সুতনু সরকার
অপেক্ষা
কোনো একদিন না বলা কথা সব
আপন পথ খুঁজে পাবে,
নদী তার গতিমুখ বদল করে
ঝড়কে সঙ্গী ভেবে মিশে যাবে সাগরে।
মাঠে ফুটে থাকা অচেনা ফুলেরা
সবুজ ঘাসে আঁকে সুখ,
আর লোকলজ্জার দলিল ঘেঁটে
অভিযোগের পাহাড় পাতাল প্রবেশ করে।
এখনও সময়ের বুকে অসুখের অশ্রুপাত
সবকিছুর ভেতর কী যেনো একটা অপেক্ষা।
ঠিকানা
শীতের চাদর গায়ে জড়িয়ে
সকালের জঙ্গলে শীতল আবেগ
উন্মুক্ত দিগন্তে একটু ওমের ছোঁয়া।
ঘাসের উপরে শিশির বিন্দুরা
তার অপেক্ষায় বিনিদ্র রজনী,
সদ্য জাগা পাখিগুলো গান ধরে
মেয়েটির গায়ে চুঁয়ে পড়ে
অনুরাগের চিহ্ন।
জোছন রাতে আদরে জড়ানো
তারা আর জোনাকির লুকোচুরি,
এ পথের শেষে দেখা হবে
মিলবে দুই অধ্যায়।
অরণ্যের সাঁকো পেরিয়ে
খুঁজে নেবে পুরানো ঠিকানা।
সাম্যের গান
বহমান নদীর আক্ষেপ
ফেলে আসা ঠিকানায়
প্রতিটি স্রোতে আকুলতা
নির্বাসনের চরম বিষাদ
অন্ধকার দিনের বার্তা স্পষ্ট
সময়ের প্রত্যাঘাত
ইতিহাস লেখা হয়
নতুন ভোরের আশায়
বাতাসে মাটির গন্ধ
ফোঁটা ফোঁটা শিশিরেরা
জীবনের নিঃশর্ত যাপন
গায় সাম্যের গান।
🍂
0 Comments