গুচ্ছ কবিতা
মধুপর্ণা বসু
কথার কথা
মধ্যবর্তী যোগ থেকে তুলে আনা রাত্রি ঘোর
যাম গুনে গুনে মাথা পেতে নেয় দণ্ড
এই প্রবল ঝঞ্ঝাময় সময় যেন অশেষ,
প্রত্যেক ঘৃণ্য ঝড়ের মুখে শিখণ্ডী তনুলতা,
যেন শিভ্যালরীর জয় পতাকা একমাত্র
এই তনুলতার উর্বর যোনিতে সীমাবদ্ধ।
এই পচা গলা সমাজে আর বিনোদন নেই
যেন তেন পুরুষের ঝাণ্ডাই ওই অগতির গতি,
একটা গোটা জাতি বিসর্জিত নারী শরীরে
কি ভয়ংকর এ অবক্ষয়! কি নির্দিষ্ট পরাজয়।
প্রিয় মুখ
কতকাল দেখানো ব্যস্ততায় ফিরিয়ে নিয়েছি মন
ছুটি নিয়ে সরে যাওয়া ভীষণ কঠিন
জেগে থাকে কতো তুচ্ছতম কথায় মায়া বন্ধন।
যেদিন ছিল মনের ভেতর ঘুরে ফিরে এক মুখ
অসহজ ভুলে যাওয়া স্ববিরোধী পিছুটান
অবিন্যস্ত মনে জড়িয়ে ধরেছি ধ্রুপদী সুখ।
আলো হয়ে ওঠে সংশয়হীন অপ্রতিহত গতি
সহস্র ধারার মতো জীবন যে ঘটনাবহুল,
রোদ মেঘ ঝড়ের দাপটে অবশ্যম্ভাবী ভ্রুকুটি।
বুকের নীচে সঙ্কোচ ভাব এতো স্থবিরতা নয়
এসো সহিষ্ণু মন অপেক্ষার পালা দীর্ঘ
এই সময় ধারাগতে, স্থিতিশীল বয়ে যেতে হয়।
যেদিন হতোদ্যম কামনারা বিমুখ নিরুৎসুক
ততক্ষণে আশ্রয় চিনে নিতে দুচোখ এসে
আলো থাক বা অন্ধকার স্পষ্ট হয় প্রিয় সুখ।
সহজপাঠ
দুই হাত বাড়িয়ে শুধু নিলাম এ জীবন
অদৃশ্য বশ্যতা সহবাস ভুলেছে কবেই,
হ্রস্ব দীর্ঘ কর্মহীন ঘুমন্ত সব স্তবগান অহেতুক
সেসব ঘোষণা, প্রত্যক্ষ দাবীর দিন পক্ষপাত দুষ্ট
মাথা নত হয়েছে চিরকাল, শ্রেয় ছিল মুণ্ডপাত।
তবুও এ ক্লেদের সারমেয় জীবন চিৎ হওয়া সর্বস্ব
অন্যত্র দুহাত মুঠিবদ্ধ বুকের পাঁজরে ধরতো দ্রোহ।
হিসেব ভুল করে অযথা উদাস গহ্বরের লালায়
যৌন যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ করে অপেক্ষাকৃত
সহজতর এ জীবনের রসদ শেষ করে যাওয়া।
প্রত্যয়
সেই অন্তর গ্রাসী দুচোখ আজ সমুজ্জল,
যেন ভেতরের সব গুপ্ত ইচ্ছে প্রকাশ্যে
ছুঁয়ে গেছে আমার প্রাংশু প্রতীক্ষা।
সলজ্জে নুয়ে পড়ে যেতে পারতো সহজেই...
হঠকারী নয় আমার উপোষী অভিমান-
নাতিদীর্ঘ চেতনা আছে যতদূর না ভেঙে পড়ে
প্রতিরোধ অথবা সম্পূর্ণ প্রতি নমন অলক্ষ্যে
আজ ভেঙে ফেলা সমস্ত পূর্ব প্রতিজ্ঞা
কুড়িয়ে নিয়েছি বৈশাখী প্রমত্ততা বাজি রেখে!
ভাঙা চাঁদ কলঙ্কতিলক এঁকেছে স্পর্ধায়।
অসংলগ্ন মন
ভুলে যেও যা-কিছু সংঘাত
অতি তুচ্ছ বজ্র বিদ্যুৎ,
প্রেম যদি বা মরতেই পারে
ভালোবাসা হোক অবধূত।
মেঘলা দিনে ঘাটে এসে বসি
ছলছল মনে আসে স্মৃতি
সেইতো এসেছিল অসময়ে
আজ শুধু এপিটাফ প্রীতি।
বিষাদ হয়ে তবু এক উৎসব
জীর্ণ পাতা ঝরে যাওয়া দস্তুর
শনশন হাওয়া ডেকেছে যাকে
1 Comments
ভালো লাগলো কবিতা গুলো।
ReplyDelete