জ্বলদর্চি

দূর দেশের লোকগল্প— ৩০৭/তিন রাজকুমার ও দৈত্যের মাথার তিন গাছি চুল /বালুচিস্তান (এশিয়া)/চিন্ময় দাশ

দূর দেশের লোকগল্প— ৩০৭

তিন রাজকুমার ও দৈত্যের মাথার তিন গাছি চুল 

বালুচিস্তান (এশিয়া)

চিন্ময় দাশ


এক দেশে এক রাজা ছিল। রাজার তিন ছেলে। বয়স হয়েছে রাজার। কবে বলতে কবে মারা যায়, ঠিক নাই। একদিন তিন ছেলেকে ডেকে, রাজা বলল—আমার যাবার সময় হয়ে এসেছে। একটি দাবী আছে তোমাদের কাছে।

ছেলেরা বলল—বলো, তোমার কী দাবী?

রাজা বলল—বড় কিছু চাইছি না। রোজ রাতে আমার কবরের পাশে একজন করে এসে, বাতি জ্বেলে দিয়ে প্রার্থনা করবে।

এ আর এমন কী বড় দাবী। ছেলেরা সাথে সাথে রাজি হয়ে গেল। ক’দিন বাদে, রাজা মারা গেল। প্রথম রাতে ছোট ছেলে বলল-- বড়দা, আজ প্রথম রাত। তুমিই আব্বার প্রথম ছেলে। তুমি আজ যাও।

বড়দা বলল—না, না। আজ মেজো যাক।

কিন্তু মেজোও রাজি হল না। অগত্যা শেষে ছোট ছেলেকেই যেতে হলো। 

দ্বিতীয় রাতেও একই অবস্থা। এমনকি, তৃতীয় রাতেও তাই হলো। বড় দুই ভাই গেল না, ছোটকেই যেতে হলো।

সেদিন আবহাওয়ার গতিক ভালো নয়। রাতে ঝড় উঠল খুব। ছোট তখন কবরের পাশে বসে আছে। হঠাৎই সেখানে এক দৈত্য এসে হাজির। সে কী ভয়ংকর চেহারা তার! দৈত্য বলল—আজ এখানে মানুষের গন্ধ পাচ্ছি। ভালোই ভোজ হবে আজ।  

ছোট রাজকুমার কিন্তু ভয় পেল না। ছোটবেলায় দাদির মুখে গল্প শুনেছিল, দৈত্যের চুল ধরে ফেলতে পারলে, তার আর শক্তি থাকে না। ছোট তো কবরের পেছনে বসে ছিল। দৈত্যটা কাছে আসতেই, সে লাফিয়ে উঠেছে। ঝাঁকড়া চুল দৈত্যের মাথায়। চুলের মুঠি ধরে ফেলেছে শক্ত করে। 

দাদি ভুল বলেনি। দৈত্যটা হার মেনে নিয়েছে। বলল-- আমাকে ছেড়ে দাও, আমি তোমার বন্ধু হবো। কোনও দিন যদি প্রয়োজন হয়, উপকার করব তোমার। 

ছোট রাজকুমার তো এক কথায় রাজি। ছেড়ে দিল দৈত্যকে। ছাড়া পেয়ে, দৈত্যও খুশি। নিজের মাথা থেকে তিন গাছি চুল ছিঁড়ে, ছেলেটার হাতে ধরিয়ে দিল। বলল—কখনও কোন বিপদে পড়লে, একটা চুল পোড়াবে। আমি এসে হাজির হয়ে যাব।

রাজা মারা গিয়েছে। বড় দুই ভাই যেমন অলস, তেমনি অকর্মন্য। রাজ্য চালাতে পারল না। গোটা রাজ্যেরই ভারি সমস্যা। রাজার সেনাপতি ছিল যেমন বীর, তেমনি ধুরন্ধর। সে প্রজাদের ক্ষেপিয়ে তুলল। প্রজারা তখন তিন ভাইকেই তাড়িয়ে দিল দেশ থেকে। সেনাপতি নতুন রাজা হয়ে গেল।

এদিকে তিন ভাই রাজ্য ছেড়ে বাইরে চলে এসেছে। ঘুরতে ঘুরতে একদিন অন্য এক রাজ্যে এসে হাজির। সে দেশের রাজার তিনটি মেয়ে। তিনজনেই তারা ভারি সুন্দরী। কিন্তু তাদের কারও শাদি হয়নি। 

