জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /পূর্বাশা সোম সুরাল


গুচ্ছ কবিতা 
পূর্বাশা সোম সুরাল 

      ডুব আলো সন্ধ্যার
       ঘনালে চৌকাঠ 
  নিভলে সংসার রাজ্যপাট
  পাটভাঙা বিষাদ প্রতিমা 
           আমার  মা
কাপড়ে সুতোর ফোঁড়ে আনমনা
          বোনেন নকশা

   বুনোফুল   কলকা   লতাপাতা 
     কতো কথা   কথকতা

        জীবনের ক্যানভাসে
       দুঃখ সুখ ভালোবেসে
     যেন এক ভরাট  কবিতা  !


শরৎলিপি 

হেঁটে চলেছে ওরা দিগন্তরেখা ধরে
  অতল জিন্স আর উতল  ওড়না
  ছলাৎছল ওড়নার ঝিকিমিকি  
             যুবকের চোখে
বুকে যুবতীর  রাগ বিলাবল,তোড়ি 
 বেলোয়ারি ঝরছে  নীল আকাশ
            -  ওদের ঘিরে -
            শারদীয় রোদ্দুরে
       ফুটে ওঠে কাশ ক্যানভাস 
 শিশিরের চুপকথা,ভেজা দুর্বাঘাস
 ওদের পথরেখা বেয়ে  জেগে ওঠা
    আধফোটা কবিতার উচ্ছ্বাস  
          শায়রী দু এক কলি  !

🍂

ডাক 

বুকের মধ্যে উঠছে ফুটে শিউলি ভোর 
ঝরাক শিশির  সবুজ উঠোন  হৃদয় তোর 
ভাসালে তীর ও নদীটির কাশদিগন্ত-- 
আকাশ মাতে ঢেউখেলাতে, অবাধ্য তো !
মেঘমিনারেও কানাকানি ! নীল হাতছানি !
  আসবি না তুই.....?  অভিমানী !
আকাশ নীলে নীল করে বাঁধবো তোকে 
সাধ্য কী তোর ফেরাস সে ডাক এই শরতে !


নদী

কবিতা তো অন্ত্যচারী নদী
  খড়কুটো গল্পেরা যদি
       শব্দে বাঁধে ঘর
  যদি  অক্ষর ছুঁয়ে অনুভব
জীবনের তটরেখা বেয়ে 
       ঢেউয়ে ঢেউয়ে 
দুঃখ সুখ আঁকে  সময়ের বাঁকে 
   তীরে তীরে   মোহনায়...
      কবিতা -  নদী 
  -- বহমান ধারায় --
    ভাসে ও  ভাসায়
        নিরবধি !


শারদীয় 

এই শরতে---
কাশফুলেদের কথা বলব আমরা ।
          ...সেই কাশফুল...
    যা ফুটে উঠতো নদীর ভাষায়
 আর উন্মন তোমার চোখের তারায

তোমার প্রথম চিঠি সবুজ অক্ষরে
     -- কাশের শুভ্রতায় মোড়া --
এক আকাশ বৃষ্টি হয়ে ভাসালো আমায় !

                সেই শুরু 
সেই থেকে অবিরল বৃষ্টিপাতই ঘটে ।
                 তুমি নেই 
       মেঘলা যত মনখারাপ 
   গুচ্ছ গুচ্ছ কাশ হয়ে ফোটে !



দ্রোহ

 সীমান্তের কাঁটাতারে দেখি লুটিয়ে কবিতা
  বুলেটবিদ্ধ শব্দ   ছেঁড়াখোঁড়া কথা ।
               ছন্দ নিস্পন্দ   
    ছিন্নভিন্ন  অলংকার  যতিচিহ্ন 
        স্তবকে স্তবকে শূন্যতা
          তবু ভেঙে নীরবতা 
             তুমুল গর্জনে 
   কবিতাও ঘুরে দাঁড়াতে জানে
 অপরাজিত জাগে  মুষ্টিবদ্ধ হাত 
 কবিতাই জাগায়  অক্ষরে বারুদ
           সংঘবদ্ধ প্রতিবাদ

Post a Comment

0 Comments