জ্বলদর্চি

রাষ্ট্রের ছোট ছোট কাগজপত্র/অয়ন মুখোপাধ্যায়

রাষ্ট্রের ছোট ছোট কাগজপত্র

অয়ন মুখোপাধ্যায়

 ফর্ম

আজ আমাকে একটা ফর্ম দেওয়া হয়েছে।
ফর্মটি খুব ভদ্র।

উপরে লেখা— সিটিজেন আইডেন্টিটি রিভিউ।

ফর্মটি বলল,
আপনার নাম লিখুন।
বাবার নাম লিখুন।
দাদার নাম লিখুন।

প্রমাণ দিন আপনি মানুষ।
আমি বললাম—
মানুষ হওয়ারও কি এখন সার্টিফিকেট লাগে?

ফর্মটি হাসল না।
ফর্মগুলো সাধারণত হাসে না।

 অফিস

ব্লকের সামনে লাইন পড়েছে।
কেউ কাগজ এনেছে।
কেউ কাগজ খুঁজছে।

এক বৃদ্ধ বললেন—
আমার জন্ম ১৯৪৭ সালের আগে।

আমি কি আবার জন্ম নেব?
অফিসের ভেতর থেকে কেউ বলল—
প্রমাণ দিন।

বৃদ্ধ একটু ভেবে বললেন—
আমার হাঁটু ব্যথা।
এটাই কি যথেষ্ট নয়?
🍂

রাষ্ট্রের সন্দেহ

রাষ্ট্র খুব ভদ্রভাবে সন্দেহ করে।
সে বলে—
আমরা শুধু যাচাই করছি।

যাচাই করতে করতে
সে আমার দাদুর গ্রাম পর্যন্ত পৌঁছে যায়।

দাদু তখন নদীর ধারে বসে ছিলেন।
তিনি জানতেন না

একদিন তাঁর নাতিকে প্রমাণ দিতে হবে
যে সে এখানকারই মানুষ।

 
ভোটার

ভোটের সময় সবাই আমাকে চেনে।

আমার বাড়ি খুঁজে পায়।
আমার দরজায় কড়া নাড়ে।

তারপর একদিন
একটা নোটিশ আসে—
আপনি কে?

আমি ভাবি
যে রাষ্ট্র আমাকে পাঁচ বছর অন্তর চিনত
সে হঠাৎ করে এত ভুলোমনা হলো কেন।


 শেষ প্রশ্ন

শেষে আমি ফর্মটাকে জিজ্ঞেস করি—
তুমি কি আমাকে নাগরিক বানাবে?

ফর্মটি বলে—
না, আমি শুধু দেখব
তুমি নাগরিক কি না।

আমি বলি—
তাহলে নাগরিক বানায় কে?

ফর্মটি একটু চুপ করে থাকে।
তারপর বলে—
সম্ভবত ইতিহাস।

Post a Comment

5 Comments

  1. ভালো লাগলো

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ

      Delete
  2. Parvez alam mullickMarch 17, 2026

    Khub sundor hoya6a sir..👌👌

    ReplyDelete
  3. Political statement. Excellent excellent

    ReplyDelete