জ্বলদর্চি

মননের দর্পণে জীবনের কিছু টুকরো কথা /দ্বাদশ পর্ব /স্বাতী ভৌমিক

মননের দর্পণে জীবনের কিছু টুকরো কথা 
দ্বাদশ পর্ব 

স্বাতী ভৌমিক 
       

 "অস্তিত্ব" ব্যাপারটিকে আমরা সঠিকভাবে সবসময় উপলব্ধি করতে পারিনা বা উপযুক্ত গুরুত্বও অনেক সময় দিতে পারি না। কিন্তু এর গুরুত্ব অনুধাবন করাটা অত্যন্ত প্রয়োজনীয়।মনে থাকে আবেগ, আর পঞ্চভূত- পঞ্চ ইন্দ্রিয় সমন্বিত দৃষ্টিগ্রাহ্য জড়সত্তা হল জড়জাগতিক অস্তিত্ব। আর যদি অতীন্দ্রিয় তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়,তাহলে আমাদের দৃষ্টিগ্রাহ্য রূপের অন্তরালে উপলব্ধিলব্ধ এক মূল অস্তিত্ব রয়েছে। যার নাম হল আত্মা বা চেতনা।

 আমাদের আবেগগুলোর আবাস অন্তরে হলেও এর গতিপথ মূলত বাহ্যিক। এখন আমার বলার ব্যাপার হলো, বাহ্যিক জগতে কি আছে?- জড় অস্তিত্ব। তাকেও তো বোঝার গুরুত্ব রয়েছে। নাহলে এই আবেগগুলো তো অধিষ্ঠানই পাবে না। মনের গহনে তৈরি হবে শূন্যতা। তার ফলে আসবে হয় অপচয়ের জন্য অনুশোচনা বা ওই শূন্যস্থানে পুনরায় অপচয়কৃত আবেগ ফিরিয়ে এনে সঞ্চয়ের প্রয়াস। এই কথাগুলো যতটা বাক্যে প্রয়োগের ক্ষেত্রে সহজ মনে হচ্ছে, কাজে কিন্তু অতটা সহজ নয়। তাই আবেগ অপচয়ের থেকে ভালো- ধৈর্য্য ধরে সময় অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবেগকে বাহ্য জগতে প্রয়োগ করা।
🍂

 প্রসঙ্গত উল্লেখ্য, তবে আমাদের চেতনা বা আত্মিক যে অস্তিত্ব- সেখানে আবেগগুলো অন্তরমুখী ভাবে প্রবাহিত হলে, সেক্ষেত্রে কিন্তু অপচয়ের তুলনায় আরো বেশি কিছু ব্যাপার বরঞ্চ উদ্বৃত্ত হিসেবে লাভ করা যায়। যার ফলে মনে শান্তি- ধীরতা উপলব্ধি করা যায় এবং অনেক ক্ষেত্রে যা অহেতুক বাহ্যিক অপচয়ের শূন্যতাকে পূরণে সহায়তা করে। 

 তাই আবেগগুলো অন্তরমুখী হলে তেমন কোন সমস্যা নেই। তবে সাবধানতা দরকার- সচেতনতা দরকার। কিন্তু বহির্মুখী হলে আরো অনেক অনেক বেশি সাবধানতা ও সচেতনতার প্রয়োজন হয়। 

 তবে সব রকমের আবেগ কিন্তু প্রশ্রয় যোগ্য নয় বরঞ্চ সেগুলি পরিবর্তনীয় বা পরিশোধনীয়। যেমন, ক্রোধ- এই ক্রোধকে অত্যন্ত সুচারুরূপে চালিত না করলে এটি তীব্র বিপর্যয় ডেকে আনতে পারে- তা স্বীয় ক্ষেত্রেই হোক বা অপরের ক্ষেত্রে। 

 অফুরন্ত প্রাণময় সত্তা আমাদের অন্তরে বিরাজমান। জীবনে সুখী থাকার- শান্তিতে থাকার মূল উৎস সে-ই অন্তরে। বাইরে জড়জগতে পূর্ণতার খোঁজে চিরচঞ্চল মনকে শান্ত করতে গেলে অন্তরের অন্তরে যে গোপন শান্তিসাগর রয়েছে, সেখানে পৌঁছোনো খুব দরকার। তার উপলব্ধি খুবই প্রয়োজন। কাল্পনিকতায় নয়- সাক্ষাৎ উপলব্ধিতেই মিলবে মুক্তির আনন্দ ।।

ক্রমশ....

Post a Comment

0 Comments