মলয় সরকার
দুঃখের বারমাস্যা
আমার সব দুঃখকে
দুপুরের মত তুলে রাখি আলনায়
মাঝে মাঝে ঝেড়ে রোদে দিই
কান্নার আতর মাখাই দুই হাতে
ফুটো বাঁশের চাল থেকে জলের ফোঁটা পড়ে
টুপ টুপ টুপ টুপ
ভিজে আঁচলে হাওয়া ফেনিয়ে খেলে
ঝিঁ ঝিঁ পোকার সারেঙ্গীতে সুর ওঠে
ভেজা বিছানায় পাশের মানুষের দিকে
ভালবাসার হাত বাড়াই
কালকেতুর মত বারমাস্যার গল্প শোনাই
নিষ্ফলা শহুরে বাবুদের
দূরে রাতচরা পাখিরা তাদের বাসা খুঁজে ফেরে।
মৃত্যু-বন্ধু
আমি মৃত্যুর গলা জড়িয়ে ধরে বলতে চাই
আমরা বন্ধু হতে চাই
যেমন করে মহুয়াগাছ ডেকে নেয় মৌমাছিকে কিংবা বসন্ত বাতাস ডাকে শিমূল পলাশকে
আমার আজ ভাঁড়ারে কিছু নেই
চাল ডাল আটা সব শেষ
আমি আজ নিঃস্ব
শুধু বন্ধুত্ব ছাড়া
একজন একাকী নিঃস্ব মানুষের
সবচেয়ে বড় বন্ধু
একমাত্র মৃত্যু ছাড়া আর কে-ই বা হতে পারে
🍂
বৃত্ত
আমি খোঁজা শুরু করি বিন্দু থেকে
কাকে খুঁজি আর কি খুঁজি
খুঁজি নিজেকে আর কি খুঁজি অন্তরের সেই নিভৃত চেতনাকে
বিন্দু বিন্দু দিয়েই তো বৃত্ত
বৃত্তের যেখানে শুরু সেখানেই শেষ
শুধু পড়ে থাকে এক অন্তহীন পথ
এই পথচলাই হল জীবন
আর জীবন মানেই খোঁজা
তাই অসীম অনন্ত পথের যারা পথিক
তাদের পথও এই বৃত্ত বা পরাবৃত্ত কি অধিবৃত্ত
বুঝি জীবন সরলরেখা নয়
0 Comments