🍂

হবে কী করে? তিন মেয়ে ফন্দি করে, এক ঘোষণা করে রেখেছে। রাজধানি নগরের চৌমাথায় উঁচু একটা বেদী। ৪০ ধাপ সিঁড়ি ভেঙে, তবে বেদীতে উঠতে হয়। সেই বেদীর উপর আরও লম্বা একটা মিনার। সেই মিনারের মাথায় ইয়াব্বড় একটা জয়ঢাক রখা আছে। 

রাজার মেয়েরা বলেছে, যে ছেলে ঘোড়ায় চড়ে ৪০ ধাপ সিঁড়ি বেয়ে ওই উঁচু মিনারে উঠে, ঢাক বাজিয়ে আবার ঘোড়ায় চড়েই নেমে আসতে পারবে, আমরা তাকেই বিয়ে করব।

বড় দুই ভাই খোঁজ নিয়ে দেখল, এর আগে চেষ্টা করেও যারা পারেনি, তাদের শূলে চড়িয়ে মেরে ফেলা হয়েছে। মনে ইচ্ছে থাকলেও, ভয়ে বুক ধুকধুক। তারা সরে পড়ল সেখান থেকে। ছোট রাজকুমার বলল-- আমি চেষ্টা করব।

তার কথা শুনে, তিন মেয়ে তো হেসেই অস্থির। হাসি থামলে, ছোট মেয়ে বলল—আমাকে দেখে লোভ হচ্ছে তোমার? 

মেজো বলল—এদিকে না দেখে, উঁচুতে ঢাকের দিকে চেয়ে দেখ একবার। ওঠা-নামাটা ঘোড়ায় চড়েই করতে হবে কিন্তু। মনে থাকে যেন।

বড় মেয়ে বলল—নাগো, কোন দিকেই তাকাতে হবে না তোমাকে। পাশের মাঠের দিকে তাকাও একবার। তেল মাখানো শূল পোঁতাই আছে। না পারলে শূলে চড়ানো হবে। চোখের পলক না পড়তেই, একেবারে অক্কা। 

তিন মেয়ের আবার খিলখিলিয়ে সে কী হাসি।

সব শুনল ছোট। একবার মিনার আর জয়ঢাকের দিকে তাকাল। ঘাড় ঘুরিয়ে দেখল মাঠ আর তেলমাখানো শূলটাকেও। 

দৈত্যের কথা মনে পড়ে গেল ছেলেটার। বিপদের সময় সাহায্য করবে বলেছে। এখন একটু কেবল আড়াল দরকার তার। কোথাও একটু যাবে বলে সবে পা বাড়িয়েছে, বড় মেয়ে বলল—পালাচ্ছো কেন? বুক কাঁপছে?

ছোট ছেলে হাসি মুখে জবাব দিল— ভয় পাওয়ার লোক আমি নই। একটু সবুর করো। আসছি এখুনি।

খানিক দূর গিয়ে, একটা নদী। জনমনিষ্যি নাই সেখানে। পকেট থেকে দৈত্যের একটা চুল বের করে পোড়াল ছেলেটা। সাথে সাথে একেবারে ভোজবাজির মতো ব্যাপার। কোথা থেকে তরতাজা একটা সুন্দর সাদা ঘোড়া হাজির। ধবধবে সাদা রঙ গায়ে। ঘাড়ে সিংহের মতো কেশর। পিঠের উপর হীরে-মুক্তো বসানো জিন। তার উপর জমকালো এক প্রস্থ পোষাক। জরি দেওয়া মখমলের কাপড়-চোপড়। রূপোর খাপে ভরা লম্বা একখানা তরবারি। দেখে তো চোখ কপালে ওঠার জোগাড় ছেলেটার। 

কথা রেখেছে দৈত্য। মনে বেশ সাহস এলো ছেলের। পোষাক পরে সাদা ঘোড়ার পিঠে চেপে ফিরে এল চৌমাথায়। 

এমন কাউকে তো দেখেনি আগে কোনও দিন। তিন মেয়ের তো তখন কথা সরে না মুখে। তাদের জোড়া জোড়া চোখ গোল গোল। বড় মেয়ে তো বিড়বিড় করে বলেই ফেলল—দোয়া করো, খোদা। এ ছেলেকে যেন শূলে চড়তে না হয়।

ছেলেটা মুখে কিছু বলল না। মেয়েগুলোর দিকে তাকিয়ে, লম্বা করে সেলাম ঠুকল একটা। তারপর ঘোড়া হাঁকিয়ে দিল। 

