সর্বজয়া আচার্য নন্দ
বিচলিত
কত সঙ্গীর সাথে পাঠিয়েছ এ জগতে
কত বন্ধুর সাথে কাটাতে দিয়েছ জীবন —
কত পরিচিত — কত যে চেনা-অচেনা —
জীবনের সাথে জুড়ে দিলে কত স্বজন...।
গোপনে যে কত অঙ্ক কষলে ব'সে —
যোগ-বিয়োগ আর গুণ-ভাগ গুণে গুণে,
কখন যে কাকে ডেকে নিতে হবে কাছে —
সে হিসাবটাও কষে নাও মনে মনে...।
যখন নোটিশ পাঠাও যাদের ঘরে
কারো মুখে হাসি — কেউ হয় কেঁদে সারা —
সবই ক'রে যাও পরম নির্বিকারে
যারা, যাতনায় ভোগে বিচলিত হয় তারা...।
সেই রাত
ঘর বাঁধি তারাদের সাথে —
প্রতিদিন রাতের আঁধারে,
প্রাণ খুলে ব'লে যাই কথা
সবই যে সবার অগোচরে...।
ওরা শুধু নীরবেই শোনে —
বোঝে, কার বুকে কত ব্যথা,
চেয়ে রয় অপলক চোখে —
যা' বলে — তা' অশ্রুত কথা...।
সে ভাষার মর্ম সে-ই বোঝে —
যারা বাঁধে তার সাথে ঘর,
প্রাণ খুলে সব বলি যাকে —
সেই-ই তো প্রাণের দোসর...।
কবে যে তারার কাছে যাওয়া —
জানা নেই -- সেই রাত কবে,
আশায় আশায় দিন গোনা —
জীবনে সে রাত কবে হবে...।
🍂
স্বেচ্ছা নির্বাসনে
বিশ্ব প্রকৃতির কোলে স্থান আজ কুটিরের কোণে —
বার্ধক্যের অবসাদ দূর করি একাকী নির্জনে ।
সেইখানে রয় শুধু নিঃসঙ্গতা-নীরবতা —
সঙ্গী হয়েছে তার —হতাশা-ব্যর্থতা-অক্ষমতা ।
জীবনের, উত্থান ও পতনের ভুরি ভুরি যত কাটা-ছেঁড়া
সাথে, দুর্ভাগ্যের হাজারটা দুরন্ত-দুর্লঙ্ঘ্য বেড়া ।
দিন নয় —ক্ষণ নয় —মাস নয়— বছর-বছর —
ধ্যান বা প্রার্থনা নয় — লেখা হয় মনের খবর ।
কভু হাসি —কভু কান্না — ঝ'রে পড়ে কভু দীর্ঘশ্বাস —
কে তার হিসাব রাখে —সাথে রয় ঈশ্বরে বিশ্বাস ।
দোলাচলে কাটে দিন — সন্ধ্যার আঁধার যবে নামে—
প্রিয় যারা —আসে কাছে —একাকীত্বের বোঝা কমে।
কখন 'কুটির' গড়া —! সে হিসাব আজ নেই মনে --
0 Comments