বিশ্ব হ্রদ দিবস
দোলনচাঁপা তেওয়ারী দে
আজ ২৭শে আগস্ট ২০২৬, বিশ্ব হ্রদ দিবস। হ্রদ কি, পরিবেশে হ্রদের প্রয়োজনীয়তা কি আসুন সবকিছুই জেনে নিই।
পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট প্রক্রিয়ায় নিচু গর্ত বা অববাহিকা সৃষ্টি হয়ে এবং তাতে বৃষ্টির জল বা নদীর স্রোত জমে হ্রদ গঠিত হয়। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হ্রদের গুরুত্ব অপরিসীম। জল সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে হ্রদ ও জলাভূমি নিবিড়ভাবে যুক্ত। হ্রদের এই গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২৭শে আগস্ট বিশ্ব হ্রদ দিবস পালনের উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। হ্রদ শুধু জল ধারণের প্রাকৃতিক আধার নয়, এটি অসংখ্য জলজ প্রাণী, পাখি ও উদ্ভিদের আবাসস্থল। অনেক মানুষের জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হ্রদের ওপর নির্ভরশীল।
মাছ ধরা, কৃষিকাজ, পর্যটনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে হ্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি হ্রদ বৃষ্টির জল ধরে রাখে এবং স্থানীয় জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কিন্তু বর্তমানে দ্রুত নগরায়ণ, অপরিকল্পিত নির্মাণ, শিল্পবর্জ্য, প্লাস্টিক ও নোংরা জল ফেলার কারণে বহু হ্রদ দূষিত হচ্ছে। কোথাও আবার হ্রদ ভরাট করে তৈরি হচ্ছে বসতি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এর ফলে,জলধারণের ক্ষমতা কমছে, জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হচ্ছে এবং পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। বর্ষার সময় জলাবদ্ধতা ও বন্যার সমস্যাও অনেক ক্ষেত্রে বেড়ে যায়। হ্রদ দূষণের অন্যতম কারণ হলো, মানুষের অসচেতনতা। বিভিন্ন ধরনের আবর্জনা ও প্লাস্টিক হ্রদের জলে ফেলার ফলে, জলের গুণমান নষ্ট হয়। অপরিশোধিত নিকাশি ও শিল্পবর্জ্য জলাশয়ে মিশলে জলজ প্রাণী ও উদ্ভিদের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। অতিরিক্ত দূষণের ফলে অনেক হ্রদের স্বাভাবিক জীববৈচিত্র্য ধীরে, ধীরে হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হ্রদ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। জলাশয়ে আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো, নিকাশি ও বর্জ্যজল পরিশোধনের ব্যবস্থা করা এবং অবৈধভাবে হ্রদ ভরাট বন্ধ করা প্রয়োজন। স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো যেতে পারে। বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদেরও পরিবেশ সচেতনতা কর্মসূচিতে যুক্ত করা দরকার।
হ্রদ সংরক্ষণ মানে,শুধু একটি জলাশয়কে রক্ষা করা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জল, সুস্থ পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের প্রশ্ন। একটি হ্রদ বাঁচলে তার সঙ্গে যুক্ত অসংখ্য প্রাণী, উদ্ভিদ এবং মানুষের জীবনও সুরক্ষিত থাকে। বিশ্ব হ্রদ দিবস আমাদের মনে করিয়ে দেয়, প্রাকৃতিক জলসম্পদকে অবহেলা করলে তার ফল ভবিষ্যতে আরও কঠিন হতে পারে। তাই হ্রদকে আবর্জনা ও দূষণমুক্ত রাখা, দখল ও ভরাট রোধ করা এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। “হ্রদ বাঁচলে জল বাঁচবে, জল বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে” এই অঙ্গীকারেই হোক বিশ্ব হ্রদ দিবসের মূল বার্তা।
0 Comments