চোখের পলক পড়ল না কারও। বিদ্যুৎ খেলে গেল যেন। মুহুর্তেই সাদা ঘোড়া মিনারে চড়ে পড়েছে পিঠের সওয়ারি নিয়ে। দুম-দুম-দুম… তিনটে ঘা পড়ল জয়ঢাকে। তার গুরু গম্ভীর আওয়াজে আকাশ বাতাস সব কেঁপে উঠল। 

মিনার থেকে নেমেও এল বিদ্যুৎ ঝলকের মতোই। কিন্তু এক মূহুর্তও থামল না সেখানে। ছোড়া ছুটিয়ে বেরিয়ে গেল চৌমাথা থেকে। 

চৌমাথায় হাজার জনের ভীড়। সবাই হায়-হায় করে চেঁচাতে লেগেছে। তাতে কানও দিল না ছেলে। সোজা নদীর ধারে গিয়ে নামল ঘোড়া থেকে। 

জামাকাপড় ছেড়ে, নিজের পোষাকে ঘরে ফিরে এলো। তার বড় ভাইরা বলল—জানিস, ভাই। আজ কোথাকার কে এক অচেনা রাজপুত্র এসে, ঢাক বাজানোর কাজটা করে পালিয়ে গিয়েছে। 

ছোট ভাই শুনে মুচকি হাসল একটু। কোন জবাব দিল না।

পরের দিন সে আবার একটা চুল পোড়ালো। এবার এলো বাদামি ঘোড়া। সেই একই রঙের জিন, জামাকাপড়, তরোয়াল—সব কিছুই। সেদিন আবার একই ভাবে ঢাক বাজাল মিনারে চড়ে। সেদিনও মিনার থেকে নেমে, সোজা নদীর পাড়।

তৃতীয় দিনে শেষ চুলটা পোড়ালো ছোট। সেদিনের পোষাক-আসাক সব কিছু নীল। সেদিন মিনারে চড়ে তিনবার কাঠি দিল ঢাকে। এবার কাজ শেষ করে, ঘোড়া ছোটাল না আর। তিন রাজকুমারির সামনে গিয়ে আবার সেলাম ঠুকল লম্বা করে। 

সেদিন মাঠ একেবারে লোকারণ্য। তিলটি রাখবারও ঠাঁই নাই যেন। লোক এসেছে সারা রাজ্য ভেঙে। তার নিজের দুই ভাইও ছিল ভীড়ের ভিতর। এবার তাদের সামনে গিয়ে হাজির হোল ছোট। 

দুই দাদার তো চোখ ছানাবড়া। বিশ্বাসই হচ্ছে না যেন। আনন্দে আটখানা হয়ে ভাইকে বুকে জড়িয়ে ধরল তারা।  

সেদিন রাজাও হাজির ছিল মাঠে। এমন অবিশ্বাস্য কাজ! নিজের চোখে না দেখে, ঘরে বসে থাকা যায় না কি? এক দল সেপাইকে তৈরি রেখেছিলেন। মিনার থেকে নেমে পালাতে গেলে, ছেলেটিকে ধরে ফেলবে সেপাইরা। 

সেসব ঝামেলা করতে হোল না। তিন ভাই ভীড় ঠেলে, রাজার কাছে গিয়ে হাজির। রাজার তো তখন আনন্দ ধরে না। 

কাড়া বাজল। নাকাড়া বাজল। রাজসিঙা বাজল আকাশ-বাতাস কাঁপিয়ে। সানাইয়ের মিষ্টি সুরে রাজপ্রাসাদ মাতিয়ে, তিন রাজকুমারির শাদি হয়ে গেল তিন ভাইয়ের সাথে। 

তিনটে নতুন প্রাসাদ বানিয়ে দিল রাজা। বলল—এবার সুখে-শান্তিতে বসবাস করো তোমরা। 

বড় আর মেজো তো খুসিতে টগবগ করে উঠল। তারা গিয়ে ঢুকে পড়ল নিজের নিজের প্রাসাদে। 

ছোট বলল—আমি থাকব না এখানে। নিজের রাজ্যে ফিরে যেতে হবে আমাকে। 

শুনে রাজা অবাক-- কেন, থাকবে না কেন? 

ছেলেটা বলল—দুটো জরুরী কাজ আছে আমার। হতভাগা সেনাপতিটাকে শায়েস্তা করতে হবে। তার চেয়েও বড় কথা আছে একটা। আব্বার কবরে বাতি জ্বালা হয়নি অনেক দিন। বাতি জ্বালতে হবে আমাকে।  

এমন কথা শুনে আনন্দে বুক ভরে গেল রাজার। এক দল সেপাই, অনেক সোনা-দানা দিয়ে রওণা করিয়ে দিল ছোট ছেলেকে।

Post a Comment

0 Comments