সন্দীপ কুমার দাস
বছর বারোর ছেলেটি ।পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে। গায়ে ছেঁড়া জামা। নিষ্পাপ মুখে ময়লা জমেছে। তবু চোখ দুটো বেশ উজ্জ্বল।
নাম গোত্র হীন এক ফুল। কোথায় ফুটেছে কেউ জানে না। 'ছোটু' বলে ডাকে লোকে। নিজের বলে তার কেউ আছে কি নেই জানা নেই তার। শিয়ালদা স্টেশন চত্বর তার ঠিকানা। তার কোনো ধর্ম নেই, নেই পরিচয় - বাঙালি, বিহারী নাকি অন্যকিছু! তার একমাত্র পরিচয় পথ শিশু - ভিখারি। জ্ঞান জাগরণ থেকে মানুষের করুণায় বেঁচে আছে আজও।
আজ পুজোর মহা অষ্টমী। সকাল থেকেই মণ্ডপে লাইন। সবার হাতেই পুজোর ডালা। ছোটুর মনে আনন্দ। ফেরার পথে প্রসাদ জোটে সঙ্গে কিছু অর্থও প্রাপ্তি ঘটে। পুজোর এ ক'দিন আর গলা তুলে হাত নেড়ে বলতে হয় না, " ও মা, ও বাবা একটা টাকা দাও না গো..." অন্য দিনগুলিতে অনেকে মুখ ফিরিয়ে চলে গেলেও আজকে সবাই খুঁজে খুঁজে গুঁজে দেয়। ছোটু তাই নিশ্চিন্ত।
এই এক রত্তি ছেলে, সে দেখেছে মানুষের বিচিত্র রূপ। বেঁচে থাকার লড়াই করছে রোজদিন। উপেক্ষা, ঘৃণা, তিরস্কার, লাঞ্ছনা কম তো জোটে না! রোদে পুড়ে শীতে জমে এই বিশাল পৃথিবীতে টিকে থাকার অসম সংগ্রাম। এই পৃথিবী বড় নির্মম। ছোটু ভেবে পায় না তার অপরাধটা কী? কেন তার জীবন আর পাঁচটা শিশুর থেকে আলাদা!
🍂
সকালটা আজ ভালোই কেটেছে ছোটু'র।
এখন দুপুর। প্ল্যাটফর্মের বেঞ্চে শুয়ে একটু ভাত ঘুম দিচ্ছে। হঠাৎ পুলিশের লাঠির স্পর্শে চমকে উঠল সে। এর আগে বহুবার নানা ছুতোয় তুলে নিয়ে গেছে তাকে। তারপর কোনো এক হোমের ভিতর বন্দী। আবার দু-চার দিন পর ছেড়েও দিয়েছে।
ছোটু ভাবে, " অসহায় গরীব বলেই কি কপালে একটুও সুখ সয় না!"
পুলিশ কাকু বলে ওঠে, " চল, গাড়িতে ওঠ!"
অগত্যা...
গাড়িতে উঠে দেখে তার পরিচিত অপরিচিত আরও অনেকেই সেখানে জড়ো হয়েছে। তারপর গাড়ি সোজা পৌঁছে গেলো একটি মণ্ডপের সামনে। খোলা মাঠে একটি মঞ্চ বাঁধা। সেখানে আলো করে বসে আছেন অনেক নর- নারী। দেখে ভদ্র সভ্য মনে হয়।
গাড়ি থেকে নামানোর পর পুলিশ কাকু কর্কশ কণ্ঠে নির্দেশ দিল, " তোরা সোজা মঞ্চের কাছে লাইন দিয়ে যাবি। তারপর তোদের ওখানে কিছু দেবে। নিয়ে সোজা আবার গাড়িতে এসে উঠবি।"
ছোটু ভাবে এত সুখ কি কপালে সইবে!
একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চলছে পথ শিশুদের নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠান। সেখানেই ছোটুরা অতিথি।
নতুন বস্ত্র হাতে পেয়ে ছোটু কে আর ধরে কে! সে এখন যেন হাতে চাঁদ পেয়েছে। খুশিতে ডগমগ। জামাটা গায়ে দিয়ে ছোটু ভাবে তাকে নিশ্চয় খুব সুন্দর দেখতে লাগছে- ওই শহুরে বাবুদের ছেলেদের মতো। যদিও নিজেকে দেখার আয়না ছিল না তার তবু অন্যদের দেখে সে নিজের রূপ কল্পনা করে নিয়েছে, এই আর কি!
উপহার নিয়ে ছোটু এসে গাড়িতে বসলো। একে একে সবাই ফিরে এলো। ছোটু ভাবে জীবনে আর বেশি কিছু চাওয়ার নেই তার।
এমন সময় পুলিশ কাকুর আবার আগমন। হাসিমুখে ঘোষণা করলেন, " তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে!" পুলিশ কাকুদের হাসির সাথে খুব একটা অভ্যস্ত নয় তারা!
সকলের চোখ বিস্ফারিত হলো।
গাড়ি থামলো চিড়িয়াখানার সামনে। সেখানে আগে থেকেই উপস্থিত নগরপাল মহাশয়। তাঁরই উদ্যোগে আজকে পথ শিশুদের জন্য চিড়িয়া খানা ভ্রমণ। পুজোর বিশেষ উপহার! উপরি পাওনা - লুচি আলুর দম।
দিন শেষে রাত্রি নামে। পুলিশের ভ্যান সবাইকে নামিয়ে দিয়ে যায় স্টেশন চত্বরে।
ছোটু কেমন ঘোরের মধ্যে আছে। এরকমও কি হয় কখনও! প্রতিদিন কেন এমনটি হয় না!
1 Comments
খুব ভালো লাগলো
ReplyDelete