনির্বাণবাবুর মধ্যে ভাবটা ম্যানেজার ও নতুন নিয়োজনের প্রার্থী থেকে পরিচিতির স্তরে পরিবর্তিত হয়ে গিয়েছে। 

 আসলে পূর্ব ইতিহাসটা একটু এরকম- সুভাষিনী বিবাহযোগ্যা হলে আর দশটা মেয়ের মতোই তারও পাত্র খোঁজা শুরু হয়। সেই পাত্র খোঁজার মরশুমেই অনির্বাণবাবু ও সুভাষিনীর পরিচয়। মধ্যস্থতাকারী মারফত প্রাপ্ত ফটো দুজনের ঘরে পছন্দ হয়েছিল, বিশেষ করে বলতে গেলে অনির্বাণবাবু ও সুভাষিনী দুজনেরই পছন্দ হয়। পাকা দেখার দিন স্থির হলে অনির্বাণবাবু ও ওনার বাড়ির লোক মিলে বেশ কয়েকজন  এসেছিলেন সুভাষিনীর বাড়িতে। কথা যখন শেষের দিকে, তখন হঠাৎই অনির্বাণবাবুর এক বন্ধু বলেন, "দুজনের- মানে পাত্র পাত্রীরা নিজেদের মতো করে একটু কথা বলে নিলে কি ভালো হতো না!" কিন্তু সুভাষিনীর পরিবার রক্ষণশীল পরিবার। কথাটা ঠিক যেন ওনাদের পছন্দ হলো না। অনির্বাণবাবুও বুঝতে পারলেন। অনির্বানবাবুর পক্ষেও প্রাচীনপন্থী- নবীনপন্থী উভয়ই ছিলেন। প্রাচীনপন্থীরা বললেন, "না না, এই তো সামনাসামনি দেখাশোনা হয়ে গেল-এবার বিয়ের পরই নাহয় বাকি কথা হবে।"নবীনপন্থীরা বললেন,"কাকাবাবু, সময় তো পালটেছে।তাই একটু ওদের কথা বলতে দিলে ভালো হত।"তবে কেউ আর  পাত্র- পাত্রীর মতের অপেক্ষা করলেন না -যে যার মত করে মতামত দিতে শুরু করলেন। এর মাঝে এসে পড়ল বিয়ের দিন স্থির করার কথা। অনির্বাণবাবু এবার একটু মুখ খুললেন। বললেন," সামনে একটা কোম্পানির বড় প্রজেক্ট এর কাজ রয়েছে। এই বিষয়ে একটু  আমাকে বাইরে যেতে হবে। তাই বিয়ের দিনটা মাস কয়েক পরে হলেই ভালো হয়। এর উপর আমার প্রমোশনের একটা ব্যাপার রয়েছে। " সবাই জানতেন যে, অনির্বাণবাবু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন এবং উনি মোটামুটি একটি ভালো পোস্টেই রয়েছেন। তাই কেউ খুব একটা আপত্তি করলেন না। স্থির হল, অনির্বাণবাবু কাজ সেরে ফিরে এলেই বিয়ের দিন পাকা করা হবে। আপাতত এটাই স্থিরীকৃত হল।

 মাঝে মাঝে সুভাষিনী ও অনির্বাণবাবুর ওই ল্যান্ডফোনে টুকটাক কথা হতো। এরকম হবে দু' মাস মত কেটে গেল। সুভাষিনী লেখাপড়ায় খুব ভালো ছিল। কম্পিউটারে কোর্সও করেছিল এবং এ ব্যাপারে তার দক্ষতাও ছিল। একবার সে বাড়ির লোককে বলেছিলও যে, একটা সাময়িক কোন কাজে সে যোগদান করতে চায়। কিন্তু রক্ষণশীল পরিবারে বিয়ের আগে বাইরের কাজে যোগদান স্বীকৃত হল না। নিজেকে সাবলম্বী করার প্রবণতা বরাবরই সুভাষিনীর ছিল কিন্তু বাড়ির পরিবেশ তার প্রতিকূলে ছিল।

 ক্রমশ
🍂

Post a Comment

0 Comments