প্রিয়া কুণ্ডু নন্দী
এই বইয়ের কবিতাগুলোতে একদিকে যেমন একান্ত ‘আমি’-কে খোঁজার ব্যক্তিগত ভাবাবেগ স্পষ্ট, অন্যদিকে তেমনি সম্পর্কের নানা টানাপোড়েন এবং একটি স্থিতিশীল আশ্রয়ের আকুল সন্ধান ফুটে উঠেছে। জীবনের জটিল অলিগলিতে হাঁটতে হাঁটতে মানুষ একসময় ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ে, তবুও সে বুকে বাঁধে এক মহাজাগতিক আলোর আশা।
তবে বাস্তবতার চলন্ত পথে নারীর জীবনে যখন কোনও মর্মান্তিক অন্ধকার নেমে আসে, তখন চারপাশে বহু মানুষ থাকা সত্ত্বেও তার পাশে কেউ দাঁড়ায় না। কিংবা যখন দৈনন্দিন জীবনের ছোট ছোট অনুভূতিগুলো ক্লান্তিকর জীবনে ঢাকা থাকে, তখন মন ব্যাকুল হয়ে ওঠে এক মুক্ত রৌদ্রোজ্জ্বল আকাশের ছোঁয়া পেতে। জীবনের অন্ধকার ও অন্যায়ের মাঝে সত্যকে বাঁচিয়ে রাখতে প্রতিবাদের কণ্ঠগুলো আজও সমানভাবে সোচ্চার।
বইটির অন্যতম আকর্ষণ, এর বেশ কিছু কবিতা ‘জ্বলদর্চি’ অ্যাপে ছদ্মনামে প্রকাশিত হয়েছিল। এই ‘ছদ্মনাম’ নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে এক গভীর রহস্য। মনের ভেতরে এই রহস্যের সৃষ্টি কবিতাকে আরও গভীরে টেনে নিয়ে যায়। এমন এক অসীম গভীরতা, যার পরিমাপ করা যায় না। কেবল নিঃসঙ্কোচে কবিতার অপূর্ব জগতে নিজেকে ভাসিয়ে দেওয়া যায়।
0 Comments