চাঁদ কাব্য
তোমার শরীরী ঘ্রাণে জন্ম নেয়,
সর্বনাশা ভয়।
কোনও এক জ্যোৎস্না রাতে বুঝেছি
বিরহেরও গন্ধ হয়।
ঠোঁটের কিনারে ঠোঁট
অথবা কানের কাছে
আলতো সে সুর,
নিজেকে হারিয়ে সুখ পেতে পেতে
চলে যাওয়া
দূর বহুদূর।
যেতে যেতে বলে যাওয়া
তুমি সেই সুখের সাগর,
দুচোখে ঘুম নিয়ে এসো
চির প্রিয় হৃদ কোজাগর।
চাঁদ কাব্য- ২
কথা রাখার কথায় কবে যেন
হারিয়ে গিয়েছে চাঁদের তরণী।
কথা রেখে সব ঘাটে ঘুরে ঘুরে
খুঁজত নিঃসঙ্গ ছায়া,
যারা বাতাসের সাথে বিনিময়
করেছে প্রত্যাশা।
তাদের অদেয় কিছু নেই
কোনও শরীরীর।
তাই সেই চাঁদ ঘুরে ফেরে
অনন্ত ঘাট।
দিয়ে যায় দুমুঠো জ্যোৎস্না
আজও।
শুধু কথা রাখার জন্যই।
ছায়া ও আলেয়ারা
যেন আলো পায়।
চাঁদ কাব্য -৩
যে চাওয়া জ্যোৎস্নার মত চুঁইয়ে পড়ে,
মিশে যায় শান্তির ঘুমে,
সে চাওয়ায় প্রতিধ্বনিত হয় বাগেশ্রী।
নেশায় তখন রক্তরাগ,
যাই
পূর্ণ স্নান সেরে আসি
বাসরের আগে।
1 Comments
ভাল লাগল, নিচু স্বরে বলা।
ReplyDelete