জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ অশেষ বন্দ্যোপাধ্যায়

গুচ্ছ কবিতা 
অশেষ বন্দ্যোপাধ্যায় 

ইচ্ছে
 
ইচ্ছে সুখের বিছানায়
কাঁটার গোপন ফাঁদ। রক্তাক্ত প্রান্তর।
 
ক্ষত বিক্ষত হৃদয় ফুঁড়ে
ব্যথার জলছবি। ছেঁড়া ক্যানভাস বিবর্ণ।
 
ইচ্ছে সুখের কল্পনায়
স্বপ্ন ভঙ্গের বেদনার কাব্য গাথা।নীরস জীবন
 
দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায়
জীবন ভর। তবু ভালোবাসার রঙ লাগে
ভাঙ্গা পাঁজরে।
 
ইচ্ছেগুলো অপেক্ষায় থাকে
পুরনো দিনে ফিরে যাবার অনুমতি নিয়ে।


অমরত্ব
 
মৃত্যু করেছে মহান
এ বাস্তব জীবন।
 
জীবন এখন মৃত্যুর সীমানায় স্থির।
তবুও বেঁচে থাকার কারনে রোজকার
জাবর কাটা সমস্ত সময় জুড়ে।
 
স্মৃতির বারান্দায় ছায়া ছায়া অনুভব ঘিরে
নামে রক্তের স্রোত।
নদী বুকে গোপন অভিসার
ভালোবাসার সুখ ছড়ায়
জলে মেশে যাবতীয়
পাপ পুণ্যের পুরনো দলিল।
 
কার যেন অদৃশ্য হাতছানি
বুকের ভেতর মোচড় দিয়ে যায়।।

🍂
ঘুম নামে অসময়ে
 
তপ্ত বাতাস আছড়ে পড়লো শরীরে শরীরে 
মনের জানালা গলে উষ্ণ প্রবাহ ছড়িয়ে পড়তেই
হিম শীতল স্রোত নামে ধমনীতে।

ব্যথার অনুভূতি প্রকট হলে
হাফর টানা বুকের ভেতর দমবন্ধ বাতাস
হা হুতাশ বাড়ে
পুরোনো দিন ভেসে আসে
সম্পর্কের টানাপোড়েন পিছুটান নিরন্তর।
 
এভাবেই কখন যেন নিবিড় ঘুম নামে অসময়ে।।


শরীর জুড়ে বৃষ্টিসুখ

বৃষ্টিসুখ নামে এ শরীর জুড়ে রাতের শেষ প্রহরে
বিন্দু বিন্দু জলে সিক্ত এ দেহ এ মন।

অন্তরের অন্দরমহলে জমে থাকা অভিমান 
অশ্রুনদীর বান ডেকে যায় হৃদয় যমুনায় 
স্বপ্নের খোঁজে নদী বুকে হাতড়ে বেড়াই 
তোমার হারানো মুখচ্ছবি।

নির্জন রাতের শেষ আলোর আভাসে 
ম্লান রোদ ফুলঝুরির মতো জ্বলে ওঠে।

একটু একটু করে বৃষ্টির গন্ধ মাটি ছুঁয়ে 
পৃথিবীময় আন্দোলিত হলে 
পুরনো প্রেম ফিরে আসে নিঃশব্দ চরণে।

এসময় ভালোবাসার সুর বৃষ্টির মতো 
ঝরে পড়ে আহত জীবন জুড়ে। 

ভোরের আলোয় আকাশ ভেঙে বৃষ্টি যখন  
পৃথিবীর মানুষের শরীর জুড়ে বৃষ্টিসুখ নামে।


সম্পর্ক 

সম্পর্কগুলো কেমন যেন ফিকে হয়ে আসে
পুরনো জমার মতো 
বড্ড মায়া ফেলতে চাইলেও ফেলা যায় না।

আত্মকেন্দ্রিক হয়ে পড়া মানুষগুলো
ক্রমশঃ কঠিন হয়ে উঠছে 
গুটিয়ে যাচ্ছে নিজের জীবনের ভেতর।

দূরের সম্পর্কগুলো কাছে আসার চেষ্টায় 
প্রতিযোগিতায় নামতেই
কাছের মানুষেরা দীর্ঘ অভিমানে ফিরে যায় 
পরাজিত সৈনিকের মতো।
অভিমান আসে যায়, কিছু ভুল বোঝাবুঝি,
তবু ভালোবাসা মিলনেরই খোঁজে 
কথার মাঝে যত্ন, চোখে চোখে মায়া,
সম্পর্ক তখন ফুটে ওঠে বসন্তের আঙিনায়।
এভাবেই সম্পর্ক থেকে সম্পর্কের অলিন্দে জীবন স্থির। 

Post a Comment

0 Comments