জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /সালেহা খাতুন

গুচ্ছ কবিতা 
সালেহা খাতুন

নীল সুখ

তোমাকে পাওয়ার জন্য, 
গভীর রাতে কবরস্থানের মাটি খুঁড়ে ;
গঙ্গা থেকে তুলে এনেছি এক ঘড়া জল।
পেয়ারাগাছের দুর্বল ডালে সুতো বেঁধে,
ঝুলিয়ে দিয়েছি আপন হৃদয়।
হাওয়ার তালে তালে দোল খাওয়া পাখির মতো
তুমি এসেছ ছুটে, লাজুক থুতনি ধরে দিয়েছ টান 
মুহূর্তেই ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে 
নীল শার্টের ফাঁকে তোমার লোমশ বুকের মাঝে।
গল্পগুচ্ছের উপর রাখা হলুদ খামে ভরা চিঠি,
ঝড় তুলেছে গহীন-গোপন বিজন ঘরে;
যুদ্ধ শেষে রণক্লান্ত একাকী আমি
অর্থ নয় বিত্ত নয় সম্পদ সম্পত্তি নয় 
চেয়েছি নীল সুখ একরত্তি ।


লাল দুঃখ 

হাতের ওপর হাত রেখে
মাথা গুঁজে যে চোখ দুটোকে,
রক্তাক্ত লাল বর্ণের করে তুলেছিলে;
নিখোঁজ সেই চোখে আজও খুঁজছি আমায়।
মদিরা-শ্যাম্পেন নয় সুরাসক্তিও ছিল না মোটে,  রেটিনা ফুঁড়ে ইঞ্জেকশন সিরিঞ্জও পারেনি
লালিমালিপ্ত সে চক্ষুবর্ণ ফিরিয়ে দিতে।
গান্ধারীর মতো দুচোখে আমিও বেঁধেছি
ব্লাইন্ড ফোল্ডার, রূপে তোমায় ভোলাব না আর
ভালোবাসাও করি না ভিক্ষা; আঁচল শুধু 
ভরিয়ে তুলেছি লাল লাল দুঃখের 
চূর্ণ বিচূর্ণ নিউট্রন পজিট্রন কণায়।

🍂

কালো স্বপ্ন

কালো কালো অক্ষরের স্বপ্ন
নদীর কালো জল পেরিয়ে
চলেছে দূর থেকে আরো দূরে।
গল্পে গল্পে কালো মেঘের অক্ষররাজি
বিদ্যুতের চমকে কেঁপে উঠেছে বার বার।
আত্মপরিচয় থমকে দাঁড়িয়ে পড়ে 
ঝুল কালি মাখা ছোট্ট ঘরের প্রতীক্ষায়,
অথচ ছাড়পত্র নেই প্রবল ঝোড়ো হাওয়ার;
গদ্যকথাও মুখ লুকিয়ে থাকে ঘরের এককোণে।
সহজপাঠের সাদা কালো ছবির ঘুম ভাঙিয়ে
পূর্ব থেকে পশ্চিমে তাই জেগে থাকে 
বিপন্ন সভ্যতার ধূসর-কালো মানবের স্বপ্ন।

Post a Comment

0 Comments