জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ সুরজিৎ গুছাইত

গুচ্ছ কবিতা 

সুরজিৎ গুছাইত

 অপরিবর্তনীয় 

সব কিছুই পাল্টে যায়
ফিটন, ট্রাম, বাস, ট্যাক্সি
গতির স্রোতে ঢোকে মেট্রো 
টেলিফোন বদলে সেলুলার
স্যাটেলাইটে অহরহ পরিবর্তন। 
আষাঢ় হাঁপায় কাঠ ফাটা রৌদ্রে
পৌষ মাসে ঝরে কান্না 
সারা গা বেয়ে।
কত কিছুই পাল্টে যাচ্ছে। 
প্রতিনিয়ত, প্রতিদিন।
যা পাল্টায়না  তা হলো -
কবিতা- কবিতার জনপ্রিয়তা।



কিশোর

   আমরা তরুণ আমরা কিশোর 
     নয়তো কোথাও বন্দী রে,
 রক্তে ভেজা ঊষার পালক 
    ভাঙ্গি  সকল ফন্দি রে।

সাগর বুকে জোয়ার ওঠে
 জীবন মরণ সকল ভুলি,
ইচ্ছেডানায় ভর করে ভাই 
  ধরার বাগে তুফান তুলি।

  আমরা কিশোর আমরা আলো
            মুছব সকল অনাচার, 
ঘুচিয়ে যত নিকষ কালো
  ভাঙ্গতে পারি রুদ্ধ দ্বার। 

দেশের স্বার্থে জীবন দিয়ে 
রাখবো মোরা দেশের মান,
ফাঁসির দড়ি গলায় নিয়ে 
  কন্ঠে মোদের জয়ের গান। 

ভাঙ্গতে পারি ঘুঘুর বাসা
ভাঁওতাবাজের সুখের ঘর,
আমরা কিশোর, আমরা তাজা
   আনব নতুন প্রলয় ঝড়।

🍂


আবদার 

দুষ্টু পাখি ছোট্ট টুনি
  মেলেছ যে ডানা,
এদিক ওদিক ঘুরে বেড়াও 
কেউ করে কি মানা?
 
সই বানাবো তোমায় আমি
  অনেক দিনের আশা,
তাই তো কেবল খুঁজে বেড়াই 
  তোমার ছোট্ট বাসা।

ডানা মেলে উড়ে বেড়াও 
     প্রেমের অস্তরাগে,
দুচোখ ভরে স্বপ্ন সুখের 
      রঙিন ছবি আঁকে।

আমায় তুমি নিয়ে যাবে 
    সেথায় ভালোবেসে,
যেখানে সব নীল পরীরা 
ডানা মেলে ভাসে।


স্বাধীনতার স্বাদ 
  
  ছোট্ট পাখি দুষ্টু তুমি
     এসো আমার কাছে,
আদর মাখা সোনার খাঁচা 
  তোমার তরে আছে।

মা বলেছেন, কারো প্রাণে
  ব্যথা দিতে নাই,
তাইতো তোমায় খাঁচায় রেখে 
  ভালোবাসতে চাই। 

ছোট্ট পাখি দুলিয়ে মাথা
   জবাব দিল এর,
  মুক্ত আকাশ, মুক্ত আলো 
এইতো আমার ঢের। 

বনে বনে বেড়াই ঘুরে
  তরুলতায় ফিরি,
আকাশ মায়ের সোহাগ রসে 
   নিত্য বাঁচি মরি।


বাইশে শ্রাবণ 

সেদিনও মেঘ জমেছিল এতখানি
     শ্রাবণের বাইশে,
দেবতার বিদায় লেখা হল
   ইচ্ছামতীর দেশে।

জীবন খাতায় তোমারই গল্প 
      তোমারই উপন্যাস, 
তুমিই স্রষ্টা, তুমিই সৃষ্টি
       তোমাতেই সহবাস। 

শ্রাবণের ভোরে,তোমারই সুরে
         পূজার সিংহাসন, 
ফুলের মালা বাসি হলেও 
    আজ বাইশে শ্রাবণ।

Post a Comment

0 Comments