জ্বলদর্চি

দুটি কবিতা /অয়ন মুখোপাধ্যায়

দুটি কবিতা 
অয়ন মুখোপাধ্যায়


সাইলেন্ট মোড

মানুষ শুধু দম নিয়ে বাঁচে না,
চা-দোকানের আড্ডা,
বউয়ের বকুনি,
অফিসের মিটিং—
এই সবই প্রমাণ করে সে এখনও টিকে আছে।

হঠাৎ যদি দেখেন
লোকটা একেবারে চুপচাপ,
ট্রেন লেট হলেও গালাগাল দিলো না,
ভাড়া বাড়লেও নাক সিঁটকালো না,
পাশের বাড়ির মেয়ের বিয়েতেও
দু’একটা কথা বললো না—
তাহলেই বুঝবেন, বিপদ।

শ্মশান নয়, হাসপাতাল নয়,
এই চুপ করে থাকাটাই আসল মৃত্যু।
বাকি সব তো কাগজে লেখা সার্টিফিকেট।

🍂


শব্দহীন প্রতিবাদ

সব চিৎকারেই শব্দে হয় না।
কখনও কখনও
নীরবতাই সবচেয়ে ধারালো ছুরি।

দেখো—
অফিসে যার মুখ থামতো না,
সে আজ মিটিংয়ে শুধু মাথা নেড়ে যায়।
যে লোকটা বাসে উঠে
ড্রাইভার এর ওপর রাগ ঝাড়ত,
সে আজ কিচ্ছু বলছে না।
আজ সিট ফাঁকা থাকলেও 
সে দাঁড়িয়ে থাকে।

দেশ যখন পাল্টাতে শুরু করে
মানুষ প্রথমে রাগ হারায়,
তারপর ভয়,
শেষে ভাষা।
এই শেষ স্তরটাই—
শব্দহীন প্রতিবাদ।

যেখানে মুখ বাঁচে,
কিন্তু ভিতরটা বেঁচে থাকে না।

Post a Comment

10 Comments

  1. Khub bhalo laglo

    ReplyDelete
  2. কী অসাধারন ভাবনা,, আপনার কবিতার লাইনগুলো আমাদেরও ভাবতে শেখায় ,, খুউব ভালো লাগলো ।

    ReplyDelete
  3. ধন্যবাদ

    ReplyDelete
  4. খুব ভালো লাগলো

    ReplyDelete
  5. দারুন

    ReplyDelete
  6. বেশ চমৎকার লেখা, শব্দ নিয়ে শব্দের চিৎকার

    ReplyDelete